প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সবুজ পাতার মাঝে হালকা নীলচে বেগুনির পাপড়ি দেখা যায়। পাপড়ির মাঝের অংশে নীলের ছোপ রয়েছে। সেই ছোপের কেন্দ্রে আবার হলুদের ছোপ দেখা যায়। যখন নীল, বেগুনি এবং হলুদ রঙের কচুরিপানার ফুলে জলাশয় ছেয়ে যায়, তখন এটি জলরঙে আঁকা একটি চিত্রকর্মের মতো মনে হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জের বিভিন্ন খাল, বিল, এবং ডোবার সৌন্দর্য প্রকৃতি নিজেই তৈরি করেছে। তীব্র গরমের মধ্যেও প্রকৃতির এই সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন জলাশয় পরিদর্শন করার সময় কচুরিপানা ফুলের মনোরম দৃশ্য চোখে পড়ে। পাশের পথ দিয়ে যাওয়া অনেকেই থমকে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছেন। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ আবার ফুলের সঙ্গে ক্যামেরাবন্দি করছেন নিজেদের।
কচুরিপানা হল একটি বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, যা মুক্তভাবে ভাসমান। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। চকচকে সবুজ পাতার মাঝখান থেকে লম্বা ডাঁটায় গুচ্ছাকারে ছয় পাপড়ির ফুল ফোটে। দ্রুত বংশবিস্তার করতে সক্ষম এই উদ্ভিদ সাধারণত খাল, বিল, পুকুর এবং নিচু জলাশয়ে জন্মায়। একসময় জলাশয় দখল করে বেড়ে ওঠা এই উদ্ভিদ ফুল ফোটার মৌসুমে গ্রামীণ প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করে। ফুলটি শিশুদের কাছে আকর্ষণীয়।
সৌন্দর্যের পাশাপাশি কচুরিপানার রয়েছে বিভিন্ন ব্যবহারিক দিক। এটি দিয়ে জৈব সার প্রস্তুত করা হয়। বন্যাপ্রবণ এলাকায় কচুরিপানার ভাসমান স্তর ব্যবহার করে সবজি চাষের প্রচলন রয়েছে। এছাড়া শুকিয়ে জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও এটি ব্যবহার করা হয়। তবে অতিরিক্ত বংশবিস্তারের কারণে জলাশয়ের স্বাভাবিক পরিবেশ এবং পানিপ্রবাহ ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মুমিন জানান, "এলাকার প্রায় সব জলাশয়েই এখন কচুরিপানা ফুল ফুটেছে। জলাশয় পরিষ্কারের সময় কচুরিপানা তুলে রোদে শুকিয়ে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। গবাদি পশুর খাদ্য হিসেবেও এর ব্যবহার রয়েছে।"
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. দেলোয়ার হোসেন মন্তব্য করেন, "একসঙ্গে এত ফুল ফোটায় এর সৌন্দর্য সত্যিই অন্য রকম। ফুলের পাপড়ির নকশা ও রঙের বৈচিত্র্য সহজেই মানুষকে আকৃষ্ট করে।"
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকুর আহমেদ বলেন, "চিকিৎসকরা বলছেন, কচুরিপানা দেখতে আকর্ষণীয় হলেও এটি সরাসরি মানুষের খাবার হিসেবে গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে অপরিষ্কার জলাশয়ে বেড়ে ওঠা কচুরিপানায় জীবাণু, পরজীবী এবং বিভিন্ন দূষিত পদার্থ থাকতে পারে। তাই কচুরিপানা স্বাস্থ্যের জন্য উপকারী-এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাবার হিসেবে গ্রহণ করা নিরাপদ নয়।"
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুল ইসলাম বলেন, "আমাদের দেশে আবাদি জমি থেকে বছরে দুই থেকে তিনবার ফসল উৎপাদন করা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করে। জমিতে ৫ শতাংশ জৈব পদার্থ থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে ১ শতাংশেরও কম।"
কৃষি কর্মকর্তা আরও বলেন, "জলাবদ্ধ এলাকার কচুরিপানা ব্যবহার করে পরিবেশবান্ধব নিরাপদ সবজি এবং মসলা উৎপাদন করা হলে তাতে পুষ্টির যোগান হবে, পাশাপাশি পচা কচুরিপানা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বাড়ানো সম্ভব হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন