০৬:৫২ পি.এম
জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যোগদান করেছেন। তিনি গত ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
দলীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায় থেকে উঠে এসে কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং কূটনৈতিক অঙ্গনে দেশের স্বার্থরক্ষায় কাজ করার লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। পরবর্তীতে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
জাহাঙ্গীর হোসেনের রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। ছাত্ররাজনীতি থেকেই তিনি নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচনের লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। তবে পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও সিদ্ধান্তে তা প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন: মেয়েকে কাছে রাখা নিয়ে বিরোধ, কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
শিক্ষাজীবন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সাফল্য অর্জন করেছেন। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল'-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন। ইতোপূর্বে চীন সরকার কর্তৃক আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এবং সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন।
আন্তর্জাতিক অঙ্গনে কাজের পাশাপাশি দেশে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। বিগত এক যুগেরও বেশি সময় ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দেশ ও দলের পক্ষে কাজ করে আসছেন তিনি। চীনের সঙ্গে দলের পক্ষে কূটনৈতিক যোগাযোগ রক্ষার কারণে বিগত সরকারের আমলে তাকে গুম ও গ্রেপ্তারের মতো নির্যাতনের শিকার হতে হয়েছিল। পাশাপাশি নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লেখা এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে নিজের সাংগঠনিক ও কূটনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বেইজিং দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদানের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আরও পড়ুন: বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন