০৬:৫২ পি.এম
মাগুরা সদর উপজেলার শ্যামল কুমার বিশ্বাস (৫৫) নামে এক ব্যবসায়ী ইজিবাইকের চাপায় মারা গেছেন। এই ঘটনায় ইজিবাইক চালকও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্যামল কুমার বিশ্বাস ওই এলাকার একজন বাসিন্দা ছিলেন। তিনি শত্রুজিৎপুর বাজারে কাঁচামালের ব্যবসা পরিচালনা করতেন।
আরও পড়ুন: রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ জন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল কুমার বিশ্বাস বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় শত্রুজিৎপুর বাজার এলাকায় একটি দ্রুতগামী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রিয়ব্রত বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শত্রুজিৎপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন