মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৯ এম
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা ও সমালোচনা চলছে। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি এবং ক্লু নিয়ে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। গুঞ্জন ছিল যে, পারশা ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন। অবশেষে সেই গুঞ্জনটি সত্যি হলো।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসাদ নূর নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবরটি নিজেই জানান। তিনি বিয়েটি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন।
আসাদ নূর জানান, তারা পরিকল্পিতভাবে বিষয়টি গোপন রেখেছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝা ছিল তাদের উদ্দেশ্য। এজন্য তারা পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত প্রকাশ করেছিলেন। ছবি আড়াল করেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন তারা।
লাইভ সম্প্রচারে আসাদ নূর সমালোচকদের উদ্দেশে বলেন, তারা বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি আগ্রহের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন। ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।
পারশার পরিবার এবং তার বেড়ে ওঠা নিয়েও আসাদ নূর কথা বলেন। তিনি জানান, পারশা পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়েও আসাদ নূর কথা বলেন। তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো দলের কাছ থেকেও তিনি অর্থ বা অনুদান নেননি। এছাড়া জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন। আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন বলে উল্লেখ করেন আসাদ নূর। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান তিনি।
সবশেষে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। তিনি নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেড় দশকেরও বেশি সময় পর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসটি যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হলো। আওয়ামী লীগ এবং বামপন্থি বুদ্ধিজীবীরা এই দিনটিকে সামরিক অভ্যুত্থান বা ক্ষমতা দখলের দিন হিসেবে উপস্থাপন করে আসছেন। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন এই দিনের সঙ্গে যে জড়িত ছিল, তা অনেকাংশে ভুলিয়ে দেওয়া হয়েছে। বামপন্থিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম ৭ নভেম্বরের মহানায়ক জিয়াউর রহমানকে ইতিহাসের খলনায়ক হিসেবে চিত্রিত করেছে, যেখানে খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরকে জাতীয় বীর হিসেবে তুলে ধরা হয়েছে। যদিও খালেদ মোশাররফ এবং কর্নেল তাহেরের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে।
কর্নেল তাহেরের উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক বিপ্লবী রাষ্ট্র গঠন করা। অন্যদিকে, খালেদ মোশাররফ ছিলেন একটি উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তা, যিনি ক্ষমতা দখলের জন্য মরিয়া ছিলেন। তার আদর্শিক কোনো লক্ষ্য ছিল না। ভারতপন্থি হিসেবে পরিচিত খালেদ মোশাররফ মুজিব হত্যার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সঙ্গে আপস করে তাদের বিদেশে পাঠিয়েছিলেন এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার সময় ৩ নভেম্বর জেলহত্যার ঘটনাও ঘটে। জিয়াউর রহমানের প্রতি প্রতিশোধপরায়ণ মানসিকতা থেকে আওয়ামী লীগ এবং বামপন্থিরা খালেদ মোশাররফকে একজন বীর হিসেবে উপস্থাপন করেছে।
জিয়াউর রহমানকে কলঙ্কিত করার ইতিহাস প্রকল্পের অংশ হিসেবে গণপ্রত্যাখ্যাত বাম ও ভারতপন্থি বুদ্ধিজীবীরা একসঙ্গে তার চরিত্র হননের কাজ করে চলেছেন। নতুন প্রজন্মের কাছে এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসিনার দেড় দশকের শাসনামলে ৭ নভেম্বর নিয়ে দেশের বুদ্ধিজীবীরা বিকৃত ইতিহাসচর্চায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন।
বামপন্থিরা দাবি করেন, জিয়াউর রহমানকে জাসদ বা বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা উদ্ধার করেছিলেন। পরবর্তী সময়ে জিয়াউর রহমান জাসদ এবং তাহেরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু সে সময়ের সেনা কর্মকর্তারা বলছেন, জিয়াউর রহমানকে উদ্ধার করেছিলেন টু ফিল্ড রেজিমেন্টের সৈনিক ও কর্মকর্তারা। এ কাজে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন লেফট্যানেন্ট কর্নেল এ কে এম মহিউদ্দীন, যাকে শেখ হাসিনা পরবর্তী সময়ে মুজিব হত্যা মামলায় ফাঁসি দিয়েছিলেন। ফোর বেঙ্গলও জিয়াউর রহমানকে উদ্ধারের চেষ্টা করেছিল। ওই দুটি ব্যাটালিয়নের সদস্যরা তাকে অন্য কোথাও যেতে দেননি। টু ফিল্ড তাকে আগেই উদ্ধার করে নিয়ে আসে।
বিবিসির প্রখ্যাত সাংবাদিক সিরাজুর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে বেগম খালেদা জিয়া সেদিনের ঘটনার বিবরণ দিয়েছিলেন। সেখান থেকেও ধারণা পাওয়া যায়, জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সদস্যরা নন, সাধারণ সৈনিকরাই জিয়াউর রহমানকে উদ্ধার করেছিলেন।
বেগম খালেদা জিয়া বলেন, “৭ তারিখ রাতে—রাত প্রায় ১২টার সময় থেকে একটু একটু গোলাগুলির শব্দ হচ্ছিল। ব্যাপারটা কী, বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ গোলাগুলি চলার পর আমরা শুনতে পারলাম, কতগুলো স্লোগান হচ্ছে—‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’Ñএ রকম স্লোগান হচ্ছে। আস্তে আস্তে সেটি বাড়তে লাগল। একপর্যায়ে দেখলাম, সবাই এদিকে আসছে, আমাদের বাসার দিকে আসছে। আমার গেট বন্ধ ছিল। সে গেটটা একদম ভেঙে ফেলার মতো অবস্থা। শেষ পর্যন্ত গেটটা ভেঙেই ফেলল। আমাদের সামনের দরজা ভেঙে সবাই হুড়মুড় করে বাসায় ঢুকে বলল, ‘স্যার কোথায়?’ আমার স্বামী তখন বেরিয়ে এলেন, ওদের সঙ্গে কথা বললেন। তারপর তারা তাকে কাঁধে তুলে নিয়ে চলে গেল। তার নামে স্লোগান দিচ্ছিল তারা। আর ‘নারায়ে তাকবির’। তাকে তারা জোর করে, একদম যে অবস্থায় ছিলেন, সেভাবেই তুলে নিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, ‘কোথায় তোমরা তাকে তুলে নিয়ে যাচ্ছো?’ তারা বলল, ‘আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তাকে নিয়ে যাচ্ছি, তিনি ভালো থাকবেন।’”
কতক্ষণ পরে এসে তার ইউনিফর্ম নিয়ে গেল তারা। তারা বলল যে আমার স্বামী আর্টিলারি রেজিমেন্টে আছেন। সারাদিন তিনি ওখানেই ছিলেন। মাঝে কতক্ষণ পরপর লোকজন আসে, খবর দেয় তিনি ভালো আছেন। এ রকমভাবেই চলল কয়েক দিন। (সিরাজুর রহমান/ ইতিহাস কথা কয় ও নির্বাচিত রাজনৈতিক প্রবন্ধ)
কর্নেল তাহের কথিত বিপ্লবী সরকার গঠনের লক্ষ্যে জিয়াউর রহমানকে ক্ষমতা দখলের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। সেনাবাহিনীতে শ্রেণিসংগ্রামের রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে তিনি অনেক আগে থেকেই চেইন অব কমান্ড ভেঙে ফেলার চেষ্টা করেন। কর্নেল তাহেরের বিভ্রান্ত রাজনীতির অনুসারী সৈনিকরা সেদিন ‘সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারের রক্ত চাই। সিপাহি জনতা ভাই ভাই, অফিসারদের রক্ত চাই’Ñযে স্লোগান দিয়েছিলেন, তা ছিল এই রাজনীতিরই অংশ।
তিনি বিশ্বাস করতেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্র ভেঙে ফেলতে হবে। তার কর্মপরিকল্পনা ছিল, বিপ্লবী সৈনিকরা চরমপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে মিলে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। নৈরাজ্যবাদী প্রক্রিয়ায় ক্ষমতা দখলের অংশ হিসেবে তারা জিয়াউর রহমানকে ব্যবহার করার উদ্দেশ্যে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনার চেষ্টা করেন।
পেশাদার সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ঠিকই বুঝেছিলেন, সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে কথিত বিপ্লবী সরকার গঠনের চেষ্টা শুধু সেনাবাহিনীকে ধ্বংস করবে না, দেশের সার্বভৌমত্ব রক্ষাও অসম্ভব করে তুলবে।
৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের উত্থান না হলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতো, তা এখন নতুন করে আলোচনার বিষয়। সে সময় পাল্টাপাল্টি ক্যু কিংবা গৃহযুদ্ধের মাধ্যমে অনেক দেশে বামপন্থিরা ক্ষমতা দখলের চেষ্টা চালিয়েছেন। কর্নেল তাহেরও একই ধরনের পরিকল্পনা নিয়েছিলেন। নৈরাজ্যবাদী কৌশলে কর্নেল তাহের ক্ষমতা দখলের কাছাকাছি চলে গিয়েছিলেন। এ সময় আমরা ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো দেশগুলোতে একই প্রক্রিয়ায় ক্ষমতা দখলের চিত্র দেখেছি। তাহের গ্রাম থেকে লোক এনে শহর দখলের পরিকল্পনাও নিয়েছিলেন।
হাসিনার শাসনামলে মুজিবপ্রেমীরা হঠাৎ করেই কর্নেল তাহেরের প্রেমে পড়ে যান। অথচ তাহের ছিলেন মুজিবের কঠোর বিরোধী। তার লাশ দাফন-কাফনের পরিবর্তে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন তিনি।
কর্নেল তাহেরের এই বিপ্লবের পরিকল্পনা সফল হলে তিনি আরেকজন পলপট হিসেবে আবির্ভূত হতেন। পলপট বিংশ শতাব্দীর অন্যতম কুখ্যাত একনায়ক হিসেবে পরিচিত। কম্বোডিয়ার উগ্র কমিউনিস্ট রাজনৈতিক গোষ্ঠী খেমার রুজের এই শীর্ষ নেতা তার শাসনামলে (১৯৭৫-৭৯) আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নৃশংসতম অধ্যায় রচনা করেছিলেন। মৃত্যুদণ্ড, অনাহার, রোগব্যাধি ও জোরপূর্বক শ্রমের কারণে প্রায় ২০ লাখ মানুষ প্রাণ হারান।
খালেদ মোশাররফের উচ্চাভিলাষের করুণ পরিণতি এবং কর্নেল তাহেরের বিপ্লবী সরকার গঠনের প্রচেষ্টার ব্যর্থতার মধ্য দিয়ে সিপাহি-জনতার ঐক্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয়। জিয়াউর রহমান ও তার সঙ্গীরা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন, এ দেশ যদি বামপন্থি রাজনীতির পরীক্ষাগারে পরিণত হয়, তাহলে অনিবার্যভাবে গৃহযুদ্ধের মুখে পড়বে। এ কারণে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি কঠোর অবস্থান নিয়েছিলেন। একই সঙ্গে ভূখণ্ডগত জাতীয়তাবাদকে ধারণ করে দেশের রাজনীতির মানচিত্র বদলে দিয়েছিলেন।
আমাদের ভুলে গেলে চলবে না, জিয়াউর রহমান ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে বীরত্বের জন্য পদক পাওয়া একজন সেনা কর্মকর্তা ছিলেন। এ দেশের মানুষের আকাঙ্ক্ষা ও মনস্তত্ত্ব তিনি খুব ভালোভাবেই বুঝতেন। সেই আকাঙ্ক্ষা অনুধাবন করেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। ‘উই রিভোল্ট’ বলে প্রথম স্বাধীনতার যুদ্ধ তিনি শুরু করেছিলেন। আবার এ দেশের মানুষের আধিপত্যবাদবিরোধী মনোভাব তিনি ধারণ করতে পেরেছিলেন বলেই ৭ নভেম্বরে সৈনিকরা তাকে বেছে নিয়েছিলেন। জিয়ার তুমুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যবহার করতে চেয়েছিলেন তাহের।
জিয়াউর রহমান পরে যে জাতীয়তাবাদী রাষ্ট্র গড়ে তোলেন, তা ছিল এ দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। একই কারণে জনজীবনে তিনি ইসলামকে প্রাধান্য দিয়েছিলেন। জিয়াউর রহমান বুঝেছিলেন, বাংলাদেশকে বৃহত্তর বাঙালি সাংস্কৃতিক জগৎ থেকে আলাদা করতে হবে। কারণ, এই কথিত বাঙালি সংস্কৃতির আড়ালে পশ্চিমবঙ্গকেন্দ্রিক অখণ্ড ভারতের একটি রূপ রয়েছে।
তিনি ভিন্ন ভাষা ও নৃগোষ্ঠীর নাগরিকদের স্বতন্ত্র পরিচয়কে স্বীকার করে একটি অভিন্ন ভূখণ্ডগত জাতীয় পরিচয় তুলে ধরেন। সেটি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মুসলিম পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি মূল্যবোধ বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয়ের অংশ। জিয়াউর রহমানের সাংবিধানিক সংস্কারগুলোতে আমরা তার প্রতিফলন দেখেছি। তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেন।
জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন কখনো এ দেশের বামপন্থিদের পছন্দ ছিল না। ধর্মনিরপেক্ষতার অবসান, ভারতীয় বয়ানের বাঙালি জাতীয়তাবাদকে অস্বীকার এবং ইসলামি মূল্যবোধের আহ্বানের কারণে বামপন্থিরা জিয়াউর রহমানকে শত্রুজ্ঞান করেছেন। তাদের চোখে জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন বিশ্বাসঘাতক। বামপন্থি বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরীর মূল্যায়ন ‘সংবিধান’ থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ ছেঁটে ফেলা এবং ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপন শুধু একটি সাংবিধানিক পরিবর্তন ছিল না, এটি ছিল মুক্তিযুদ্ধের মূল ভাবাদর্শিক চেতনার সঙ্গে একটি আপস।
জিয়াউর রহমান রাজনৈতিক সুবিধা ও ভিত্তি তৈরির জন্য ধর্মকে ব্যবহার করেছেন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে পিছিয়ে দিয়েছিলেন।’ (রাষ্ট্রের মালিকানা ও নাগরিকের অধিকার)
হাসিনার দেড় দশকের শাসনামলে কর্নেল তাহের ও খালেদ মোশাররফকে বীর বানানোর প্রকল্প ছিল জিয়াউর রহমানের প্রতি তাদের পুরোনো বিদ্বেষেরই প্রকাশ। সত্যি কথা হচ্ছে, জিয়াউর রহমানের রাজনীতির কারণে বামপন্থিদের নৈরাজ্যবাদী রাজনীতি দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। এই ক্ষোভ তারা কখনো লুকিয়ে রাখতে পারেননি।
জিয়াউর রহমান প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাজনীতির চেতনা ধারণ করতেন। ফলে তিনি তার দলে বামপন্থিদেরও স্বাগত জানিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে তাদের অনেকে বিএনপি ও বেগম খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
এবার বিএনপি ক্ষমতায় আসার পর আমরা দেখছি, আওয়ামী লীগের শাসনামলে যারা তাহের ও খালেদ মোশাররফের প্রশংসা করতেন, তাদের অনেকে আবার ক্ষমতার বলয়ের কাছাকাছি জায়গা করে নিতে পেরেছেন। বামপন্থিদের এখনকার লক্ষ্য হলো রঙ বদলে ক্ষমতা উপভোগ করা। জিয়াউর রহমানের রাজনীতি তারা কখনো ধারণ করেননি, করতেও পারবেন না।
লেখক: সহযোগী সম্পাদক, আমার দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব একটি নতুন এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে। তিনি বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মতে, বর্তমান সময় চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশের নিদর্শন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্ব নেতাদের প্রতি তিনি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর নতুন প্রতিবেদন অনুযায়ী, বিগত ১২ বছরের মধ্যে প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর অন্তর্ভুক্ত ছিল এবং এই প্রবণতা অব্যাহত রয়েছে।
ডব্লিউএমও-এর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করেছেন যে, বর্তমানের এই শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরো ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও তাপমাত্রা বৃদ্ধির নতুন একটি রেকর্ড সৃষ্টি হতে পারে।
চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৪৭ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠা পানির স্তর কমছে, দ্রুত হিমবাহ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে। তবে এই চরম পরিস্থিতির মধ্যে আশার আলো হলো, বিশ্বজুড়ে ‘আগাম সতর্কীকরণ ব্যবস্থার’ প্রসার। প্রাকৃতিক দূর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা থাকা দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।
জলবায়ুর এই দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং নতুন বিপর্যয় এড়াতে কার্যকর আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে বিশ্ব নেতাদের আরো বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় পার হয়ে যাওয়ার আগেই বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ