প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি প্রতিরোধের জন্য রপ্তানিকারকদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেছে। বিশেষভাবে, ই-মেইল বা ইলেকট্রনিক মাধ্যমে পাঠানো রপ্তানি দলিলের জালিয়াতি এবং অর্থ পরিশোধের নির্দেশনা পরিবর্তনের মাধ্যমে প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে ব্যবসায়িক যোগাযোগে সাইবার জালিয়াতির ঝুঁকি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশেষ করে, ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও দলিল আদান-প্রদানের ক্ষেত্রে রপ্তানি বাণিজ্যে এ ধরনের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। এই জালিয়াতির মধ্যে রপ্তানি দলিল পরিবর্তন এবং অর্থ পরিশোধের নির্দেশনা প্রতারণামূলকভাবে বদলে দেওয়া অন্তর্ভুক্ত।
এই পরিস্থিতিতে রপ্তানিকারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ অনুমোদনের আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি দলিল পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। দলিল পাঠানোর সময় নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার করা উচিত, যাতে মাঝপথে কেউ তথ্য আটকানো বা পরিবর্তন করতে না পারে।
এছাড়া, ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তন হলে তা যাচাই না করে কার্যকর করা যাবে না। এই ধরনের পরিবর্তনের সত্যতা প্রতিষ্ঠিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে স্বাধীনভাবে নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, সন্দেহজনক লিংক, অননুমোদিত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) জন্য করা অনুরোধ এড়িয়ে চলা উচিত। কোনো ধরনের সন্দেহজনক জালিয়াতি, অনুমতি ছাড়া অর্থ পরিশোধের নির্দেশনা পরিবর্তন অথবা রপ্তানি দলিল বিকৃতির ঘটনা শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার ব্যাংককে জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে উপযুক্ত যোগাযোগমাধ্যমে এসব সতর্কতামূলক নির্দেশনা রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন