মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি,খুলনা
০৭:০১ পি.এম
শুক্রবার (২০ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের একটি দল উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের খাজাডাঙ্গা মুন্সিপাড়া বায়তুল নূর জামে মসজিদের গেট ফলকের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তাওফিদুল ইসলামকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। গ্রেফতার তাওফিদুল ইসলাম উত্তর খাজাডাঙ্গা গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তাওফিদুল দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগ বুঝে তা বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রূপসা থানায় মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক সময় কাঁশবনে পরিপূর্ণ জমিতে কমলা বাগান গড়ে সফলতা অর্জন করেছেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আশরাফ আলী। বর্তমানে তাঁর বাগানে দার্জিলিং জাতের কমলা গাছে থোকায় থোকায় ঝুলছে শত শত কমলা। কিছু কমলা সবুজ, আবার কিছু পাক ধরে হলুদ বর্ণ ধারণ করেছে। বাগানের কমলাগুলো খেতেও বেশ সুস্বাদু ও সুমিষ্ট। এ বছর তিনি বাগানের কমলা নয় লাখ টাকায় বিক্রি করেছেন।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বালাপাড়ার অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আশরাফ আলী বাড়ির পাশে অচিনার ডাঙ্গায় একটি কমলা বাগান গড়ে তুলেছেন। এর পাশাপাশি হাঁস-মুরগী, গরু-ছাগলের খামারও রয়েছে। গত শুক্রবার সকালে সরেজিমনে গিয়ে তাঁর সঙ্গে কমলা বাগানে বসে কথা হয় এ প্রতিনিধির। এ সময় তিনি (আশরাফ আলী) তাঁর কমলা বাগানটি গড়ে তোলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এক সময় তাঁর বাড়ির পাশে অচিনার ডাঙ্গাটি কাঁশবনে পরিপূর্ণ ছিল।
১৯৮৪ সালে তিনি এলাকার শিক্ষা বিস্তারে কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে নিয়ে চওড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক হিসেবে অবসরে যান। শিক্ষকতা পেশায় থাকাকালীন শখের বশে তিনি নিজের পৈতৃক জমিতে একটি লেবু বাগান গড়ে তুলেছিলেন। অবসরের পর ২০১৮ সালের দিকে চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে কাঁশবনের জমি কিনে সেখানে একটি কমলা বাগান গড়ে তোলেন।
ঝিনাইদহ থেকে দার্জিলিং জাতের কমলা চারা সংগ্রহ করে ১৬০ শতক জমিতে রোপণ করেন। তাঁর বাগানে ১০ ফুট দূরে দূরে রয়েছে কমলা গাছগুলো। পূর্বের লেবু বাগানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি কমলা বাগানে মনোনিবেশ করেন। বর্তমানে তাঁর বাগানে চার শত দার্জিলিং জাতের কমলা গাছ রয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই না হওয়ায় গাছগুলো কয়েক বছরের মধ্যে পরিপুষ্ট হয়ে বেড়ে উঠেছে। ২০২৩ সালে তিনি প্রথম বছরেই প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রি করেন।
পরবর্তী বছর ২০২৪ সালে চার লাখ এবং ২০২৫ সালে পাঁচ লাখ টাকার কমলা বিক্রি করেছেন আশরাফ আলী। এবারে রংপুরের তারাগঞ্জের এক ফল ব্যবসায়ীর কাছে পুরো বাগানের কমলা নয় লাখ টাকায় বিক্রি করেছেন। ওই ব্যবসায়ী বাগান থেকে পর্যায়ক্রমে কমলা ছিঁড়ে বিশ কেজি করে প্রতিটি ক্যারেটে ভরে দেশের বিভিন্ন ফলের আড়তে পাঠাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে অবসরপ্রাপ্ত আশরাফ আলীর কমলা বাগানে গিয়ে দেখা যায়, সারি সারি দার্জিলিং জাতের কমলা গাছে থোকায় থোকায় ঝুলছে শত শত কমলা।
এদিকে, আশরাফ আলীর কমলা বাগানের চারপাশে সারি সারি সুপারি গাছ শোভা পাচ্ছে। পাশাপাশি পেঁপে ও বিভিন্ন প্রজাতির ফলের গাছও রয়েছে। এসব ফল বিক্রি করেও তিনি বাড়তি আয় করছেন। কমলা বাগানের উত্তর ও দক্ষিণ প্রান্তে পৃথকভাবে হাঁস-মুরগী, গরু-ছাগলের খামার গড়ে তুলেছেন তিনি। তাঁর খামারে বর্তমানে ২০টি রাজহাঁস, ৬০টি চিনা হাঁস, ৩০টি দেশীয় ছাগল, ছয়টি গাভী ও ১০টি ষাঁড় রয়েছে। খামারে পালিত হাঁসগুলো নিয়মিত ডিম দিচ্ছে, ছাগলও বাচ্চা দিচ্ছে। গাভী থেকে প্রতিদিন দুধ পাচ্ছেন তিনি। নিজের পরিবারের চাহিদা মিটিয়ে বাইরে দুধ বিক্রি করে বাড়তি আয় হচ্ছে। খামারে পালিত ষাঁড়গুলো আগামী কোরবানির ঈদে বিক্রি করে মোটা অংকের মুনাফার আশা করছেন তিনি।
কমলা বাগানের সার্বিক পরিচর্যা এবং হাঁস-মুরগী, গরু-ছাগলের খামার দেখাশুনার জন্য ছয় জন লোক মাসিক বেতনে রয়েছেন। এতে এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি তাদের প্রতি মাসে নিয়মিত বেতন ভাতা পরিশোধ করছেন।
কমলা বাগানের মালিক অবসরপ্রাপ্ত আশরাফ আলী বলেন, "অনেকেই চাকরি থেকে অবসরে গিয়ে হতাশায় ভোগেন। তাঁদের সময় কাটানোর জায়গায় থাকে না। অলসভাবে শুয়ে বসে দিন অতিবাহিত করেন তাঁরা। কিন্তু আমার মধ্যে কোন রকম হতাশা নেই। আমি কমলা বাগান ও খামার করে অবসর জীবনের সময়টুকু খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে কাটছি। আমার লোকজনই সব করছেন, আমি শুধু তাদের তদারকি ও দিকনিদের্শনা দিয়ে থাকি। কমলা চাষ অনেক লাভজনক। এতে অল্প বিনিয়োগে বেশি আয় করা সম্ভব।"
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন জানান, "অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক আশরাফ আলীর কমলা বাগানটি আমি কয়েক দফা পরিদর্শন করেছি। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে কমলা চাষে প্রয়োজনীয় সব রকম পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে আসছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাদারীপুরের ডাসারে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী করতে ইজিবাইক ও অটোভ্যান উপহার দিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব যানবাহনের চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইজিবাইক ও অটোভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপহার হিসেবে একটি ইজিবাইক পেয়েছেন ডাসার উপজেলার কাওসার সরদার (৩০)। অন্যদিকে একই উপজেলার মাজেদ মাতুব্বর (৫০) পেয়েছেন একটি অটোভ্যান।
নতুন যানবাহন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, এসব যানবাহন ব্যবহার করে নিয়মিত উপার্জনের মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। একই সঙ্গে তাঁদের জন্য এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
স্থানীয়দের মতে, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার এ উদ্যোগ তাঁদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গবেষকেরা নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন, যা পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ড থেকে স্বর্ণ উদ্ধার করতে সক্ষম। এই প্রযুক্তি বিষাক্ত রাসায়নিক ব্যবহার ছাড়াই ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করার ক্ষমতা রাখে। দুবাইয়ে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকদের উদ্ভাবিত প্রকল্পগুলির মধ্যে এটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।
দুবাই ফিউচার উইকের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও তরুণ স্নাতকদের তৈরি ১০০টি প্রকল্প প্রদর্শন করা হয়েছে। এসব প্রকল্প স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা এবং নগরজীবনের ভবিষ্যৎ নিয়ে তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে পুরোনো ইলেকট্রনিক যন্ত্র থেকে স্বর্ণ আহরণের প্রযুক্তি, গর্ভাবস্থার হরমোনের মাত্রা পরিমাপের পরীক্ষা এবং প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখার পরিধানযোগ্য যন্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আহরণ
বিশ্বজুড়ে পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ডের বর্জ্য জমছে। এই যন্ত্রগুলির ভেতরে থাকা স্বর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হলেও প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয়। কিছু পদ্ধতিতে বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজনও হয়।
এই সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে কাজ করছেন খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক ড. নাজাত আলদাক্কা। তার নেতৃত্বাধীন দল বিশেষ ধরনের ছিদ্রযুক্ত দ্বিমাত্রিক উপাদান তৈরি করেছে, যা ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াজাত করার পর পাওয়া তরল থেকে স্বর্ণ বেছে বেছে সংগ্রহ করতে পারে।
ড. নাজাত বলেন, "তাদের উদ্ভাবিত উপাদানটি ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ আলাদা করতে সক্ষম। বিশেষ যন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব। এতে মাত্র এক ঘণ্টার মধ্যে তরল থেকে প্রায় ৯৯ শতাংশ স্বর্ণ সংগ্রহ করা যায়।"
তিনি জানান, তারা এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম স্বর্ণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। প্রতি গ্রাম স্বর্ণ পুনরুদ্ধারে এক কিলোওয়াট-ঘণ্টা শক্তি প্রয়োজন হয়।
‘রিগোল্ড’ নামের এই প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করতে হয় না। পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় স্বর্ণ সংগ্রহে প্রযুক্তিটি এক হাজার গুণেরও বেশি নির্বাচনি সক্ষমতা দেখিয়েছে। উদ্ধার করা স্বর্ণ উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে আবার ব্যবহার করা সম্ভব। এতে নতুন করে স্বর্ণ খননের প্রয়োজনও কমবে।
ড. নাজাত ও তার দল প্রযুক্তিটি গবেষণাগার থেকে শিল্পপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এখন একজন শিল্প অংশীদার খুঁজছেন। এ বিষয়ে তিনি বলেন, "পণ্যটির শিল্পায়ন ও বাণিজ্যিক উৎপাদনের জন্য বর্তমানে তারা উপযুক্ত অংশীদারের সন্ধান করছেন।"
গর্ভাবস্থায় হরমোনের মাত্রা জানাবে পরীক্ষা
সাধারণত বাড়িতে ব্যবহারের গর্ভধারণ পরীক্ষা শুধুমাত্র গর্ভধারণ হয়েছে কি না, তা জানায়। তবে অনেক স্বাস্থ্যগত ক্ষেত্রে শুধু ইতিবাচক বা নেতিবাচক ফল যথেষ্ট নয়। রক্তে নির্দিষ্ট হরমোন বা উপাদানের পরিমাণ কত এবং তা বাড়ছে নাকি কমছে, সেটিও জানা জরুরি।
এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা ‘ডেলা ডিএক্স’ নামের একটি পরীক্ষা পদ্ধতি তৈরি করেছেন। প্রকল্পটির মুখপাত্র আলেকজান্দ্রা প্যাটারসন বলেন, "চিকিৎসকেরা অনেক সময় রক্তে কোনো উপাদানের উপস্থিতি আছে কি না, শুধু তা জানতে চান না; বরং সেটির সুনির্দিষ্ট পরিমাণও জানতে চান।"
এই পরীক্ষায় জীবন্ত কোষের বাইরে কার্যকর জৈবিক ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। নির্দিষ্ট প্রোটিন শনাক্ত করার জন্য ব্যবস্থাটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়। লক্ষ্যবস্তু প্রোটিন শনাক্ত হলে পরীক্ষায় রঙের পরিবর্তন ঘটে, যা ওই উপাদানের পরিমাণ নির্দেশ করে। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রায় চার সপ্তাহের মধ্যে বিভিন্ন উপাদান শনাক্ত করার উপযোগী করে পরিবর্তন আনা যায়।
গবেষক দলটির প্রথম লক্ষ্য নারীদের স্বাস্থ্য, বিশেষ করে গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়। প্যাটারসন বলেন, "প্রতি পাঁচজন নারীর একজন গর্ভপাতের অভিজ্ঞতার মুখোমুখি হন। এসব গর্ভপাতের ৮০ শতাংশই ঘটে গর্ভাবস্থার প্রথম তিন মাসে। অথচ এ সময়ে অনেক নারী চিকিৎসকের কাছে মাত্র এক বা দুইবার যাওয়ার সুযোগ পান।"
প্রাথমিক পর্যায়ে পরীক্ষাটি গর্ভাবস্থার হরমোন এইচসিজির মাত্রা পর্যবেক্ষণ করবে। সুস্থ গর্ভাবস্থায় সাধারণত প্রতি ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই হরমোনের মাত্রা দ্বিগুণ হয়।
প্রায় ১২ বছরের গবেষণার ফল এই প্রকল্প। এ নিয়ে চারটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং চারটি পেটেন্টও রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী পাঁচ বছরের মধ্যে বাজারে পণ্যটি আনার আশা করছেন গবেষকেরা। প্যাটারসন বলেন, "অনেক নারীই এ ধরনের পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। এটি একটি বৈশ্বিক সমস্যা এবং অনেকেই জানতে চাইছেন, পণ্যটি কবে বাজারে পাওয়া যাবে।"
প্রচণ্ড গরমে কর্মীদের শরীর ঠান্ডা রাখবে কলার
বাইরে কিংবা কারখানায় কাজ করা মানুষের জন্য প্রচণ্ড গরম শুধু অস্বস্তিকর নয়, বরং স্বাস্থ্যঝুঁকিরও কারণ। এ সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মেক্সার ভ্যাপার’ নামের একটি সক্রিয় শীতলীকরণ যন্ত্র তৈরি করেছেন।
গলায় পরার উপযোগী এই যন্ত্রটি ত্বকের তাপমাত্রা কমিয়ে শারীরিক পরিশ্রমের সময় শরীরের ওপর অতিরিক্ত তাপের চাপ কমাতে সহায়তা করে।
এর সঙ্গে যুক্ত রয়েছে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা, যা তাৎক্ষণিকভাবে নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা দিতে পারে। এর মাধ্যমে নিয়োগকর্তারাও কর্মীদের তাপের সংস্পর্শে থাকার মাত্রা পর্যবেক্ষণ করতে পারবেন।
প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে নির্মাণশ্রমিকদের ওপর যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। গবেষকদের আশা, এটি ব্যবহার করলে অতিরিক্ত গরমজনিত অসুস্থতার ঝুঁকি কমবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ তাঁতী লীগের এক নেতা মো. আজিজুর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারির ঘটনা ঘটে শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের সময়।
আজিজুর রহমান ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি হিসেবে পরিচিত। তার পিতার নাম রোশন আলী এবং তিনি সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্র অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ