সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩০ পি.এম
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তের নাম এইচ এম জসিম উদ্দিন চাঁদ।
এ সময় তার কাছ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার পরিচালিত প্রতিষ্ঠান ‘চাঁদ ট্রাভেলস’ সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও সেটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা ধরনের প্রতারণা করে আসছিলেন তিনি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণা বন্ধে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া থেকে সতর্ক থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একাধিক উড়াল সড়কের নিচে নদীর তীরের বালুচরে ভোঁদড়ের একটি দল ছোটাছুটি ও খেলাধুলা করছে, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু খুব কম পথচারীই তাদের দেখতে সক্ষম হচ্ছেন।
শহরের বিভিন্ন স্থানে এখন নিয়মিতভাবে ছোট ছোট দলে ভোঁদড়ের দেখা মিলছে। একসময় মারাত্মক দূষণে বিপর্যস্ত ক্লাং নদীর তীরে তাদের বিচরণও লক্ষ্য করা যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি কুয়ালালামপুর থেকে জানায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ভোঁদড়ের এই প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে তারা শহরে নতুন করে ফিরে এসেছে, নাকি এতদিন মানুষের চোখের আড়ালে ছিল, এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে।
ভোঁদড়ের উপস্থিতি ক্লাং নদী পরিষ্কারের উদ্যোগের সফলতার আশা জাগিয়েছে। একই সঙ্গে নদীটির উন্নয়নে নতুন উৎসাহ জোগাচ্ছে।
একসময় ক্লাং নদী ছিল বিশ্বের অন্যতম দূষিত জলপথ। মালয়েশিয়ার নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে একে পঞ্চম শ্রেণির, অর্থাৎ মারাত্মক দূষিত নদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
বছরের পর বছর পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নদীটির অবস্থার উন্নতি ঘটেছে। বর্তমানে এটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, অর্থাৎ মাঝারি মাত্রায় দূষিত। মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, এই পরিবর্তনই ভোঁদড়ের ফিরে আসার পরিবেশ তৈরি করেছে।
তিনি বলেন, ‘যেখানে ভোঁদড় আছে, সেখানে মাছও আছে। আর যেখানে মাছ আছে, সেখানে বোঝা যায় পুরো নদীব্যবস্থা পরিষ্কার ও সুস্থ। আশপাশের সব জনগোষ্ঠীর জন্যও এটি ভালো। এ কারণেই ভোঁদড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ।’
সাম্প্রতিক বছরগুলোতে নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহাতে এবং উড়াল মেট্রো স্টেশনের সামনে সাঁতার কাটতে দেখা গেছে এসব প্রাণীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এসব দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
নদীর তীরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং ভোঁদড়ের কর্মকাণ্ড দেখতে পছন্দ করেন। তিনি বলেন, ‘ওদের বাচ্চাদের মতো সাঁতার কাটতে ও খেলাধুলা করতে দেখলে আমাদের খুব ভালো লাগে।’
‘ওদেরও বেঁচে থাকতে হবে’-
তবে প্রতিবেশী সিঙ্গাপুরের ভোঁদড়ের মতো কুয়ালালামপুরের ভোঁদড়দের ওপর নিয়মিত নজরদারি নেই। সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক এসব প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ফলে কুয়ালালামপুরের ভোঁদড় সম্পর্কে খুব কম তথ্যই জানা গেছে।
২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশিত হলে উ চি ইয়ং বিষয়টি জানতে পারেন। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন।
তিনি বলেন, ‘কতগুলো দল রয়েছে, তারা কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’
ভোঁদড়গুলো নতুন করে রাজধানীতে ফিরে এসেছে, নাকি আগে থেকেই শহরের কম দৃশ্যমান এলাকায় ছিল, সেই প্রশ্নও এখনো ‘রহস্য’ হয়ে রয়েছে।
এমওএন সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের একটি ব্যবস্থা চালু করতে চায়।
শহরের অন্যান্য এলাকাতেও ভোঁদড়ের দেখা মিলেছে। এর মধ্যে রয়েছে অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্ট। তবে সেখানে তাদের উপস্থিতি বাসিন্দাদের সকলের কাছে গ্রহণযোগ্য নয়।
গত এক বছরে অন্তত ১২টি বাড়িতে হানা দেওয়ার অভিযোগ উঠেছে ভোঁদড়ের বিরুদ্ধে। তাদের লক্ষ্য ছিল বাড়ির মাছের পুকুর।
৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুন জানান, ১৫ বছর ধরে যত্ন করে বড় করা তার প্রিয় ও দামি অ্যারোয়ানা মাছগুলো মেরে ফেলেছে ভোঁদড়।
তিনি বলেন, ‘ওরা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি ওদের দোষ দিতে পারি না। কারণ, আমাদের মতো ওদেরও বেঁচে থাকতে হবে।’
বাসিন্দাদের দাবি, গত বছর পাশের একটি বনভূমি নতুন আবাসন প্রকল্পের জন্য পরিষ্কার করতে শুরু করার পর থেকেই ভোঁদড়ের আনাগোনা বেড়েছে।
বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টান বলেন, ‘ওরা তাদের আবাসস্থল হারাচ্ছে। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।’
তিনি ভোঁদড়ের হামলাকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন।
ট্রপিকানা রিসোর্টের নিরাপত্তাকর্মীদের ধারণা, পাশের বনভূমিতে প্রায় ২৫টি ভোঁদড় রয়েছে। তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা শেখাতে আবাসন কর্তৃপক্ষ উ চি ইয়ংকে আমন্ত্রণ জানিয়েছে।
মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী। তাই উ চি ইয়ং বাসিন্দাদের বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরের ওপর বেড়া বা জাল বসানোর পরামর্শ দিয়েছেন।
‘সম্পদ হিসেবে ভোঁদড়’-
কুয়ালালামপুরের সাবেক মেয়র এবং বর্তমানে নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়কে একটি ‘সম্পদ’ হিসেবে দেখছেন বলে জানান।
তিনি বলেন, ‘ভোঁদড় পরিচ্ছন্ন শহরের অন্যতম মানদণ্ড।’
অন্যদের মতো তিনিও মনে করেন, ক্লাং নদীতে ভোঁদড়ের উপস্থিতি সম্পর্কে মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতাকে নদীটির আরও উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।
সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ বসানো হয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্র এরই মধ্যে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।
এখন নদীতে বর্জ্য প্রবেশ ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন মাইমুনাহ। পাশাপাশি ক্লাং নদীকে ২বি শ্রেণিতে উন্নীত করতে চান তিনি। এ শ্রেণির নদীর পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী।
তিনি বলেন, ‘একদিন আমি ক্লাং নদীতে সাঁতার কাটতে চাই।’
কমিউনিটি আর্কিটেক্ট এবং বার্ষিক ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি চান, নদীটির প্রাকৃতিক তীর ও পরিবেশ ফিরিয়ে আনা হোক। কংক্রিটের বাঁধ দিয়ে নদীর পাড় ঢেকে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক অবস্থায় রাখার পক্ষে তিনি।
তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় বন্যা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কংক্রিটের বাঁধ প্রয়োজন হতে পারে। তবে যেখানে সম্ভব, নদীকে যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত।’
বিশেষজ্ঞরা বলছেন, এতে ভোঁদড়েরও উপকার হবে। কারণ, আত্মগোপনের জন্য তাদের কিছু গাছপালা ও প্রাকৃতিক ফাঁকফোকর প্রয়োজন।
ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু বলেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে।
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শিক্ষকেরা সব সময় বলতেন, এই জায়গাটি খুবই অপরিচ্ছন্ন।’
কিন্তু এখন ভোঁদড়ের বিচরণ দেখে মনে হচ্ছে, ‘এটি আসলে একটি নদী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের সদস্যদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৩৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন।
এ সময় বিমান বাহিনী প্রধান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, "মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।"
তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাত্র তিনটি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিতে সমৃদ্ধ। বাহিনীর সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার কিছু বাস্তবায়নও হয়েছে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ঘাঁটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে একটি মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু ঘটে। তিনি মেয়ে-জামাইয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
এটি সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ঘটে।
ঘটনার পর মোটরসাইকেল চালক আব্দুর রাজ্জাক ও পিছনে বসা শাকিল নামে দুইজনকে পুলিশ আটক করেছে। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নিহত নারী নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে-জামাই এনামুল হকের বাড়িতে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং মেয়ে-জামাই এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, শাশুড়ি নুর বানু রোববার বিকেলে তার বাড়িতে বেড়াতে আসেন।
সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া সেরে বাড়িতে যাওয়ার জন্য বের হন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি পুনট কোল্ড স্টোরেজের সামনে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পাকা সড়কের ওপর পড়ে যান। পথচারীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে এসে জনতার হাতে আটক ওই দুজনকে থানায় নিয়ে যান। কালাই থানার ওসি সাইদুল আলম জানান, নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। ওই ঘটনায় জনতার হাতে আটক মোটরসাইকেল আরোহীসহ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৃষ্টির কারণে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম সেশন ভেস্তে গেছে। কর্তব্যরত আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্নবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
সেঞ্চুরিয়ন টেস্টের খেলা নির্ধারিত সময়ে মাঠে শুরু হয়নি বৃষ্টির জন্য। মাঠে এসে গা গরম করার সুযোগও পাননি ক্রিকেটাররা। টসও হয়নি নির্ধারিত সময়ে।
গত দুই ঘণ্টা ধরে বৃষ্টি থেমে থেমে চলছে। তবে বর্তমানে সেঞ্চুরিয়নে বৃষ্টি থেমেছে এবং রোদ উঠতে শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে রয়েছে। সিরিজ বাঁচাতে বাংলাদেশকে সেঞ্চুরিয়নে দ্বিতীয় এবং শেষ টেস্টে জিততেই হবে।
ম্যাচ শুরুর আগেই সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে উভয় দলকে নতুন পরিকল্পনা করতে হচ্ছে।
সেঞ্চুরিয়নে পেস বোলাররা সাধারণত বাড়তি সুবিধা পান। সকালের বৃষ্টির কারণে এই তেজি উইকেটে ব্যাটিং করা ব্যাটারদের জন্য এটি আরো কঠিন হয়ে দাঁড়াবে। এই ম্যাচে টস এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। টসে জয়ী দল বোলিং বেছে নিতে পারবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ