০৭:৩১ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন এবং এরপর সেখান থেকে সড়ক পথে খুলনা যাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হয়রত খান জাহান আলী(রহ.) মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করার পর সড়ক পথে প্রধানমন্ত্রী খুলনা যাবেন।
আরও পড়ুন: যুব উন্নয়ন প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণ কম হওয়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর অসন্তোষ
খুলনা স্টেডিয়ামে নুতন কুঁড়ি স্পোর্টস(সিজন-২) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করছে।
এদিকে, খুলনায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা উৎফুল্ল হয়ে উঠেছেন। পুরো শহরকে পরিচ্ছন্ন করা হয়েছে।
জেলা স্টেডিয়াম ও তার আশ-পাশের সড়ক নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর রং-বেরংয়ের ব্যানার-ফেষ্টুন দিয়ে সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে।
এসব গ্রাফিতিতে খুলনার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার প্রভৃতির প্রতিকৃতি।
আরও পড়ুন: দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী
সরজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো সব তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। এবারই প্রথম সরকার প্রধানের আগমনে যত্রযত্র তোরণ, ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে খুলনা মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা আসছেন, তাই মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টি নন্দন করা হয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় আছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন