মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০২:৪০ পি.এম
গত জুন মাসে লন্ডনের একটি নাইটক্লাবে ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ইংল্যান্ডের ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছিলেন রাগবি খেলোয়াড় তোতোয়া আওভা। একটি পৃথক ঘটনার পর ক্লাব সারাসেন্স আওভাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
চেলসির রেক্স রুমস নাইটক্লাবে ইংল্যান্ডের নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে ঘুষি মারেন আওভা। তবে তার মূল লক্ষ্য ছিলেন গাস অ্যাটকিনসন। এই সংঘর্ষের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দলে অ্যাটকিনসন ও টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে সাময়িকভাবে নিষিদ্ধ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই সময় নাইটক্লাবে উপস্থিত ছিলেন স্টোকসও। তাদের আচরণ নিয়ে বোর্ড তদন্ত শুরু করে।
স্বাধীন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং ইসিবির নিজস্ব তদন্তে দুজনকেই দোষমুক্ত ঘোষণা করা হয়। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্তে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে, ইসিবির তদন্তে বলা হয়, দুজনই তাদের চুক্তির নির্দিষ্ট কিছু শর্ত ভঙ্গ করলেও সহিংস আচরণের জন্য কাউকে দায়ী করা সম্ভব হয়নি।
স্টোকস একাধিকবার ইঙ্গিত করেছেন, ওই ঘটনা এবং ইসিবির ভূমিকা তার ওপর প্রভাব ফেলেছিল। ওই মাসের শেষে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি।
ঘটনার সময় ২১ বছর বয়সী আওভার পাশে সারাসেন্স প্রকাশ্যে দাঁড়িয়ে ছিল। তারা তদন্ত দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়ে ইসিবির ভূমিকার সমালোচনা করেছিল। ইংল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার ও সারাসেন্সে আওভার সতীর্থ জেমি জর্জ তখন তাকে বর্ণনা করেছিলেন, ‘হেডলাইটের আলোয় দিশেহারা খরগোশের মতো’, যিনি ‘এই মুহূর্তে ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছেন না’ বলে মন্তব্য করেছিলেন।
তবে চলতি সপ্তাহান্তে সেন্ট অ্যালবানসে এক ব্যক্তিকে ঘুষি মারার অভিযোগ ওঠার পর ক্লাবটি আওভাকে বরখাস্ত করে।
সোমবার (১২ অক্টোবর) সকালে সারাসেন্স জানায়, তাদের একাডেমির এক খেলোয়াড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ‘পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত’ করা হবে। পরে ওই দিনই ক্লাবটি নিশ্চিত করে, আওভা ‘অবিলম্বে ক্লাব ছেড়েছেন’।
এক বিবৃতিতে সারাসেন্স জানায়, ‘সারাসেন্স নিশ্চিত করছে যে সিনিয়র পুরুষ দলের একাডেমির সদস্য তোতোয়া আওভা অবিলম্বে ক্লাব ছেড়েছেন। চলতি সপ্তাহান্তের একটি ঘটনার পর ক্লাবের সিদ্ধান্ত, তার আচরণ সারাসেন্সের প্রতিনিধিত্বকারী প্রত্যেকের কাছ থেকে মাঠের ভেতরে ও বাইরে যে মান প্রত্যাশা করা হয়, তা পূরণ করতে পারেনি। সমর্থক, তরুণ এবং অংশীদারদের প্রতি আমাদের দায়িত্ব আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করি। পুরো ক্লাবজুড়ে প্রত্যাশিত আচরণবিধি বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকার ও প্রশাসন বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, এটি সরকারের স্পষ্ট অবস্থান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শাহে আলম উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য এবং সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকার স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো কলঙ্ক নিতে রাজি নয়। নির্বাচন কমিশনকে উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এই অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত সরকারের রয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে, যদি সম্ভব হয়, তাহলে আরও কোনো তারিখ নির্ধারণ করে জুনের মধ্যে সব নির্বাচন শেষ করার ব্যবস্থা করা হোক। নির্বাচনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। যদি নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে বাজেট পরবর্তী অর্থবছরে চলে যাবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনই সঠিক উত্তর দিতে পারবে। জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছি।
৭ নভেম্বর গ্রাম পুলিশ মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
আগামী ৭ নভেম্বর বেলা সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলনের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ এই সমাবেশে অংশগ্রহণ করবেন।
মীর শাহে আলম জানান, আইন দ্বারা প্রতিষ্ঠিত বিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গ্রাম পুলিশ কার্যক্রম পরিচালিত হয়। আইনগতভাবে তাদের ক্ষমতা, বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে। সমাবেশে তাদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে চাওয়া হবে এবং সেগুলো সমাধানের বিষয়টি দেখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সন্দেহের কারণে ঘুমন্ত সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী আব্দুল মান্নান মনির ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে এ হত্যার দায় স্বীকার করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সন্দেহ এবং পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। সোমবার (১২ অক্টোবর) গভীর রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী নিশি ঘুমিয়ে পড়লে মনির তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যা করেন। এরপর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে হত্যার কথা জানান। পরে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই সময় অভিযুক্ত স্বামী মনিরকেও আটক করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযুক্ত স্বামী মনির স্ত্রীকে হত্যার কথা নিজেই স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক মনিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কার্যক্রম চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি হেনস্তার চেষ্টা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) একটি বিবৃতিতে তিনি মন্তব্য করেন, "জেএফকে বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।"
বিবৃতিতে এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন যে, জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার পরও দলের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে কোনো পরিবর্তন আসেনি এবং তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার লক্ষণও দেখা যাচ্ছে না।
নাহিদ ইসলাম বলেন, "দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম-খুনে জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে রায় কার্যকর করতে হবে। পাশাপাশি গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করা প্রয়োজন।"
তিনি আরও দাবি করেন যে, জাতির সংকটকালে দেশ পরিচালনা ও গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা রাখা অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার একটি স্কুলে শাসন করার কারণে এক শিক্ষককে গাছের ডাল দিয়ে আক্রমণ করে আহত করেছে সপ্তম শ্রেণির এক ছাত্র। এই ঘটনার পর অভিযুক্ত ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া নগরীর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এই ঘটনা ঘটে।
আহত রায়হান বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তথ্য অনুযায়ী, স্কুল ছুটির পর বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক রায়হান ইসলাম মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল অভিযুক্ত শিক্ষার্থী। শিক্ষক সেখানে পৌঁছানোর পর, গাড়ি থামানোর আগেই গাছের ডাল দিয়ে তার মুখ ও ঘাড়ে আক্রমণ করে এবং দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে এবং তার ঘাড়েও গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীকে আজ সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ