ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতিসংঘের জলবায়ুপ্রধান: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি


জাতিসংঘের জলবায়ুপ্রধান: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উল্লেখযোগ্য সম্ভাবনা সৃষ্টি করলেও এর মধ্যে অনেক ঝুঁকি বিদ্যমান রয়েছে।

সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এই বক্তব্য রাখেন।

এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে ‘আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার’ ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন: রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানাল ইরান

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল বলেন, ‘আমরা এমন এক প্রযুক্তিগত সময়ে পৌঁছেছি, যেখানে বিপুল সম্ভাবনার পাশাপাশি বড় ঝুঁকিও রয়েছে। এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো।’

তিনি আরও বলেন, ‘ভালো আগামীর প্রতিশ্রুতির বিনিময়ে আজ মানুষকে বেশি বিদ্যুৎ বিল, পরিবেশের আরও বেশি উষ্ণতা সৃষ্টিকারী দূষণ এবং গভীরতর বৈষম্য মেনে নিতে বলা যায় না। এআইয়ের সুফল অবশ্যই এর ক্রমবর্ধমান ব্যয়ের চেয়ে বেশি হতে হবে।’

এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করে। ফলে বিদ্যুতের বিল বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা আটক, বাংলাদেশে বিতাড়নের মুখে

স্টিল বলেন, ‘কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসতে হবে। বিশ্বের সম্মত জলবায়ু লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ব্যবসায়িক ও বিনিয়োগ পরিকল্পনা সাজাতে হবে।’ এ সময় তিনি ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান জানান।

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির আলোচনায় জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে। তবে এর মধ্যে কতটি দেশ এবং কতটি কোম্পানি রয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

কাচির বলেন, ‘আমাদের একই সঙ্গে এআইয়ের পরিবেশগত প্রভাব কমাতে হবে এবং শিল্পের আধুনিকায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার ও সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে এর সম্ভাবনা কাজে লাগাতে হবে।’

আরও পড়ুন: চীন ১৯ যাত্রীর বৈদ্যুতিক বিমান তৈরি করল, এক চার্জে যাবে ৪০০ কিমি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিঠিতে ইমরান খান: ‘শারীরিক অবস্থা খারাপ, জীবিত ফিরতে নাও পারি’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


চিঠিতে ইমরান খান: ‘শারীরিক অবস্থা খারাপ, জীবিত ফিরতে নাও পারি’

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশের তিনটি উচ্চ আদালতের প্রধান বিচারপতির কাছে নিজের এবং স্ত্রী বুশরা বিবির সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আবেদন করেছেন। সোমবার প্রকাশিত একটি খোলা চিঠিতে তিনি উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছেন, বর্তমান শারীরিক অবস্থায় তিনি হয়তো জীবিত ফিরতে পারবেন না।

ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট (এফসিসি), সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার। তিনি ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং ইমরানের নির্দেশে চিঠিটি বিচারপতিদের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান।

চিঠিতে ইমরান নিজের শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আদালতের পূর্বের নির্দেশনা বাস্তবায়ন এবং দুজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছেন।

ইমরান লিখেছেন, একসময় তিনি এমন হাসপাতাল নির্মাণে জীবন ব্যয় করেছেন, যেখানে চিকিৎসার সামর্থ্য নেই এমন মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ নিজের এবং স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।

চিঠিতে ইমরান দাবি করেছেন, আদিয়ালা কারাগারে তাকে দীর্ঘ সময় নির্জন প্রকোষ্ঠে রাখা হয়েছে। দিনে সর্বোচ্চ ২২ ঘণ্টা পর্যন্ত তাকে একা থাকতে হয়েছে। এই সময় পরিবার, আইনজীবী, এমনকি দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের ভাষ্য, কারাগারে এমন পরিস্থিতি তার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কারাগারের মেডিকেল বোর্ড তার উদ্বেগের বিষয়টি নথিভুক্ত করে স্ত্রী এবং পরিবারের সঙ্গে আরো বেশি যোগাযোগ, বই পড়া এবং টেলিভিশন দেখার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু সেই পরামর্শ কার্যকর করা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরো জানান, চলতি বছরে আইনজীবীর সঙ্গে মাত্র চারবার সাক্ষাতের সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে মাত্র একবার দেখা করতে পেরেছেন। এতে তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোতে আত্মপক্ষ সমর্থনের সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইমরানের দাবি, গত ১১ নভেম্বর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে পারেন, তার ডান চোখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। অথচ এ বিষয়ে তার পরিবার ও আইনজীবীকে আগে কিছু জানানো হয়নি।

চিঠিতে তিনি আরো অভিযোগ করেন, কারাগারে তাকে কেউ সালামের জবাব দেয় না। এমনকি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। তার মতে, তাকে অসুস্থ করে তোলা এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে।

বুশরা বিবির দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ

নিজের চেয়ে স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে চিঠিতে উল্লেখ করেছেন ইমরান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে জটিল অস্ত্রোপচার করা হলেও তাকে আবার নির্জন কারাবাসে পাঠানো হয়।

ইমরান বলেন, চলতি মাসে স্ত্রীর সঙ্গে দেখা করার সময় তিনি দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখ খুলতেও কষ্ট হচ্ছে। আরেকটি অস্ত্রোপচার না হলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইমরান।

বুশরা বিবির চিকিৎসাসংক্রান্ত নথি আটকে রাখা হয়েছে এবং তার পছন্দের চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন হয়নি

ইমরান জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, আদালতের নির্দেশ অনুযায়ী তাকে শিফা হাসপাতালে নেওয়ার পরিবর্তে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। পরে সেখান থেকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়। এ বিষয়ে তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের পথে ও বাইরে পিটিআই কর্মীদের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছিলেন। তবে পিটিআই এ অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করার অভিযোগ তোলে।

চিঠিতে ইমরান আরো জানান, নির্জন কারাবাসে তার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তার দাবি, রক্তচাপ ১৩০ থেকে বেড়ে ১৫০, এরপর ১৭০ এবং গত ১০ নভেম্বর ১৯২ ও ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকার কথা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইমরানের ভাষায়, ৭৪ বছর বয়সে এমন পরিস্থিতি তাঁকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।

২০২৩ সাল থেকে কারাগারে ইমরান

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। আর তার স্ত্রী বুশরা বিবিকে ২০২৫ সালের ১৭ জানুয়ারি আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। তোশাখানা-২ মামলায় দামি বুলগারি গয়নার সেট কম দামে কেনার অভিযোগে গত বছরের এক রায়ে ইমরান ও বুশরা দুজনকেই ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সৌদি যুবরাজ ২০২১ সালের মে মাসে সরকারি সফরের সময় ইমরানকে ওই গয়নার সেট উপহার দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্য সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও তার সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চিঠির শেষাংশে ইমরান বলেন, তিনি আদালতের কাছে কোনো বিশেষ সুবিধা চাইছেন না। তিনি শুধু সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আবেদন জানাচ্ছেন। বেঁচে থাকলেই তিনি নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বিচারপতিদের প্রতি মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক মামলায় আইনি লড়াই চালিয়ে গেলেও বিচারব্যবস্থা থেকে আর ন্যায়বিচার পাচ্ছেন না বলে তার মনে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


নেত্রকোণায় গণপ্রকৌশল দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণা, ১৬ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসটি পালিত হয়েছে। এটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মাধ্যমে উদযাপন করা হয়।

আজ সোমবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি জেলা প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে আইডিইবি জেলা শাখার সভাপতি এস এম মুসা সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইডিইবি নেত্রকোণা জেলা শাখার সভাপতি এস এম মুসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

এ সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী গিয়াসউদ্দিন আহমদ, আইডিইবি’র নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, "দেশের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই সমাজ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীরা অগ্রণী ভূমিকা পালন করছেন।" তারা আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে ৭ জন আহত, তিনজন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে ৭ জন আহত, তিনজন হাসপাতালে

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে ৭ জন নারী ও পুরুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক চৌধুরীপাড়া গ্রামে। সোমবার গ্রামবাসী শিয়ালটিকে মেরে ফেলতে সক্ষম হয়েছে।

জানা গেছে, রোববার ওই গ্রামের মোস্তাফিজের স্ত্রী জান্নাতুন (৩২) বাড়ির নিকটস্থ মাঠে ঘাস সংগ্রহের সময় একটি শিয়াল এসে তাকে কামড়ে আহত করে। একই দিনে ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের সেলিমের স্ত্রী রোজিনা (৪০), মান্নানের স্ত্রী কাজল রেখা (৪৪), নারায়ণের ছেলে তপন কুমার (৪০) এবং লোকালয়ে এসে জাহাঙ্গীরের ছেলে আমীর হামজাকে (০৫)। সোমবার সকালে ওই শিয়ালের কামড়ে আহত হন একই গ্রামের ফজলুর ছেলে মিলাদুন (২২) ও শামিমের ছেলে শান্ত (১৮)। পরে গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে হত্যা করে।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদুল ইসলাম আমার দেশকে জানান, শিয়ালের কামড়ে আহত ৭ জন ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা তাদেরকে দিয়েছি এবং জান্নাতুন, কাজল রেখা ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ আমার দেশকে বলেন, বন্যপ্রাণী সাধারণত পাগল হয়ে মানুষের উপর আক্রমণ করে থাকে। এছাড়া বর্তমানে বন-জঙ্গল কমে যাওয়ায় তাদের বাসস্থান ও খাদ্য ঘাটতি সৃষ্টি হওয়ায় তারা লোকালয়ে এসে মানুষের উপর আক্রমণ করে থাকে। তবে সকলকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই লেকে ২০ সাঁতারুর দাপট, সেরা ফয়সাল-মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


কাপ্তাই লেকে ২০ সাঁতারুর দাপট, সেরা ফয়সাল-মুক্তি

পাহাড়ঘেরা কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬। সোমবার সকালে রাঙামাটির কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা শেষ হয় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন পর্যটন অবতরণ ঘাটে। এতে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মো. ফয়সাল এবং নারী বিভাগে একই বাহিনীর মোছাম্মৎ মুক্তি খাতুন চ্যাম্পিয়ন হয়েছেন।
‎
‎বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ১৮ জন এবং স্বাগতিক রাঙামাটির দুজনসহ মোট ২০ জন সাঁতারু অংশ নেন।
‎
‎পুরুষ বিভাগে সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী বিভাগে ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন। পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। নারী বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার।
‎
‎প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি।
‎
‎অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ নৌবাহিনী, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎পরে শহীদ শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা সফলভাবে শেষ করা অন্য সাঁতারুদেরও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, পার্বত্য চট্টগ্রামের মাটি থেকে অসংখ্য প্রতিভাবান সাঁতারু উঠে এসেছে। এসব প্রতিভাবান সাঁতারু একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
‎
‎তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তুলতে নৌবাহিনী কাজ করছে। এ লক্ষ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ কর্মসূচির মাধ্যমে প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
‎
‎কাপ্তাই লেকে এমন আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাঙামাটির পর্যটন সম্ভাবনাও নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%