ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাঙ্গাবাড়ীতে ৪নং ওয়ার্ডবাসীর উঠান বৈঠক; স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী মবিন নির্মলের


বাঙ্গাবাড়ীতে ৪নং ওয়ার্ডবাসীর উঠান বৈঠক; স্বচ্ছতা ও সুশাসনের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী মবিন নির্মলের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আগামী বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের বাঙ্গাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই সভার আয়োজন করা হয়। এতে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়নবাসীর সমর্থন ও খাস দোয়া চেয়ে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য মো: আব্দুল মবিন নির্মল।

৪নং ওয়ার্ডের প্রায় ৫০০ সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতিতে আবেগঘন বক্তব্যে মবিন নির্মল বলেন, "আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সমর্থন ও সহযোগিতা চাই। আপনারাই এই ইউনিয়নের মালিক, তাই আপনাদের কাছেই আমার ভোটের প্রচারণা ও সমর্থন চাই।"

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

তিনি আরও বলেন, "আগামীর বাঙ্গাবাড়ী হবে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস মুক্ত এক আদর্শ ইউনিয়ন। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার মতো আরো সকল সরকারি সুযোগ-সুবিধা বিতরণে কোনো প্রকার দুর্নীতি বা টাকা-পয়সার লেনদেন হবে না। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সবার সামনে প্রকাশ্যে আলোচনার মাধ্যমে প্রকৃত যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে।"

একই সাথে প্রতিবছর অত্র ইউনিয়ন থেকে যারা পবিত্র হজে যাবেন, তাদের সম্মানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ওয়ার্ড পর্যায়ের এই মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য সহ, প্রবীণ, তরুণ ভোটারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

উপস্থিত কয়েকজন ভোটারদের বিভিন্ন প্রশ্নের সদুত্তর সহ সমাধানের আশ্বাস দেন প্রার্থী মবিন নির্মল।

আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

বক্তব্য শেষে উপস্থিত ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সাইবার অপরাধে ৬ চীনা নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:০২ এম


কক্সবাজারে সাইবার অপরাধে ৬ চীনা নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৬ জন চীনা নাগরিককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তাদের কাছ থেকে জব্দ করা ১ হাজার ৯৩৮টি আইফোন, ৩০টিরও বেশি ল্যাপটপসহ অন্যান্য ডিজিটাল সরঞ্জাম সম্পর্কে তথ্য জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল কালাম ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে ৫ জন চাইনিজ এবং একজন তাইওয়ানের নাগরিক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ওসমান জানান, "গ্রেপ্তার চীনা নাগরিকদের অপরাধের সংশ্লিষ্টতা আরো গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর পরীক্ষা নিরীক্ষার জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের মঞ্জুর করেছেন।"

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মান্নান মন্তব্য করেন, "সাইবার অপরাধের সত্যতা বের করা দেশের স্বার্থে অত্যন্ত জরুরি। তেমনি তাদের আইনি মুক্তি পাওয়ার সুযোগও রয়েছে- যদি কিনা তারা পর্যটক বা অন্যান্য কাজে কক্সবাজারে এসে থাকেন।" গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকদের নিয়োজিত আইনজীবী জানান, সোমবার সকাল ৯টার দিকে তাদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ৪টি রিসোর্টে পুলিশ অভিযান চালিয়ে চীনা নাগরিকদের অনলাইন প্রতারক দলের আস্তানা আবিষ্কার করে। এ সময় ১ হাজার ৯৩৮টি আইফোন ও ৩০টিরও বেশি ল্যাপটপসহ প্রচুরসংখ্যক ডিভাইস জব্দ করা হয়। প্রায় দুই শতাধিক চীনা নাগরিক রিসোর্টগুলোতে অবস্থান নিয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করে চীন-দক্ষিণ কোরিয়াসহ আরো কয়েকটি দেশের পুঁজি বাজারে অনলাইন প্রতারণার ফাঁদ পেতেছিল বলে পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে সংবাদ ছিল।

পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার সাগর পারের তারকা হোটেল সী প্যালেস ও অপর একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামু থানায় আসামিদের সহ অন্তত ৩০০ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে সাইবার আইনের মামলা দায়ের করা হয়। রামু থানা পুলিশ মামলাটির প্রাথমিক তদন্ত শুরু করলেও গত সপ্তাহে সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে। এরপরই গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকদের রিমান্ডে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছে, ঢাকাকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্রমান্বয়ে সংস্কার এবং উন্নয়নমূলক কাজ করার বিষয়ে। বৈঠকে জানানো হয়, পুরান ঢাকাকে পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলটিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আজ সোমবার অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শহরে খেলার মাঠ এবং পার্কের স্বল্পতার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে এ বিষয়ে যৌথভাবে কাজ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল বসানোর কাজ চলমান রয়েছে।

কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়, পরিত্যক্ত/বিতর্কিত প্লটসমূহ নিয়ে জটিলতা নিরসনে যাচাই বাছাই করে ন্যায্যতার ভিত্তিতে এবং আইনগতভাবে সুরাহা করে ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করা।

বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রণালয় জানায়, স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮০ দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি এবং ২০২৭ সালের ৩০শে জুন সমাপ্য অর্থবছরের জন্য প্রদত্ত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে এবং প্রকল্পসমূহের অনুকূলে মোট বরাদ্দ রয়েছে ৩৫১৪ কোটি টাকা।

এছাড়াও, সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করার জন্য একটি প্রকল্প চলমান রয়েছে এবং ৪২টি জেলায় সরকারি ভবনসমূহের ভূমিকম্প সহনশীলতা নির্ণয় করার জন্য প্রজেক্ট নেওয়া হবে।

রাজউকের প্ল্যান পাসের দীর্ঘসূত্রিতা নিরসন করে একে ওয়ান স্টপ সার্ভিস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতি তার বক্তব্যে বলেন, বৃষ্টির সময় জাতীয় সংসদ ভবনে বিভিন্ন জায়গায় পানি পড়ে। এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

সভাপতি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে সততার সাথে সকলে একসঙ্গে কাজ করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

বৈঠকে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ; গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল এবং ফেরদৌসী আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২০ এম


ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন এবং বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় এই অভিযানটি সম্পন্ন করে।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) মামুনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অভিযানের ফলস্বরূপ, শহরের চাকলাপাড়ার প্রভাতী পিওর ড্রিংকিং অ্যান্ড টয়লেট্রিজকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশওয়াশ এবং প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অগ্রিবীণা সড়কের অয়ন স্টিল কর্নারকে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, পোস্ট অফিস মোড়ের সোমা দধি অ্যান্ড মিষ্টিকে উৎপাদিত মিষ্টিজাতীয় পণ্যে যথাযথ উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার জন্য ১৫০০ টাকা জরিমানা করা হয়। মদিনা সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ডেকোরেটেড কেক পণ্যে বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে আবেদনের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান এবং ওজন-পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২২ এম


অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা

নওগাঁর পোরশা এলাকায় মাদক সেবন ও পরিবারের সদস্যদের ওপর নিয়মিত অত্যাচার করার অভিযোগে কাওছার হাবিব (২৫) নামের এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সন্তানের অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেন তার নিজ বাবা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় কাওছার হাবিবকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। নিজ সন্তান হওয়া সত্ত্বেও পিতার এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে এক অনন্য বার্তা প্রদান করবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাওছার হাবীবের অন্যায় ও উচ্ছৃঙ্খল আচরণে শুধু তার পরিবার নয়, প্রতিবেশীরাও চরম অতিষ্ঠ ছিল। নিজের সন্তানকে আইনের আওতায় এনে বাবা আবুল হোসেন যে সাহসিকতা ও সচেতনতার পরিচয় দিয়েছেন, তা মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%