ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

যশের ‘টক্সিক’ ওটিটিতে মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর?


যশের ‘টক্সিক’ ওটিটিতে মুক্তি পাবে ২৫ সেপ্টেম্বর?

দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক : এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে আসার অপেক্ষায় রয়েছে। দর্শকরা এবার ঘরে বসেই সিনেমাটি দেখার সুযোগ পেতে যাচ্ছেন।

কিন্তু ঠিক কবে থেকে এটি ওটিটিতে দেখা যাবে, তা নিয়ে চলছে আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম ১২৩ তেলুগুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি আগামী ২৫ সেপ্টেম্বর জি৫-এ মুক্তি পেতে পারে। তবে নির্মাতা কিংবা সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই ২৫ সেপ্টেম্বরের তারিখটি আপাতত সম্ভাব্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: সরকার তিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে

প্রতিবেদন অনুযায়ী, যদি এই তারিখে মুক্তি পায়, তাহলে প্রেক্ষাগৃহে আসার প্রায় এক মাসের মধ্যেই দর্শকরা ওটিটিতে ‘টক্সিক’ দেখতে পাবেন। একাধিক ভাষায় সিনেমাটি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন কোন ভাষায় এটি ওটিটিতে পাওয়া যাবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও মেলেনি।

সিনেমাটির ডিজিটাল স্বত্ব বিক্রির খবর প্রকাশ্যে আসার পর থেকেই ওটিটি মুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একটি বড় ওটিটি প্ল্যাটফর্ম ‘টক্সিক’-এর ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নির্মাতারা ২০০ কোটির বেশি অর্থ প্রত্যাশা করছিলেন।

এদিকে, গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টক্সিক’। প্রেক্ষাগৃহে সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে না পারায় ওটিটি স্বত্ব নিয়ে দর-কষাকষিও কঠিন হয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ওটিটিতে সিনেমাটির ভিন্ন সংস্করণ প্রকাশ করা হতে পারে—এমন গুঞ্জনও রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট পক্ষ।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশকে দেখা গেছে এক নির্মম গ্যাংস্টারের ভূমিকায়। স্বাধীনতার পরের সময়ের পর্তুগিজ শাসনাধীন গোয়ার অপরাধজগতকে কেন্দ্র করে সিনেমার গল্প এগিয়েছে। এতে যশকে রায়া ও তার ছেলে টিকিট—দুটি চরিত্রে দেখা গেছে।

আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ, অতঃপর গ্রেপ্তার ৫ ব্ল্যাকমেইলার

নয়নতার, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো তারকার উপস্থিতির কারণে মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘টক্সিক’ কতটা সাড়া ফেলতে পারে, সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের চিরনিদ্রায় শায়িত হওয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীবের চিরনিদ্রায় শায়িত হওয়া

ছোট পর্দার জনপ্রিয় নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ‘আজ আকাশে চাঁদ নেই’ খ্যাত এই নির্মাতা আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স ছিল ৪০ বছর মৃত্যুর সময়।

জানা গেছে, সজীব বেশ অনেক দিন ধরে হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন। তাঁর হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়েছিল অনেক আগেই। প্রায় আট-নয় মাস আগে তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলেন। তবে মঙ্গলবার ভোরে হঠাৎ করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার দুপুর ১২টায় দক্ষিণখান এলাকার একটি মসজিদে মারুফ হোসেন সজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই ময়লার মোড়সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। তরুণ নির্মাতা হিসেবে তিনি নাট্যাঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘হাসি’, ‘বাবুই পাখির বাসা’, ‘তবু ভালোবাসি’, ‘আপনারা আমাকে শুনুন’ ও ‘মুমতা’।

হঠাৎ তাঁর চলে যাওয়ার খবরে ছোট পর্দার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিকের সন্ধানে গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিকের সন্ধানে গায়িকা

বিবাহবিচ্ছেদের পর সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে নিয়ে নতুন প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। তবে এই গায়িকা বরাবরই এসব গুঞ্জনকে অস্বীকার করেছেন।

এখন তিনি নিজেই জানালেন যে, বর্তমানে তিনি সম্পূর্ণ একা আছেন। কেমন সঙ্গী চান, সেটিও তিনি প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কনা নিজেকে ‘সুপার সিঙ্গেল’ হিসেবে উল্লেখ করেন। সেখানে তাঁর কাছে প্রশ্ন করা হয়, কনা প্রেম করছেন—এমন খবরটি কি সত্যি, নাকি শুধুমাত্র গুজব?

জবাবে কনা বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল’।

এরপর গায়িকার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সঙ্গী হিসেবে কেমন মানুষ চান তিনি। উত্তরে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’

অর্থাৎ আপাতত কোনো সম্পর্ক না থাকলেও কনা ভবিষ্যতের সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই প্রাধান্য দিতে চান।

গত বছরের জুনে কনা নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তিনি গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবন শেষ করেন। বিচ্ছেদের পর কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন উঠলেও সেগুলোকে তিনি গুজব বলেই উড়িয়ে দিয়েছেন।

বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

উল্লেখ্য, কনা ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছয় বছর পর তাদের সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে নতুন কোনো সম্পর্কে জড়ানো না হলেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান—সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন কনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরাধী গোষ্ঠীর চেয়ে সরকারের হাত অনেক শক্তিশালী: এমপি বকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


অপরাধী গোষ্ঠীর চেয়ে সরকারের হাত অনেক শক্তিশালী: এমপি বকুল

জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি মন্তব্য করেছেন যে, "কোনো অপরাধী গোষ্ঠীর চেয়ে সরকারের হাত অনেক শক্তিশালী।" খুলনার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ধরন ভিন্ন হওয়ায় গতানুগতিক অভিযানে সন্ত্রাস দমন সম্ভব নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনার আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, কেডস ও পাটের ব্যাগ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট সমস্যা ও অপরাধীদের আগে চিহ্নিত করতে হবে। এরপর তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে।

তিনি বলেন, "সাধারণ মানুষের ঘুম হারাম করে, জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে কিংবা চাঁদাবাজি-সন্ত্রাস করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।" তিনি আরও বলেন, কেউ যদি নিজেকে সরকারের চেয়ে ক্ষমতাবান মনে করে, তা হবে মারাত্মক ভুল।

তবে যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, সরকার তাদের পুনর্বাসন ও আইনগত সহযোগিতা দেবে বলে জানান হুইপ। তিনি জানান, বেকারত্ব দূর করতে বন্ধ মিল-কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখার পরিকল্পনা সরকারের রয়েছে।

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে জামায়াতসহ বিভিন্ন দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, "এটি পুরোপুরি একটি রাজনৈতিক কৌশল।" জাতীয় সংসদে বিরোধী দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে। অনেক জাতীয় সংকট সংসদে আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়।

তিনি বলেন, "মাঠের কর্মসূচির বাস্তবতাও বুঝতে হবে। লংমার্চ করলেই যদি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে আমরাও লংমার্চ করতাম।"

অনুষ্ঠানে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও তাদের বিদ্যালয়মুখী করতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ৪৬৫ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস, জুতা ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ তুলে দেওয়া হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, দুর্নীতি সব সময় বিদ্যমান থাকবে, তা কম বা বেশি হতে পারে। তবে, দুর্নীতি প্রতিরোধ করা আমাদের প্রধান দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আইন-শৃঙ্খলা, দুর্নীতি দমন ও মাদক নিয়ন্ত্রণসহ উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, "আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।" তবে তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এমন একটি সমাজ গড়ে তোলা উচিত যেখানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে অর্থবহ জীবন কাটাতে পারবে।

 

দুর্নীতি দমনে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, "আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এরমধ্যে আর্থসামাজিক উন্নয়নও রয়েছে।" তিনি উল্লেখ করেন যে, দুর্নীতি দমন একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি বলেন, "দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে ঘটে।"

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%