০১:২৭ পি.এম
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি হাওরে নৌকা ডুবে যাওয়া ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই ঘটনায় এখন পর্যন্ত আরো তিনজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৯টার সময় উপজেলার মাইয়ার হাওরের তীরবর্তী এলাকার এ দুর্ঘটনা ঘটেছে।
শনিবার (১ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ অভিযানে অরুণ কুমার দাস (৫৪) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
নিখোঁজ থাকা বাকি তিনজন হলেন: উপজেলার ভবানীপুর গ্রামের অধীর দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান দেখে কয়েকজন গ্রামবাসী একটি ছোট নৌকায় করে ভবানীপুর গ্রামে ফিরছিলেন। তবে বৈরী আবহাওয়া, ঝড়োবাতাস এবং অতিরিক্ত যাত্রী বহন করায় মাইয়ার হাওরের তীরবর্তী এলাকায় এসে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতের কারণে চারজন পানির তলায় তলিয়ে যায়।
শনিবার সকালে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয় থানার পুলিশ যৌথভাবে হাওরে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। অভিযানের একপর্যায়ে অরুণ কুমার দাসের মরদেহ উদ্ধার করা হয়। অন্য তিনজনকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলা এবং অস্বাভাবিক ঝড়োবাতাসের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন