ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

১৪ ডিসেম্বরের আগে উন্মুক্ত হচ্ছে রায়েরবাজার বধ্যভূমির নবনির্মিত স্থাপনা


১৪ ডিসেম্বরের আগে উন্মুক্ত হচ্ছে রায়েরবাজার বধ্যভূমির নবনির্মিত স্থাপনা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে নবনির্মিত লাইব্রেরি, অডিও-ভিজ্যুয়াল হল ও আর্ট গ্যালারি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। তবে, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে এগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

আজ সোমবার, রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। এ সময় নবনির্মিত স্থাপনাগুলোর কাজ যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার

মন্ত্রী বলেন, "মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরবের ইতিহাস। এ গৌরব ধারণ ও লালন করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।"

তিনি আরও বলেন, "রায়েরবাজার বধ্যভূমিতে যাঁরা শায়িত আছেন, তাঁদের আত্মত্যাগ যেন যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ স্মরণ করে, সে লক্ষ্যেই স্থাপনাগুলো সংরক্ষণ ও ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।" এখানকার স্থাপনাগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতেই তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। আশা করা হচ্ছে, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে স্থাপনাগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা সম্ভব হবে।

রায়েরবাজার বধ্যভূমিতে নির্মিত লাইব্রেরিতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং গবেষণার সুযোগ থাকবে। আহমেদ আজম খান বলেন, আর্ট গ্যালারিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা, যুদ্ধ ও বীরত্বগাথা তুলে ধরা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে।

মন্ত্রী বলেন, "তারা নিজেরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের গৌরব। এ গৌরব ধারণ ও লালন করার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতি, ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে সংরক্ষণ করে রেখে যেতে চান তারা।" মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরবগাথা তুলে ধরা।

আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা

পরিদর্শন শেষে, মন্ত্রী আগামী ২৯ অক্টোবর প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবশিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে নবনির্মিত স্থাপনাগুলোর যথাযথ ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ‘১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় রায়েরবাজার বধ্যভূমিতে এসব অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ৬৬ কোটি ১৮ লাখ টাকা।

প্রকল্পের আওতায় বধ্যভূমিতে লাইব্রেরি কাম অডিও-ভিজ্যুয়াল হল, আর্ট গ্যালারি, প্রশাসনিক ও অফিস কক্ষ, জেনারেটর রুম, ১০টি দোকান এবং সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১০০ কেভিএ ট্রান্সফরমার, ৪০ কেভিএ জেনারেটর, সিসিটিভি ক্যামেরা, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারকম, স্টেজ লাইটিং, সেন্ট্রিফিউগাল পাম্প ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম স্থাপনসহ প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নবনির্মিত লাইব্রেরি, অডিও-ভিজ্যুয়াল হল ও অফিস কক্ষের জন্য প্রয়োজনীয় আসবাবপত্রও সরবরাহ করা হয়েছে।

তবে, এসব স্থাপনার কাজ যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে স্থাপনাগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার লক্ষ্যে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা এবং ভবিষ্যতে এগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: দেশ ছাড়ার ঘোষণা দিলেন রুমি, বললেন-‘আপনারা ভালো থাকেন’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শাহজাহান মিয়া, যুগ্মসচিব ও মন্ত্রীর একান্ত সচিব মো. জেহাদ উদ্দিন, যুগ্মসচিব (পরিকল্পনা) মোহাম্মদ সামছুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারঘীবুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের নতুন ব্যবস্থাপনা পরিচালক তারঘীবুল ইসলাম

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের তারঘীবুল ইসলাম। তার কর্মজীবনে সরকারি ও বেসরকারি খাতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে ২৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে কাজ করেছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসসিপিএলসিতে যোগদানের আগে, তিনি টেলিযোগাযোগ অধিদপ্তরে “ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবলিশিং ন্যাশনাল একাডেমি ফর অ্যাডভান্সড টেলিকম রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনএএটিআরটি) অ্যান্ড আইটিইউ রিকগনাইজড টেলিকম টেস্টিং ল্যাবস ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তারঘীবুল ইসলাম টেলিটক বাংলাদেশ লিমিটেডে নেটওয়ার্ক প্ল্যানিং, করপোরেট স্ট্র্যাটেজি এবং কোম্পানি সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত ‘সাসেক ইনফরমেশন হাইওয়ে’ প্রকল্পে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

নব্বইয়ের দশকের শেষভাগে, তিনি একটি শীর্ষস্থানীয় মোবাইল নেটওয়ার্ক অপারেটরে সহকারী ব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মোবাইল টেলিযোগাযোগ, টেরেস্ট্রিয়াল টেলিযোগাযোগ নেটওয়ার্ক, প্রকল্প ব্যবস্থাপনা, করপোরেট কৌশল এবং টেলিযোগাযোগ নীতি বিষয়ে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন।

তারঘীবুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) সনদপ্রাপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকসুর এজিএসের উদ্যোগে তিন হলে কম্পিউটার, এক হলে পানির ফিল্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


চাকসুর এজিএসের উদ্যোগে তিন হলে কম্পিউটার, এক হলে পানির ফিল্টার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে কম্পিউটার এবং একটি হলে পানির ফিল্টার উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নিজের অফিস পরিচালনা ও আপ্যায়নের জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকা ব্যয় না করে এই উদ্যোগ গ্রহণ করেছেন।

সোমবার সন্ধ্যায় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই তথ্য প্রকাশ করেন। এর আগে, গত শনিবার, তিনি হলগুলোতে গিয়ে নিজে এসব উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

আইয়ুবুর রহমান তৌফিক এই বিষয়ে বলেন, ‘আমার অফিস পরিচালনা ও চা-নাস্তার জন্য বরাদ্দ পাওয়া আড়াই লাখ টাকার এক টাকাও আমি নিজের জন্য ব্যয় করিনি। সেই বরাদ্দের টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল, অতীশ দীপঙ্কর হল এবং বিজয়-২৪ হলে কম্পিউটার উপহার দিয়েছি। এ ছাড়া শহীদ ফরহাদ হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ডাইনিংয়ে একটি উন্নতমানের পানির ফিল্টার বসিয়ে দিয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘দায়িত্ব পালনের পুরো এক বছরে অফিস পরিচালনা, আপ্যায়ন ও যাতায়াতসহ সব ধরনের খরচ আমি ব্যক্তিগতভাবে বহন করেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো অর্থ নিজের পেছনে খরচ করিনি।’

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী নদী থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ফেনী নদী থেকে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ফেনী, ২৬ অক্টোবর ২০২৬ : জেলার সোনাগাজী উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে বড় ফেনী নদী থেকে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পাঁচ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করেছে।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফাতিমা সুলতানা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, মৎস্য দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান, এনডিসি চয়ন বড়ুয়া, উপজেলা সরকারি খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার লক্ষ্যে সোমবার সকাল থেকে বড় ফেনী নদীতে অভিযান শুরু করা হয়। এ সময় নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে গোল্ড পেল স্কুলছাত্রী মৌশি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে গোল্ড পেল স্কুলছাত্রী মৌশি

বাংলাদেশের স্কুলছাত্রী মেহজাবিন মৌশি কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশনে গোল্ড অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেছে। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি ইমেইলের মাধ্যমে তাকে এই পুরস্কারের বিষয়টি জানায়। পূর্ববর্তী প্রতিযোগিতায় এই স্কুলছাত্রী ব্রোঞ্জ পুরস্কার জিতেছিল।

মেহজাবিন মৌশি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি ‘দ্য স্টোরি অফ রুটস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখে এই পুরস্কার লাভ করেছেন। এই প্রবন্ধটি বাংলাদেশি সংস্কৃতি, অতিথি আপ্যায়ন এবং প্রকৃতির সৌন্দর্যের একটি অসাধারণ সম্মিলন তুলে ধরেছে। একটি ছোট ও আকস্মিক ঘটনার মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর দিকগুলো প্রকাশ পেয়েছে।

প্রবন্ধটিতে বাঙালি অতিথিপরায়ণতা, জাতীয় সংগীতের আবেগ ও দেশপ্রেম, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয়, পরিবেশ সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয় অত্যন্ত সচেতনতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে।

১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি কর্তৃক আয়োজিত ‘কুইন্স কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’ স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন আন্তর্জাতিক লেখালেখি প্রতিযোগিতা।

গত ২২ অক্টোবর সোসাইটি কর্তৃপক্ষ ২০২৬ সালের প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছরের বিজয়ীদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং ম্লংগো, ভারতের আরভ রায়, কানাডার এমা কাই, সাইপ্রাসের লিডিয়া সিকিং এবং নিউজিল্যান্ডের কাংউ মুন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এই প্রতিযোগিতায় ৫৪টি দেশ থেকে মোট ৫৩,৮৪০টি লেখা জমা পড়েছিল। এবারই প্রথমবারের মতো কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চল—আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় ও আমেরিকা অঞ্চল, ইউরোপ এবং প্যাসিফিক অঞ্চল—থেকে আলাদাভাবে আঞ্চলিক বিজয়ী নির্বাচন করা হয়েছে।

মেহজাবিন মৌশি সাংবাদিক মেরাজ শাকিল এবং আবৃত্তি শিল্পী শারমিন ইসলামের কন্যা। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্ক, লেখালেখি, ইংরেজি ভাষা, গবেষণা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির মতো নানা ক্ষেত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। অল্প বয়সেই বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে সে একাধিক স্বীকৃতি অর্জন করেছে। একই সঙ্গে নিজের আগ্রহকে কাজে লাগিয়ে বহুমুখী দক্ষতা গড়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%