০৩:১৬ পি.এম
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) দশম শ্রেণীর কারাতে ক্রীড়া বিভাগের ক্যাডেট ইয়াসীন আরাফাত জীমের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে মন্ত্রণালয়ের নির্দেশে গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মোঃ মাহফুজুল আলম খানকে কমিটির আহ্বায়ক হিসাবে অন্তর্ভুক্ত করা হয় এবং মন্ত্রণালয়ের ক্রীড়া-১ অধিশাখার উপসচিব মোঃ মিজানুর রহমানকে কমিটির সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান, পিএসসি, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বি এম এহছানুল মামুন, এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মমিনুল হাসান।
বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুসারে, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১:৩০ টার মধ্যে কোন এক সময় অনুশীলন শেষে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসীন। কিন্তু বিকেএসপির মতো একটি নিশ্চিদ্র ও সংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে। ঘটনার পর ইয়াসীনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
নিহত ইয়াসীন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখা এই মেধাবী শিক্ষার্থী বাবার হাত ধরে বিকেএসপিতে ভর্তি হন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। তার এই আকস্মিক ও অত্যন্ত হৃদয়বিদারক প্রয়াণে নিহতের পরিবারসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নবগঠিত তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর রহস্যের জট খুলতে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য। একই সাথে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে যেকোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে বলেও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন