০১:৪২ এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মোজাম্মেল হক ভূঁইয়া মেম্বারকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। তিনি ৫ নম্বর দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক ইউপি সদস্য হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এই ঘটনার পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।
জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক এবং সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেওয়া এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত তাদের দুটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮), যিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক। অপরজন একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।
এদিকে, জেলা যুবদলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা। তাদের মতে, মাদকসহ গ্রেপ্তারের অভিযোগে দলীয় নেতাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত যুবদলসহ জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকর্মীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুজন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন