ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

এনভিডিয়ার ভারপ্রাপ্ত সিইও হলেন অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস


এনভিডিয়ার ভারপ্রাপ্ত সিইও হলেন অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস

এনভিডিয়ার অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস, যিনি প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বড় পরিকল্পনা ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতেন, তাকে সাময়িকভাবে কম্পানির প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বছরের পর বছর ধরে হুয়াংয়ের সিদ্ধান্ত যাচাই করেছেন। বৃহস্পতিবার, বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন এমন দুজন ব্যক্তি।

৫৯ বছর বয়সী ক্রেসের হাতে এখন এনভিডিয়ার নেতৃত্বের দায়িত্ব। জেনসেন হুয়াং বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তিনি প্রায় তিন দশক আগে এনভিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন এবং এতদিন প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছিলেন। তার বিদায়ের পর নতুন নেতৃত্বের পথে হাঁটছে এনভিডিয়া, যা প্রতিষ্ঠাতার ছাড়া প্রথম নেতৃত্ব পরিবর্তনের মুখোমুখি হচ্ছে।

দুই সূত্র জানিয়েছে, হুয়াংয়ের সঙ্গে মতবিরোধ থাকা সত্ত্বেও ক্রেস তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ওপর প্রভাব ফেলতেন। হুয়াংয়ের সাফল্যের কারণে বড় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রেস অনেক বেশি স্বাধীনতা পেয়েছিলেন।

আরও পড়ুন: মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসরাইলের সমালোচক ক্রিস

একটি সূত্র জানিয়েছে, বিপুল অঙ্কের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ চুক্তি নিয়ে হুয়াং এবং কম্পানির বিক্রয় বিভাগের সঙ্গে ক্রেস ও তার দলের মতবিরোধ ছিল। এসব চুক্তির মাধ্যমে একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হচ্ছিল, যা ওয়াল স্ট্রিটের কিছু সমালোচক নিজেদের মধ্যে অর্থ লেনদেনের চক্র বলে মনে করেন। এসব বিনিয়োগের মধ্যে ওপেনএআই ও ল্যাম্বডার মতো এআই অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

ওহাইওতে ওপেনএআইয়ের একটি তথ্যকেন্দ্র প্রকল্পে সহায়তার জন্য ২৫ হাজার কোটি ডলারের পরিকল্পনা করা হয়েছিল, যা পরে কমিয়ে ১২ হাজার কোটি ডলারে আনা হয়। ভেঞ্চার ক্যাপিটাল খাতের একজন বিনিয়োগকারী ও এ বিষয়ে জানেন এমন আরেক ব্যক্তি বলেন, ‘আমার মনে হয়, জেনসেন ছাড়া আর কেউ নিজের গ্রাহকদের পেছনে এত বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে এতটা আগ্রহী হবেন না।’ তিনি আরো বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের প্রস্তাব দিতে এনভিডিয়াকে উৎসাহিত করেছিলেন হুয়াং।

ক্রেসকে চেনেন এমন ব্যক্তিরা তাকে হুয়াংয়ের বিপরীতে শান্ত ও স্থির স্বভাবের কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছেন। হুয়াংকে প্রায়ই আক্রমণাত্মক আচরণ করতে দেখা যেত। ২০১৩ সালে এনভিডিয়ায় যোগদান করার আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ বিষয়ে জানেন এমন চতুর্থ এক ব্যক্তি বলেন, ‘কোলেট একজন বাস্তববাদী মানুষ।’ তার মতে, স্থায়ী প্রধান নির্বাহী খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ক্রেস তার শান্ত স্বভাব দিয়ে পরিস্থিতি সামলাতে পারবেন, যা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

কম্পানির ভেতরে অস্থিরতার সময় সাম্প্রতিক কয়েকটি ফোনালাপেও অংশ নেন ক্রেস। গ্রাহক ও সরবরাহকারীদের আশ্বস্ত করার জন্য এসব ফোনালাপ করা হয়েছিল বলে জানান ওই ব্যক্তি। তার মতে, ক্রেসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অন্য প্রযুক্তি কম্পানিগুলোর পথ অনুসরণ করতে পারে এনভিডিয়া। অর্থাৎ, সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করবে প্রতিষ্ঠানটি। হুয়াংয়ের সময় রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়ানোর যে প্রবণতা ছিল, তা থেকেও সরে আসতে পারে কম্পানিটি।

আরও পড়ুন: গাজায় শীতের তীব্রতায় বিপর্যস্ত শিশুরা, লাখো মানুষের সাহায্য প্রয়োজন

তবে রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক বিনিয়োগকারী, বিশ্লেষক ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন, একজন অর্থ বিভাগের প্রধান কি সেই প্রযুক্তিগত ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারবেন, যার কারণে এনভিডিয়া এআই চিপ তৈরির শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে? মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল স্যাগ বলেন, ‘বাজারকে শান্ত রাখতে ক্রেসকে সাময়িক দায়িত্ব দেওয়া যুক্তিসংগত। তবে আমার মনে হয় না, এনভিডিয়ার বর্তমান অগ্রগতি ধরে রাখতে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্ব দরকার, তিনি সেই ব্যক্তি।’

বৃহস্পতিবার হুয়াংয়ের পদত্যাগের ঘোষণা আসার পর এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ শতাংশ কমে যায়। এটি প্রায় ১৬ মাসের মধ্যে শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল। তবে পরে দরপতনের গতি কিছুটা কমে আসে। দিন শেষে শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে লেনদেন শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ এম


ইরানে ফের হামলা, গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আবারও হামলার ঘটনা ঘটেছে ইরানে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির নিকটবর্তী হরমোজগান প্রদেশের এই শহরটি।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সূত্রে একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে আল জাজিরা ।

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীদের পরিচয় এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ‘শত্রুপক্ষ’ এই হামলা চালিয়েছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে ইরনার প্রতিবেদনে সিরিক শহরে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলাটি সামরিক প্রকৃতির ছিল। তবে এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

এদিকে, ইরনার হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়ে গেছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ইরনা’র তথ্য অনুযায়ী, হামলাটি ঘটেছে প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগে (গভীর রাতে)। তবে হামলাকারীদের পরিচয়, লক্ষ্যবস্তু এবং হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি।

ইরানের কর্মকর্তারা প্রায়ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে কিছু সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটতে পারে।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগানোর জন্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ, পেশাদার ও সেবামুখী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পর্যটন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার দিনব্যাপী এক কর্মসূচিতে পর্যটন বিশেষজ্ঞরা এই গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলওর ন্যাশনাল প্রগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম।

প্রধান অতিথি ড. নূরুন্নাহার চৌধুরী মন্তব্য করেন, দেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে রূপ দিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার ব্যবধান দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ড. চৌধুরী আরও উল্লেখ করেন, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ শুধুমাত্র হোটেল ও রিসোর্ট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। বিমান চলাচল, ট্যুর পরিচালনা, ট্রাভেল এজেন্সি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ডিজিটাল পর্যটন, বিপণন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও তাদের কাজের সুযোগ রয়েছে।

তিনি শিক্ষার্থীদের জন্য যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা, ডিজিটাল সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত নৈতিকতা জোরদারের আহ্বান জানান।

ড. নূরুন্নাহার চৌধুরী পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের বিকশিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের জমা দেওয়া জীবন-বৃত্তান্তের যথাযথ পরবর্তী কার্যক্রম নিশ্চিত করা এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে তাদের যোগাযোগের ব্যবস্থা করার আহ্বান জানান।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুকী বলেন, পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক শিক্ষার্থী এ খাতের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে যথেষ্ট অবগত নন। অন্যদিকে, নিয়োগদাতাদের প্রত্যাশা ও স্নাতকদের দক্ষতার মধ্যে একটি ব্যবধান বিদ্যমান।

ফারুকী আরও বলেন, এ ব্যবধান কমাতে এবং শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ সহজতর করতে এ অনুষ্ঠান একটি ব্যবহারিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠিত সংযোগগুলোর কার্যকারিতা এবং সৃষ্ট কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগের ওপর এ কর্মসূচির সাফল্য নির্ভর করবে।

‘পর্যটন শিল্পে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা (টিএইচএম) শিক্ষার্থীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগ উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানটি আইএলওর ‘জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিদের এতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত চ্যালেঞ্জ ও পেশাগত উন্নয়ন নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা হয়।

আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল হোটেল বিক্রয় ও বিপণন, খাদ্য ও পানীয় সেবা, ট্যুর গাইডিং ও পরিচালনা, টিকিটিং ও রিজার্ভেশন, নারী উদ্যোক্তাদের সুযোগ ও চ্যালেঞ্জ, বিমান পরিবহন খাতে কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন, ফ্রন্ট ডেস্ক পরিচালনা এবং হাউসকিপিং।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, সাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড, অটার্কি ট্যুরস লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং শেরাটন ঢাকার অভিজ্ঞ পেশাজীবী ও প্রতিনিধিরা এ অধিবেশনে আমন্ত্রিত ছিলেন।

বক্তারা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তিগত দক্ষতা, ভাষাগত পারদর্শিতা, পেশাগত আচরণ ও উদ্ভাবনী চিন্তা-ভাবনার গুরুত্ব তুলে ধরেন।

তারা নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা এবং পর্যটন খাতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন।

বিটিবি জানায়, এ ধরনের উদ্যোগ শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের ব্যবধান কমাতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং তরুণদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে বয়সসীমায় নতুন সংশোধন আনল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


স্কুলে ভর্তিতে বয়সসীমায় নতুন সংশোধন আনল সরকার

সরকার শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমায় একটি নতুন সংশোধন এনেছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি এবং বেসরকারি স্কুলে ভর্তির জন্য একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের স্কুলের ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করেছে।

সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে শিক্ষার্থীর বয়স অবশ্যই সাত বছরের কম হতে হবে। এই ক্ষেত্রে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা প্রদান করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্তে সব জেলায় গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৩ এম


আ. লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্তে সব জেলায় গণশুনানি করবে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, অপহরণ, ক্রসফায়ার এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তে দেশের প্রতিটি জেলায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও চিফ প্রসিকিউটর কার্যালয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গণশুনানির মাধ্যমে এসব অপরাধ চিহ্নিত করে বিচারের উদ্যোগ নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর হত্যা মামলার শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

জেলা পর্যায়ে তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন এজেন্সি যৌথভাবে প্রতিটি জেলায় সরেজমিন পরিদর্শন করবে। সেখানে গণশুনানি নিয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো চিহ্নিত করা হবে।’

তিনি আরো বলেন, প্রয়োজনে অভিযুক্তদের তাত্ক্ষণিক আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গণশুনানিতে যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তাহলে অপরাধীদের ঘটনাস্থল থেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

চিহ্নিত অভিযোগ ও ঘটনাগুলোর তদন্ত শেষে ট্রাইব্যুনালে এনে বিচার শুরুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%