প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একাধিক উড়াল সড়কের নিচে নদীর তীরের বালুচরে ভোঁদড়ের একটি দল ছোটাছুটি ও খেলাধুলা করছে, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। কিন্তু খুব কম পথচারীই তাদের দেখতে সক্ষম হচ্ছেন।
শহরের বিভিন্ন স্থানে এখন নিয়মিতভাবে ছোট ছোট দলে ভোঁদড়ের দেখা মিলছে। একসময় মারাত্মক দূষণে বিপর্যস্ত ক্লাং নদীর তীরে তাদের বিচরণও লক্ষ্য করা যাচ্ছে।
বার্তা সংস্থা এএফপি কুয়ালালামপুর থেকে জানায়, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ভোঁদড়ের এই প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে তারা শহরে নতুন করে ফিরে এসেছে, নাকি এতদিন মানুষের চোখের আড়ালে ছিল, এ নিয়ে বিভিন্ন মতামত রয়েছে।
ভোঁদড়ের উপস্থিতি ক্লাং নদী পরিষ্কারের উদ্যোগের সফলতার আশা জাগিয়েছে। একই সঙ্গে নদীটির উন্নয়নে নতুন উৎসাহ জোগাচ্ছে।
একসময় ক্লাং নদী ছিল বিশ্বের অন্যতম দূষিত জলপথ। মালয়েশিয়ার নদীর দূষণমাত্রার শ্রেণিবিন্যাসে একে পঞ্চম শ্রেণির, অর্থাৎ মারাত্মক দূষিত নদী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
বছরের পর বছর পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নদীটির অবস্থার উন্নতি ঘটেছে। বর্তমানে এটি তৃতীয় শ্রেণিতে রয়েছে, অর্থাৎ মাঝারি মাত্রায় দূষিত। মালয়েশিয়ার বন্যপ্রাণী পরিবেশবিদ উ চি ইয়ং মনে করেন, এই পরিবর্তনই ভোঁদড়ের ফিরে আসার পরিবেশ তৈরি করেছে।
তিনি বলেন, ‘যেখানে ভোঁদড় আছে, সেখানে মাছও আছে। আর যেখানে মাছ আছে, সেখানে বোঝা যায় পুরো নদীব্যবস্থা পরিষ্কার ও সুস্থ। আশপাশের সব জনগোষ্ঠীর জন্যও এটি ভালো। এ কারণেই ভোঁদড়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ।’
সাম্প্রতিক বছরগুলোতে নদীর কংক্রিটের পাড়ে রোদ পোহাতে এবং উড়াল মেট্রো স্টেশনের সামনে সাঁতার কাটতে দেখা গেছে এসব প্রাণীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এসব দৃশ্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
নদীর তীরের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাসান উজাং ভোঁদড়ের কর্মকাণ্ড দেখতে পছন্দ করেন। তিনি বলেন, ‘ওদের বাচ্চাদের মতো সাঁতার কাটতে ও খেলাধুলা করতে দেখলে আমাদের খুব ভালো লাগে।’
‘ওদেরও বেঁচে থাকতে হবে’-
তবে প্রতিবেশী সিঙ্গাপুরের ভোঁদড়ের মতো কুয়ালালামপুরের ভোঁদড়দের ওপর নিয়মিত নজরদারি নেই। সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবী বিজ্ঞানীদের একটি নেটওয়ার্ক এসব প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করে। ফলে কুয়ালালামপুরের ভোঁদড় সম্পর্কে খুব কম তথ্যই জানা গেছে।
২০১৯ সালে স্থানীয় গণমাধ্যমে ভোঁদড় দেখার খবর প্রকাশিত হলে উ চি ইয়ং বিষয়টি জানতে পারেন। পরের বছর তিনি মালয়েশিয়ান অটার নেটওয়ার্ক (এমওএন) নামে একটি সংরক্ষণ সংগঠন প্রতিষ্ঠায় যুক্ত হন।
তিনি বলেন, ‘কতগুলো দল রয়েছে, তারা কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’
ভোঁদড়গুলো নতুন করে রাজধানীতে ফিরে এসেছে, নাকি আগে থেকেই শহরের কম দৃশ্যমান এলাকায় ছিল, সেই প্রশ্নও এখনো ‘রহস্য’ হয়ে রয়েছে।
এমওএন সাধারণ মানুষের অংশগ্রহণে ভোঁদড় দেখার তথ্য সংগ্রহের একটি ব্যবস্থা চালু করতে চায়।
শহরের অন্যান্য এলাকাতেও ভোঁদড়ের দেখা মিলেছে। এর মধ্যে রয়েছে অভিজাত আবাসিক এলাকা ট্রপিকানা গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্ট। তবে সেখানে তাদের উপস্থিতি বাসিন্দাদের সকলের কাছে গ্রহণযোগ্য নয়।
গত এক বছরে অন্তত ১২টি বাড়িতে হানা দেওয়ার অভিযোগ উঠেছে ভোঁদড়ের বিরুদ্ধে। তাদের লক্ষ্য ছিল বাড়ির মাছের পুকুর।
৮৯ বছর বয়সী বাসিন্দা ই সি মুন জানান, ১৫ বছর ধরে যত্ন করে বড় করা তার প্রিয় ও দামি অ্যারোয়ানা মাছগুলো মেরে ফেলেছে ভোঁদড়।
তিনি বলেন, ‘ওরা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি ওদের দোষ দিতে পারি না। কারণ, আমাদের মতো ওদেরও বেঁচে থাকতে হবে।’
বাসিন্দাদের দাবি, গত বছর পাশের একটি বনভূমি নতুন আবাসন প্রকল্পের জন্য পরিষ্কার করতে শুরু করার পর থেকেই ভোঁদড়ের আনাগোনা বেড়েছে।
বাসিন্দাদের সমিতির সভাপতি জয় আপ্পুকুট্টান বলেন, ‘ওরা তাদের আবাসস্থল হারাচ্ছে। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।’
তিনি ভোঁদড়ের হামলাকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন।
ট্রপিকানা রিসোর্টের নিরাপত্তাকর্মীদের ধারণা, পাশের বনভূমিতে প্রায় ২৫টি ভোঁদড় রয়েছে। তাদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা শেখাতে আবাসন কর্তৃপক্ষ উ চি ইয়ংকে আমন্ত্রণ জানিয়েছে।
মালয়েশিয়ায় ভোঁদড় সংরক্ষিত প্রাণী। তাই উ চি ইয়ং বাসিন্দাদের বাড়ির প্রবেশপথ বন্ধ রাখা এবং মাছের পুকুরের ওপর বেড়া বা জাল বসানোর পরামর্শ দিয়েছেন।
‘সম্পদ হিসেবে ভোঁদড়’-
কুয়ালালামপুরের সাবেক মেয়র এবং বর্তমানে নগরীর টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা মাইমুনাহ মোহাম্মদ শরিফ ভোঁদড়কে একটি ‘সম্পদ’ হিসেবে দেখছেন বলে জানান।
তিনি বলেন, ‘ভোঁদড় পরিচ্ছন্ন শহরের অন্যতম মানদণ্ড।’
অন্যদের মতো তিনিও মনে করেন, ক্লাং নদীতে ভোঁদড়ের উপস্থিতি সম্পর্কে মানুষের মধ্যে বাড়তে থাকা সচেতনতাকে নদীটির আরও উন্নয়নে কাজে লাগানো যেতে পারে।
সরকারের ‘রিভার অব লাইফ’ প্রকল্পের আওতায় নদীতে আবর্জনা আটকাতে শত শত ফাঁদ বসানো হয়েছে। এ ছাড়া নেদারল্যান্ডসের একটি বেসরকারি সংস্থার স্থাপন করা সৌরবিদ্যুৎচালিত বর্জ্য সংগ্রহযন্ত্র এরই মধ্যে হাজার হাজার টন বর্জ্য সংগ্রহ করেছে।
এখন নদীতে বর্জ্য প্রবেশ ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন মাইমুনাহ। পাশাপাশি ক্লাং নদীকে ২বি শ্রেণিতে উন্নীত করতে চান তিনি। এ শ্রেণির নদীর পানি মানুষের সংস্পর্শে আসার উপযোগী।
তিনি বলেন, ‘একদিন আমি ক্লাং নদীতে সাঁতার কাটতে চাই।’
কমিউনিটি আর্কিটেক্ট এবং বার্ষিক ক্লাং রিভার ফেস্টিভ্যালের সহ-আয়োজক স্কারলেট কুন সি কি চান, নদীটির প্রাকৃতিক তীর ও পরিবেশ ফিরিয়ে আনা হোক। কংক্রিটের বাঁধ দিয়ে নদীর পাড় ঢেকে দেওয়ার পরিবর্তে প্রাকৃতিক অবস্থায় রাখার পক্ষে তিনি।
তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় বন্যা নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কংক্রিটের বাঁধ প্রয়োজন হতে পারে। তবে যেখানে সম্ভব, নদীকে যতটা সম্ভব প্রাকৃতিক অবস্থায় রাখা উচিত।’
বিশেষজ্ঞরা বলছেন, এতে ভোঁদড়েরও উপকার হবে। কারণ, আত্মগোপনের জন্য তাদের কিছু গাছপালা ও প্রাকৃতিক ফাঁকফোকর প্রয়োজন।
ক্লাং রিভার ফেস্টিভ্যালের আয়োজক ফেইথ ফু বলেন, ভোঁদড়ের উপস্থিতি নদী সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে।
শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শিক্ষকেরা সব সময় বলতেন, এই জায়গাটি খুবই অপরিচ্ছন্ন।’
কিন্তু এখন ভোঁদড়ের বিচরণ দেখে মনে হচ্ছে, ‘এটি আসলে একটি নদী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন