বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০০ এম
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : সরকার ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন ১৩ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্র্নস গঠন করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করে নতুন বোর্ডের অনুমোদন দেওয়া হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়, যা ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৪-এর ৬(১) ধারা অনুযায়ী গঠিত হয়েছে।নতুন বোর্ডে ছয়জন সদস্য পদাধিকারবলে রয়েছেন। এর মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। অন্যান্য সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অন্তর্ভুক্ত রয়েছেন।বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। নতুন বোর্ডে সরকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন। তারা হলেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।এছাড়া, বোর্ডের সদস্য হিসেবে পাঁচজন বিশিষ্ট আলেম ও মুসলিম পণ্ডিতকে মনোনীত করা হয়েছে। তারা হলেন, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী; চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশালের অধ্যক্ষ মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী; বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক; যাত্রাবাড়ীর মারকাযুদ দাওয়া আল-ইসলামীর মহাপরিচালক মুফতি আজহারুল ইসলাম এবং নূরে মদীনা আল-আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি শরীফ উল্লাহ।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া বোর্ডের অন্যান্য সদস্যদের মেয়াদ তিন বছর হবে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও সরকার নতুন সদস্য মনোনয়ন না দেওয়া পর্যন্ত বর্তমান সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন।এতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় পদাধিকারবলে নিযুক্ত সদস্য ছাড়া অন্য সদস্যদের পরিবর্তন করতে পারবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্য নিয়োগেরও সুযোগ রয়েছে।ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা, নীতিগত দিকনির্দেশনা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বোর্ড অব গভর্র্নস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জেলুসমান বাদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড অব গভর্র্নস গঠনের বিষয়টি কার্যকর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবান, ২ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগতমান সম্পন্ন শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে।আজ বুধবার বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন অদম্য মেধাবী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা একটি চমৎকার উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং তারা একাডেমিক ফলাফলে আরো সাফল্য অর্জন করতে পারবে।বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।অনুষ্ঠানে কৃতী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী সাচিং প্রু।সভায় মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফার মধ্যেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে বহাল থাকবেন।এর আগে, সম্প্রতি অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে পদটি শূন্য হয়ে পড়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩৬ জন, শাহআলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৩৩ জন, কাফরুল থানায় ৪ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১১ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ