মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৩৮ এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মীর দ্বারা। এ সময় তারা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা ভোগান্তিতে পড়েন।
এ ঘটনা ঘটে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল রাফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
পরে আল রাফি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিক্ষোভের ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি উপজেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে।
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি বছরের মার্চ মাসের পর অক্টোবরে চীন সর্বাধিক তেল আমদানি করেছে। তবে, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে দেশটির অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ১৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে এই তথ্য প্রকাশিত হয়েছে। মঙ্গলবার চীনের সরকারি তথ্যের ভিত্তিতে এ চিত্র উঠে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হিসেবে পরিচিত। অক্টোবরে দেশটি ৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা প্রতিদিনের হিসাবে ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল। চীনের শুল্ক প্রশাসনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে দৈনিক তেল আমদানি ৯ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অক্টোবরে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি এবং অন্যান্য পরিশোধিত তেলজাত পণ্যের রপ্তানিও কমেছে। এ মাসে রপ্তানির পরিমাণ ছিল ৫১ লাখ ৮০ হাজার টন, যা সেপ্টেম্বরে ছিল ৭১ লাখ ৬০ হাজার টন। তবে, গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে রপ্তানি ১৪ দশমিক ৬ শতাংশ বেশি ছিল।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের পরিশোধিত তেলজাত পণ্যের মোট রপ্তানি হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম। অন্যদিকে, অক্টোবরে চীনের তেলজাত পণ্যের আমদানি বেড়েছে। এ মাসে আমদানির পরিমাণ ছিল ৩১ লাখ ৫০ হাজার টন, যা সেপ্টেম্বরে ছিল ১৮ লাখ ৫০ হাজার টন।
তবে, চলতি বছরের প্রথম ১০ মাসে এসব পণ্যের মোট আমদানি কমেছে। এ সময় চীন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার টন তেলজাত পণ্য আমদানি করেছে, যেখানে গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ৪১ লাখ ৯০ হাজার টন।
এদিকে, অক্টোবরে চীনের প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পাইপলাইনের মাধ্যমে আনা গ্যাস মিলিয়ে এ মাসে দেশটি ১ কোটি ১ লাখ ১০ হাজার টন গ্যাস আমদানি করেছে।
তবে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের মোট প্রাকৃতিক গ্যাস আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। এ ১০ মাসে দেশটি মোট ৯ কোটি ৯২ লাখ ২০ হাজার মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সবুজ পাতার মাঝে হালকা নীলচে বেগুনির পাপড়ি দেখা যায়। পাপড়ির মাঝের অংশে নীলের ছোপ রয়েছে। সেই ছোপের কেন্দ্রে আবার হলুদের ছোপ দেখা যায়। যখন নীল, বেগুনি এবং হলুদ রঙের কচুরিপানার ফুলে জলাশয় ছেয়ে যায়, তখন এটি জলরঙে আঁকা একটি চিত্রকর্মের মতো মনে হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন খাল, বিল, এবং ডোবার সৌন্দর্য প্রকৃতি নিজেই তৈরি করেছে। তীব্র গরমের মধ্যেও প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন জলাশয় পরিদর্শন করার সময় কচুরিপানা ফুলের মনোরম দৃশ্য চোখে পড়ে। পাশের পথ দিয়ে যাওয়া অনেকেই থমকে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছেন। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ আবার ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করছেন নিজেদের।
কচুরিপানা হল একটি বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, যা মুক্তভাবে ভাসমান। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ছয় পাপড়ির ফুল ফোটে। দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর এবং নিচু জলাশয়ে জন্মায়। একসময় জলাশয় দখল করে বেড়ে ওঠা এই উদ্ভিদ ফুল ফোটার মৌসুমে গ্রামীণ প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে। ফুলটি শিশুদের কাছে আকর্ষণীয়।
সৌন্দর্যের পাশাপাশি কচুরিপানার রয়েছে বিভিন্ন ব্যবহারিক দিক। এটি দিয়ে জৈব সার প্রস্তুত করা হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষের প্রচলন রয়েছে। এছাড়া শুকিয়ে জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও এটি ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত বংশবিস্তারের কারণে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ এবং পানিপ্রবাহ ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মুমিন জানান, "এলাকার প্রায় সব জলাশয়েই এখন কচুরিপানা ফুল ফুটেছে। জলাশয় পরিষ্কারের সময় কচুরিপানা তুলে রোদে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গবাদি পশুর খাদ্য হিসেবেও এর ব্যবহার রয়েছে।"
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. দেলোয়ার হোসেন মন্তব্য করেন, "একসঙ্গে এত ফুল ফোটায় এর সৌন্দর্য সত্যিই অন্য রকম। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষকে আকৃষ্ট করে।"
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, "চিকিৎসকরা বলছেন, কচুরিপানা দেখতে আকর্ষণীয় হলেও এটি সরাসরি মানুষের খাবার হিসেবে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে অপরিষ্কার জলাশয়ে বেড়ে ওঠা কচুরিপানায় জীবাণু, পরজীবী এবং বিভিন্ন দূষিত পদার্থ থাকতে পারে। তাই কচুরিপানা স্বাস্থ্যের জন্য উপকারী-এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবার হিসেবে গ্রহণ করা নিরাপদ নয়।"
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, "আমাদের দেশে আবাদি জমি থেকে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে। জমিতে ৫ শতাংশ জৈব পদার্থ থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে ১ শতাংশেরও কম।"
কৃষি কর্মকর্তা আরও বলেন, "জলাবদ্ধ এলাকার কচুরিপানা ব্যবহার করে পরিবেশবান্ধব নিরাপদ সবজি এবং মসলা উৎপাদন করা হলে তাতে পুষ্টির যোগান হবে, পাশাপাশি পচা কচুরিপানা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বাড়ানো সম্ভব হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তরা আবারও থেমে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাই পৌরশহরের যাত্রাবাড়ী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
খবর পাওয়ার পর ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় টানা পাঁচ রাতে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর আগে শনিবার রাতে লুৎফর রহমানের অভিযোগে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের শরীফবাগ আফাজ উদ্দিন কলেজের সামনে একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। তিনি সোমবার রাতে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় থেমে থাকা একটি বাসে এবং বৃহস্পতিবার রাতে ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় মেরামতাধীন আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভস্মীভূত হওয়া চারটি বাসই পোশাক কারখানায় শ্রমিক বহনের কাজে ব্যবহৃত হত।
ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে হামজা ব্রাদার্স নামের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, এটি নাশকতামূলক অগ্নিসংযোগের ঘটনা।
চারটি বাসের মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বাসের আয় দিয়ে সংসার চালাতেন। বর্তমানে তাদের আয়ের কোনো উৎস নেই।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘বাসে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক কালাচাঁদ বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের ভেতরে থাকা চালক গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ