প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা কাজে লাগানোর জন্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ, পেশাদার ও সেবামুখী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পর্যটন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার দিনব্যাপী এক কর্মসূচিতে পর্যটন বিশেষজ্ঞরা এই গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলওর ন্যাশনাল প্রগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম।
প্রধান অতিথি ড. নূরুন্নাহার চৌধুরী মন্তব্য করেন, দেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে রূপ দিতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার ব্যবধান দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ড. চৌধুরী আরও উল্লেখ করেন, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ শুধুমাত্র হোটেল ও রিসোর্ট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। বিমান চলাচল, ট্যুর পরিচালনা, ট্রাভেল এজেন্সি, অনুষ্ঠান ব্যবস্থাপনা, ডিজিটাল পর্যটন, বিপণন ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও তাদের কাজের সুযোগ রয়েছে।
তিনি শিক্ষার্থীদের জন্য যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা, ডিজিটাল সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত নৈতিকতা জোরদারের আহ্বান জানান।
ড. নূরুন্নাহার চৌধুরী পর্যটন খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং তরুণ উদ্যোক্তাদের বিকশিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের জমা দেওয়া জীবন-বৃত্তান্তের যথাযথ পরবর্তী কার্যক্রম নিশ্চিত করা এবং সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে তাদের যোগাযোগের ব্যবস্থা করার আহ্বান জানান।
বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারুকী বলেন, পর্যটন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্প খাত ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক শিক্ষার্থী এ খাতের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে যথেষ্ট অবগত নন। অন্যদিকে, নিয়োগদাতাদের প্রত্যাশা ও স্নাতকদের দক্ষতার মধ্যে একটি ব্যবধান বিদ্যমান।
ফারুকী আরও বলেন, এ ব্যবধান কমাতে এবং শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ সহজতর করতে এ অনুষ্ঠান একটি ব্যবহারিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠিত সংযোগগুলোর কার্যকারিতা এবং সৃষ্ট কর্মসংস্থান, ইন্টার্নশিপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগের ওপর এ কর্মসূচির সাফল্য নির্ভর করবে।
‘পর্যটন শিল্পে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা (টিএইচএম) শিক্ষার্থীদের পেশা ও কর্মসংস্থানের সুযোগ উন্মোচন’ শীর্ষক অনুষ্ঠানটি আইএলওর ‘জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (প্রোগ্রেস)’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, সাম্প্রতিক স্নাতক এবং শিক্ষক প্রতিনিধিদের এতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন খাতের নিয়োগদাতাদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং পছন্দের কর্মক্ষেত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ। সরাসরি উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য অনলাইনে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।
পর্যটন ও আতিথেয়তা শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত চ্যালেঞ্জ ও পেশাগত উন্নয়ন নিয়ে সাতটি বিষয়ভিত্তিক আলোচনা হয়।
আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল হোটেল বিক্রয় ও বিপণন, খাদ্য ও পানীয় সেবা, ট্যুর গাইডিং ও পরিচালনা, টিকিটিং ও রিজার্ভেশন, নারী উদ্যোক্তাদের সুযোগ ও চ্যালেঞ্জ, বিমান পরিবহন খাতে কর্মসংস্থান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন, ফ্রন্ট ডেস্ক পরিচালনা এবং হাউসকিপিং।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড, সাবর ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড, অটার্কি ট্যুরস লিমিটেড, ইউএস-বাংলা এয়ারলাইনস, ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং শেরাটন ঢাকার অভিজ্ঞ পেশাজীবী ও প্রতিনিধিরা এ অধিবেশনে আমন্ত্রিত ছিলেন।
বক্তারা অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, প্রযুক্তিগত দক্ষতা, ভাষাগত পারদর্শিতা, পেশাগত আচরণ ও উদ্ভাবনী চিন্তা-ভাবনার গুরুত্ব তুলে ধরেন।
তারা নারী ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা এবং পর্যটন খাতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন।
বিটিবি জানায়, এ ধরনের উদ্যোগ শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের ব্যবধান কমাতে, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং তরুণদের জন্য শোভন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন