০৯:২৫ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং মেঘলা মিলি (৪১)।
আজ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এই তথ্য প্রকাশ করে।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বর মাসে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মিরপুর বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়।
গতকাল রাতে, গোয়েন্দা মিরপুর বিভাগের একটি দল মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. মামুন অর রশীদকে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা মিরপুর বিভাগের একটি টিম মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানায়, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন। পরবর্তীতে, মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে গান পাউডার হস্তান্তরের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: মালিকপক্ষ প্রস্তাব না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে নিম্নতম মজুরি বোর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন