বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০০ পি.এম
গত ১০ বছরে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ মোট ৮৪ হাজার ২ কোটি ৫৭ লাখ টাকা আয় করেছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের (কক্সবাজার-৩) লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ১৯ লাখ ২৫ হাজার মেট্রিক টন কাঁচা পাট রফতানি করে ১২ হাজার ৬১২ কোটি ৭ লাখ টাকা আয় করেছে।
তিনি বলেন, একই সময়ে ৭০ লাখ ৬৯ হাজার মেট্রিক টন পাটজাত পণ্য রফতানি করে বাংলাদেশ ৭১ হাজার ৩৯০ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে।
মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করছে। এর মধ্যে কাঁচা পাট ৩০টি দেশে এবং পাটজাত পণ্য ১৩৮টি দেশে রপ্তানি হচ্ছে।
তবে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে উৎপাদিত পাট বিদেশে রফতানি স্থগিত রয়েছে।’
তিনি জানান, বাংলাদেশ চীন, ইরান, স্পেন, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, পোল্যান্ড, ভিয়েতনাম, নেপাল, তিউনিসিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, লাটভিয়া, মেক্সিকো ও সৌদি আরবসহ প্রায় ১৩৬টি দেশে কাঁচা পাট ও পাটজাত পণ্য রফতানি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী শিক্ষা বোর্ডে গভীর রাত পর্যন্ত খাতা মূল্যায়ন নিয়ে ওঠা বিতর্কের ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রচলিত বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফল পুনঃনিরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হয়। সম্প্রতি পুনঃনিরীক্ষণ কার্যক্রম নিয়ে বিভিন্ন ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার ও প্রকাশ হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড একটি জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা থাকায় এবং আবেদনের সংখ্যা তুলনামূলকভাবে অধিক হওয়ায় ও শিক্ষাবর্ষের কথা চিন্তা করে পরীক্ষা সংক্রান্ত, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা জরুরি প্রশাসনিক কার্যক্রম প্রয়োজনবোধে অফিস সময়ের পরেও অব্যাহত রাখা এ বোর্ডের একটি নিয়মিত ও রুটিন কাজের অংশ। জরুরি ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলার স্বার্থে রাতের বেলায় বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোনো শিক্ষার্থী যেন ভুল মূল্যায়নের কারণে ক্ষতিগ্রস্ত না হয় বিষয়টি নিশ্চিত করাই বোর্ডের অন্যতম প্রধান দায়িত্ব।
এতে আরও বলা হয়, রাতের বেলায় চলমান এই জরুরি ও রুটিনভিত্তিক প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে অন্য কোনো বিশেষ প্রেক্ষাপটে বা ভিন্নভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একইসাথে রাজশাহী শিক্ষা বোর্ড সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় বদ্ধপরিকর। রাজশাহী শিক্ষা বোর্ড শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সর্বসাধারণকে কোনো ধরনের গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন চর যমুনা ৫ নং ওয়ার্ডে বন্দোবস্তকৃত জমি নিয়ে বিরোধের জেরে এক বিধবা অসহায় নারী ও তার ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বাবুল গংদের বিরুদ্ধে।
এ ঘটনায় বাবুল নামের এক ব্যক্তি,তার স্ত্রীসহ কয়েকজন নারী ও পুরুষের বিরুদ্ধে দুলার হাট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী জসিমের অভিযোগ করে বলেন। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।এ সময় তার বিধবা মাকে বাবুলের স্ত্রীসহ কয়েকজন নারী টেনেহিঁচড়ে কাদার মধ্যে ফেলে বেধড়ক মারধর করার সময়,আমি মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাকেও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় নুরুল হক,মোস্তফা, ইসমাইল, রুহুল আমিন, আমির, মাসুদ ও ফারুকসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন। তাদের সঙ্গে অভিযুক্তদের পরিবারের কয়েকজন নারীও ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি,হামলাকারীরা দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এতে বিধবা মা ও তার ছেলে উভয়েই আহত হন বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী জসিম আরো জানান,জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় এর আগেও ২০২২ সালে মামলা করা হয়েছিল। মামলাটি সিআইডিতে তদন্তাধীন ছিল বলে তিনি দাবি করেন। পরবর্তীতে তারা বন্দোবস্তের মাধ্যমে জমি পেয়েছেন বলেও জানান তিনি।
তবে সম্প্রতি ওই জমি নিয়ে আবারও বিরোধ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ জসিমের। তার দাবি, কয়েকদিন আগে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলামিন তাকে কিছু কাগজে স্বাক্ষর করতে বলেন। কী কারণে স্বাক্ষর করতে হবে, তা তিনি বুঝতে না পারায় স্বাক্ষর করতে আপত্তি জানান।
জসিমের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে তাকে সকালে থানায় আসতে বলা হয় এবং বিকেলে দুইজনকে সঙ্গে নিয়ে থানায় বসার কথা বলা হয়েছিল। কিন্তু এরই মধ্যে সকালে তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার চেষ্টা এবং জমি সংক্রান্ত বিষয়ে চাপ প্রয়োগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী জসিম বলেন, “আমি একজন দিনমজুর অসহায় মানুষ,আমার মাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। আমি মাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। জমির কাগজে কেন স্বাক্ষর করতে হবে, সেটা না বুঝে আমি স্বাক্ষর করতে চাইনি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
স্থানীয়দের দাবি, বন্দোবস্ত জমি নিয়ে বিরোধের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা ও কাগজপত্র যাচাই করা প্রয়োজন। পাশাপাশি একজন বিধবা নারী ও তার ছেলেকে মারধরের অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।
এবিষয়ে অভিযুক্ত বাবুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে রাগান্বিত হয়ে ফোন কেটে দেন,পরে পুনরায় তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করার কারণে তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি ইয়াসিন আলামিন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ঘরের মাঠে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে রাখা হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক ও ডেভিড মিলারকে।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডান-হাতি পেসার জেরাল্ড কোয়েৎজি। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে খেলেছেন তিনি। একই বছর ওয়ানডেতে অভিষেকের পর ১৪ ম্যাচে ৩১ উইকেট শিকার করেন কোয়েৎজি।
ইনজুরি থেকে এখনও সুস্থ হয়ে উঠতে না পারায় দলে রাখা হয়নি পেসার কাগিসো রাবাদাকে। কোয়েৎজির সাথে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে থাকছেন মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কেওয়েনা মাফাকা ও অটনিল বার্টম্যান। দলে স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ ও বিয়র্ন ফোরটান।
সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না ব্যাটার আইডেন মার্করাম। শেষ দুই ম্যাচে পাওয়া যাবে তাকে। ডারবানে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়া সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটান, মার্কো জানসেন, কেশব মহারাজ, কেওয়ানা মাফাকা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের পোল্ট্রি খাতকে কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও উন্নত করার জন্য ডিম-মাংসের উৎপাদন বৃদ্ধি করে দামকে যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বুধবার, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পোল্ট্রিখাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানের নিশ্চয়তাও জরুরি। তিনি বলেন, খামারিরা যেন তাদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো মানের ডিম ও মাংস কেনার সুযোগ নিশ্চিত করতে হবে। ডিম ও মুরগির মাংসের উৎপাদন বৃদ্ধি পেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পোল্ট্রিখাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা উচিত এবং ডিম, মাংস ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পোল্ট্রি ফিডের মান নিশ্চিত করতে হবে। কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে পোল্ট্রিখাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, খাতের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা জানার জন্য মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা আবশ্যক। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর সভাপতি মাহবুবুর রহমান, এফআইএবি-এর সিনিয়র সহ-সভাপতি মো. আহসানউজ্জামান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ ব্রান্স (ডব্লিউপিএসএ-বিবি) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, বিপিআইসিসি-এর সচিব এ. টি. এম. মোস্তফা কামাল এবং নরিশ-এর পরিচালক রফিকুল ইসলাম বাবু)-সহ পোল্ট্রি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ