০৬:৩৪ পি.এম
চীনে নির্মিত ১৯ আসনের একটি বৈদ্যুতিক বিমান প্রথমবারের মতো পাইলট এবং পরীক্ষকসহ সফলভাবে আকাশে উড়াল দিয়েছে। এর আগে, বিমানটি চালকবিহীন অবস্থায় একাধিক পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছিল, কিন্তু এবারই প্রথম দুই পাইলট ও পরীক্ষক নিয়ে বিমানটি আকাশে উড়ল। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, একবার পূর্ণ চার্জে বিমানটি ৪০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।
শনিবার, চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের বিনঝৌ শহরে ১০ টন ওজনের বিমানটির এই পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। উড্ডয়নের পর বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে, এ সময় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
নির্মাতা দলের দাবি, পুরো পরীক্ষামূলক উড্ডয়ন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। উড্ডয়নের সময় বিমানের সব কার্যক্রম প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে এবং কোনো সমস্যা দেখা দেয়নি।
আরও পড়ুন: রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানাল ইরান
সিই-২৫এ নামের এই বৈদ্যুতিক বিমানটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক)। এটি প্রতিষ্ঠানটির তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। গত ২ ফেব্রুয়ারি বিমানটির প্রথম চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়েছিল। এখন পর্যন্ত বিমানটির ১৯টি চালকবিহীন পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে।
বিমানটি মূলত স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এতে একসঙ্গে ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই বিমানটি একবার চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
বিমানটির ডানার ওপর স্থাপন করা হয়েছে বিশেষ ধরনের বৈদ্যুতিক পাখা বা ফ্যান। এসব ফ্যানের সাহায্যেই বিমানটি চলাচল করবে। এর নকশা ও প্রযুক্তি উন্নয়নে কম্যাকের সঙ্গে কাজ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
এদিকে, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমতি পেতে প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করেছে বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করেছে। তবে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করার আগে বিমানটিকে আরও কয়েকটি পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে।
আরও পড়ুন: ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিমরা আটক, বাংলাদেশে বিতাড়নের মুখে
বিশেষজ্ঞদের মতে, সিই-২৫এ সফলভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়ে উঠলে স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি প্রচলিত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলে জ্বালানির ওপর নির্ভরতা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পথও তৈরি হতে পারে।
সূত্র: গ্লোবাল টাইমস
এআরবি
আরও পড়ুন: মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন