মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি,খুলনা
০৬:২৫ পি.এম
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিরাপত্তা জোরদারে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে বিজিবির মোট মোতায়েন করা সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ৫৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্যের গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।
বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের ফলে গোপালগঞ্জে মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা দূর করার জন্য গুরুত্বারোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকার জন্য পণ্যের গুণগত মানোন্নয়ন ও কার্যকর বিপণন কৌশল অপরিহার্য। এ প্রেক্ষাপটে জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি আজ এক বাণীতে বলেন, আগামীকাল ২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’ উপলক্ষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করেছে, যা তাকে আনন্দিত করেছে। এ উপলক্ষে তিনি মেলার আয়োজক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সকল অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। এসএমই খাত দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। সরকার এ খাতের বিকাশে যথাযথ বাজেট বরাদ্দ, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি মেলায় নারী, নগর ও গ্রামীণ উদ্যোক্তাদের সম্মিলিত অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে বলেন, এ ধরনের আয়োজন নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।
তিনি প্রত্যাশা করেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’-এর সার্বিক সফলতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান মন্তব্য করেছেন যে, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আ.লীগের ব্যাপারে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেয়ার অধিকার কারও নেই।
সংগঠনটি শনিবার (২১ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের অবস্থান প্রকাশ করে।
তারা উল্লেখ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ বর্তমানে আর কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য নয়। বরং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গণহত্যা চালানো দলের নেতাকর্মীরা ইন্ডিয়ায় পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদতে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো। বাংলাদেশবিরোধী এজেন্ডার পক্ষে যেসব মিডিয়া কাজ করছে, তাদেরও আরেকটি গণপ্রতিরোধের সময় রেহাই মিলবে না।
তারা আরও বলেন, পিলখানা, শাপলা, জুলাই এবং মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছেন। ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্লাটফর্মে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ ক্রমশ বাড়ছে। অতীতে ফ্যাসিস্ট আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হয়েছিল এবং ৯৬ সালে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা শোধরায়নি। সুতরাং, দলটির ব্যাপারে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার কারও নেই।
হেফাজতের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আ’লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : একটি খসড়া প্রস্তাব থেকে জীবাশ্ম জ্বালানির সমস্ত প্রসঙ্গ বাদ দেওয়ার ফলে বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার উপায় নিয়ে গভীর মতভেদ দেখা দিয়েছে। দেশগুলো চুক্তি চূড়ান্ত করার জন্য মরিয়া হয়ে ওঠায় কপ৩১ জলবায়ু আলোচনা শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
তুরস্কে দুই সপ্তাহব্যাপী জাতিসংঘ আলোচনার পর জ্বালানি, বিজ্ঞান ও অর্থায়ন নিয়ে বিরোধের কারণে নির্ধারিত শুক্রবারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রায় ২০০টি দেশ অচলাবস্থায় পড়ে যায় এবং আলোচকরা রাতভর আলোচনা চালিয়ে যান।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কপ-৩১ সম্মেলনের সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া তৃতীয় দফায় চুক্তির খসড়া তৈরির চেষ্টা করছে। সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। অনেক প্রতিনিধিকে দেশে ফেরার জন্য বিমানের ফ্লাইট ধরতে হবে।
শুক্রবার গভীর রাতে কয়েকটি কারিগরি বিষয়ে সম্মেলনের অধিবেশনে অনুমোদন দেওয়া হয়। এ সময় কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘আমরা চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছেছি। তবে এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’
উদ্বোধনী বক্তব্যের মাঝপথে এক বিক্ষোভকারী ‘আপনারা ভবিষ্যৎকে ধ্বংস করছেন’ বলে চিৎকার করলে কুরুমকে বক্তব্য থামাতে হয়। পরে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে সম্মেলনকক্ষ থেকে বের করে দেন।
ইরান যুদ্ধের কারণে সৃষ্ট তেলের মূল্যবৃদ্ধি এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে কপ-৩১ সম্মেলনে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল।
ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত ধারাবাহিক জলবায়ুজনিত দুর্যোগের পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিষয়টি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দু। সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের আহ্বানের তীব্র বিরোধিতা করে আসছে।
বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও কাটছাঁট করা খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির সমস্ত উল্লেখ মুছে ফেলা হয়—যা আলোচকদের আবারও দর-কষাকষির টেবিলে ফিরতে বাধ্য করে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে সংশোধিত এই খসড়াটি ‘জলবায়ু সংক্রান্ত এই কপ সম্মেলনকে একটি জীবাশ্ম জ্বালানির সম্মেলনে পরিণত করার ঝুঁকি তৈরি করছে’।
ফ্রান্স থেকে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার একটি চিঠি প্রকাশ করেছে, যেখানে চুক্তিতে ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপরেখা’ অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়।
চিঠিতে স্বাক্ষরকারী পানামা আলোচনা থেকে সরে আসারও হুমকি দিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো জলবায়ু আলোচনার কড়া সমালোচক, তিনি অগ্রগতির পথে বাধা সৃষ্টি করার জন্য ‘পেট্রোলিয়াম মাফিয়াদের’ অভিযুক্ত করেন।
এদিকে, তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, কপ-৩১ সম্মেলনের ফাঁকে সংস্থাটির প্রধান হাইথাম আল ঘাইস রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক দূত রুসলান এদেলগেরিয়েভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন বহুপক্ষীয় পরিবেশবিষয়ক ফোরামে ‘অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির গুরুত্ব’ নিয়ে আলোচনা হয়।
— ‘পরিচ্ছন্ন বৈদ্যুতিকায়ন’ —
সমঝোতায় পৌঁছাতে অস্ট্রেলিয়ার জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। শুক্রবার তিনি বলেন, ‘কাজ শেষ করতে যত সময়ই লাগুক, আমি চেষ্টা চালিয়ে যাব।’
চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের একটি লক্ষ্যমাত্রার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন ডিজেলচালিত গাড়ি ও গ্যাসচালিত হিটারের পরিবর্তে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার।
কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া এ উদ্যোগের পক্ষে। তাদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর বৈশ্বিক প্রচেষ্টায় ধীরগতির উদ্বেগ মোকাবেলায় বিদ্যুতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনার সভাপতিত্বকারী বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চাবিকাঠি হলো বৈদ্যুতায়ন।’
প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে, সে বিষয়ে খসড়ায় স্পষ্ট কিছু বলা হয়নি। এ কারণে কয়েকটি দেশ লক্ষ্যমাত্রায় ‘পরিচ্ছন্ন’ বিদ্যুতের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানিয়েছে।
কার্বন ধারণের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও কয়েকটি দেশ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এটি ব্যয়বহুল ও এখনো পরীক্ষিত নয়। এ প্রযুক্তির অজুহাতে দূষণকারীরা জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত রাখতে পারে।
১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা-
অন্যান্য বেশ কয়েকটি বিষয়েও দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণ নিয়ে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে।
সর্বশেষ খসড়ায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রমের আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে এ শতাব্দীর যত দ্রুত সম্ভব উষ্ণতা বৃদ্ধির হার আবার ওই সীমার নিচে নামিয়ে আনার আগের আহ্বানটি বাদ দেওয়া হয়েছে।
উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা দেওয়ার ক্ষেত্রে ধনী দেশগুলো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। এ বিষয়েও আলোচনা অচলাবস্থায় রয়েছে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ১২০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা ছিল, তা খসড়া থেকে বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে।
ঘানার পরিবেশমন্ত্রী জানেতর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা চাইতে আসিনি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশালের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি, চলতি দায়িত্বে) মো. শাহাব উদ্দীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম।
উদ্বোধনী আয়োজনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, দলীয় সংহতি এবং পেশাগত দক্ষতা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) পুলিশের সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব জোরদারের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং বিভিন্ন ইউনিটের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৫-২৬-এর আনুষ্ঠানিক সূচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ