ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার রাতভর ভয়াবহ হামলা, ধ্বংস ১১০ কেভি সাবস্টেশন


ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার রাতভর ভয়াবহ হামলা, ধ্বংস ১১০ কেভি সাবস্টেশন

রাতভর বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। গত রাতে এই আক্রমণে কিয়েভ অঞ্চলের বেলায়া সেরকভ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জারেচিয়ে ১১০ কেভি’ বিদ্যুৎ সাবস্টেশনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সফল সামরিক অভিযানের বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেলায়া সেরকভ শহরের ১১০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রটি ইউক্রেনীয় সামরিক-শিল্প কমপ্লেক্সের কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হত। রুশ বাহিনীর নির্ভুল আঘাতে সাবস্টেশনটি অকেজো হয়ে যাওয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ অঞ্চলের পাশাপাশি দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলের কিলিয়া গ্রামে অবস্থিত ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি বিশাল জ্বালানি তেলের ট্যাংক বা ডিপোতে সরাসরি আঘাত হানা হয়েছে, যার ফলে বিপুল পরিমাণ সামরিক জ্বালানি ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন: উত্তর কোরিয়া কিভাবে গড়ে তুলেছে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী

রুশ বাহিনী ইউক্রেনের চারটি রেলওয়ে লোকোমোটিভ (ইঞ্জিন) আলাদা আলাদা হামলায় ধ্বংস করেছে, যা পশ্চিমা দেশগুলো থেকে আসা সমরাস্ত্র ও গোলাবারুদ রণাঙ্গনে পরিবহনের কাজে নিয়োজিত ছিল। দনিপ্রোপেত্রোভস্ক, ঝিতোমির এবং খারকিভ অঞ্চলে এসব হামলা চালানো হয়।

ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ‘ইউক্রেনারগো’ এবং জ্বালানি কোম্পানি ডিটেক স্বীকার করেছে যে, রুশ হামলার ফলে বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিয়েভ অঞ্চলের বুচা, ওবুখিভ এবং ফাস্টিভ জেলায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।

এদিকে, কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, বেলায়া সেরকভ শহরে রুশ ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গ্যারেজে ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতায় দুটি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে অন্তত তিনজন আহত হয়েছেন। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর মোট ১৬২টি ড্রোন নিক্ষেপ করেছিল, যার মধ্যে ১৪১টি তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, সামরিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনীয় ড্রোন হামলার কড়া জবাব হিসেবেই মস্কো এই বিধ্বংসী অভিযান পরিচালনা করেছে। প্রচণ্ড শীতের মুখে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তলানিতে নেমে আসায় জেলেনস্কি প্রশাসন এখন চরম মানবিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার দাবি, গত রাতে ইউক্রেনের ১ সহস্রাধিক ড্রোন ভূপাতিত

সূত্র: তাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওর নির্দেশনার পরও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


এমপিওর নির্দেশনার পরও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এমপিওভুক্তির নির্দেশনা জারি হওয়ার পরেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্ত করার জন্য দ্রুত গেজেট প্রকাশের দাবি তাদের। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আরও তিনটি দাবি তুলেছেন তাঁরা।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এরপর চার দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর পাঠান ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমন্বয় কমিটি’র নেতারা। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগও চেয়েছেন।

স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি এবং গেজেটও প্রকাশ করা হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

তাদের অভিযোগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে না। এ বৈষম্য দূর করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমপর্যায়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাস তুলে ধরে বলা হয়েছে, ১৯৭৮ সালের অধ্যাদেশের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া শুরু হয়। এরপর ১৯৯৪ সালে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্যোগের আওতায় ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদান পায়। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ অনুদানের ঘোষণা দেন। তখন প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক ৫০০ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছিল।

২০০১ সালে এসব প্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ ও উপবৃত্তি কার্যক্রম চালু হয়। তবে ২০১৩ সালে দেশের ২৬ হাজার ১৯টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ বা এমপিওভুক্তির বাইরে থেকে যায়।

শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে আন্দোলন করেও তারা প্রত্যাশিত সমাধান পাননি। ২০২৫ সালের ২৮ জানুয়ারি আন্দোলনের সময় সংশ্লিষ্ট এক কর্মকর্তা এক মাসের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আবারও আন্দোলনে নামতে হয় তাদের।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে আন্দোলনের পর ৩ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৬ জুন অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়। পরে ১০ নভেম্বর জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। এতসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও গেজেট প্রকাশ না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা কাটছে না।

চার দফা দাবি

শিক্ষকদের দাবিগুলো হলো—

১. ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত এমপিওভুক্ত করে গেজেট প্রকাশ।

২. ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

৩. জেলা ও উপজেলা পর্যায়ে ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক শিক্ষা অফিস স্থাপন।

৪. শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর পুলিশ ১৫ জনকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে রাত সাড়ে ৮টার দিকে গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল শুরু হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানিয়েছেন, তারা জানতে পারেন যে মিছিলটি গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অনুষ্ঠিত হবে। তাই পুলিশ সেখানে অবস্থান গ্রহণ করে। বিষয়টি বুঝতে পেরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে তারা মোটরসাইকেলে কয়েক মিনিট ঝটিকা মিছিল করে পালিয়ে যান।

তিনি আরও জানান, যেহেতু ওই নেতাকর্মীরা গোপালপুর থেকে হুজরাপুর গিয়েছিলেন, তাই পুলিশের ধারণা ছিল তারা আবার একই পথে ফিরবেন। এজন্য পুলিশ রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয়। মিছিল শেষে ওই ১৫ জন দুটি অটোরিকশায় ফিরছিলেন। তখন তাদের আটক করা হয়।

পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজনের বয়স ১৮ বছরের কম। প্রাপ্তবয়স্ক সাতজনের মধ্যে আছেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) এবং আসাদুল ইসলাম রুবেল (২০)। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়া ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় জেলা ও মহানগর পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


খুলনায় জেলা ও মহানগর পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার

খুলনা, ২৯ নভেম্বর, ২০২৬ : আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ ৩২ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ১৭ জনকে গ্রেফতার করেছে।

আজ রোববার খুলনা জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ৯টি থানার এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪০৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৯টি যানবাহন আটক করা হয়েছে।

অন্যদিকে, কেএমপি’র মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের ৮টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

কেএমপির অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ১ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ২ জন, পূর্বের মামলায় ৫ জন, সামারি ট্রায়ালে ২ জন এবং খুলনা মহানগর অধ্যাদেশে ২ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। একই সঙ্গে মহানগরীর যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে আজীবন বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে আজীবন বহিষ্কার

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌর ৮ নম্বর ওয়ার্ডের তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করার অভিযোগও রাজিব খান রানার বিরুদ্ধে আনা হয়েছে।

এছাড়া, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারণে দলের নাম ভাঙিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করার এবং সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি, ফলে তার প্রতিক্রিয়া বা মন্তব্য জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%