ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লার আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ আটক


কুমিল্লার আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ আটক

কুমিল্লার মেঘনা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে পুলিশ আটক করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার সানারপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ সম্পর্কে তথ্য পাওয়ার পর ডেমরা থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে। এরপর শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ওসি শহীদুল ইসলাম আরও জানিয়েছেন, তাকে আদালতে পাঠানো হবে। পরে মেঘনা থানার একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদিত্য নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে জন্মদিনে শুভেচ্ছা জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


আদিত্য নিজেকে ‘ইয়ামি পাগলু’ বলে জন্মদিনে শুভেচ্ছা জানালেন

আজ বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনে, পরিচালক আদিত্য ধর তার স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি ইয়ামিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এসময় তিনি নিজেকে ‘ইয়ামি পাগলু’ হিসেবে পরিচয় দিয়েছেন।

আদিত্য ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে লেখেন, ‘শুভ জন্মদিন, ইয়ামি। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর নারী। তোমার হাসি শুধু একটি ঘর নয়, আমার পুরো পৃথিবী আলোকিত করে। তুমি আমার ঘর, আমার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সমর্থক। আজ আমি যে মানুষ, তার পেছনেও তোমার বড় ভূমিকা রয়েছে।’

ছবিগুলোতে তাদের অবকাশযাপনের কিছু মুহূর্ত দেখা যাচ্ছে। কয়েকটি ছবিতে তাদের একসঙ্গে পোশাকের দোকান থেকে বের হতে দেখা যায়।

স্ত্রীর প্রশংসা করে আদিত্য আরো লেখেন, ‘পরিবারের প্রতি এতটা ভালোবাসা দেওয়ার পাশাপাশি তুমি নিজের প্রতিটি কাজেও সমান মনোযোগ দাও। প্রতিদিনই তোমার এই বিষয়টি আমাকে মুগ্ধ করে। তুমি কীভাবে সব সামলাও, আবার আমার সঙ্গেও থাকো—তা ভেবে আমি অবাক হই।’

ইয়ামির জীবনে আরো বেশি সুখ, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করে আদিত্য লেখেন, ‘স্বপ্ন দেখা বন্ধ কোরো না, নিজের আলো ছড়াতে থাকো। আর কখনো ভুলে যেয়ো না, তুমি কতটা অসাধারণ।’

সবশেষে নিজের ভালোবাসার কথা জানিয়ে আদিত্য লেখেন, ‘সারা জীবন তোমার হাত ধরে থাকতে, তোমার পাশে থেকে তোমাকে উৎসাহ দিতে এবং বারবার নতুন করে তোমার প্রেমে পড়তে চাই।’ পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ—‘ইয়ামি পাগলু’ যোগ করেন।

২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কাজের সূত্রে আদিত্য এবং ইয়ামির পরিচয় ঘটে। ২০২১ সালের জুনে তারা বিয়ে করেন। ২০২৪ সালে তাদের ঘরে আসে ছেলে বেদাবিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ

দক্ষিণ চীনের সাত বছর বয়সী একটি শিশুকন্যা, ঝুয়াং এনছি, সম্প্রতি শেনঝেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনে রাষ্ট্রনেতাদের সামনে ঐতিহ্যবাহী ‘ইংগে’ নৃত্য পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। ৫১ সদস্যের একটি নৃত্যদলের নেতৃত্ব দিয়ে এনছি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

ঝুয়াং এনছির নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ১০ বিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। এর পর থেকেই অনেকে তাকে ‘ইংগে গার্ল’ নামে ডাকতে শুরু করেন। ‘ইয়াংচেং ইভিনিং নিউজ’-এর তথ্য অনুযায়ী, ৫১ জন কিশোর-কিশোরীর এই দলে এনছিই ছিল সবচেয়ে কম বয়সী সদস্য। এত অল্প বয়স সত্ত্বেও তাকে দলের একেবারে কেন্দ্রে থেকে নৃত্য পরিবেশন করতে দেখা গেছে।

ঝুয়াং এনছি পরিবেশনা দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘খুবই মিষ্টি এবং দারুণ!’ অপর একজন বলেছেন, ‘ছোট ঝুয়াং এনছির মাধ্যমেই আমি ইংগে নাচ সম্পর্কে জানতে পেরেছি। চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে, তা সত্যিই চমৎকার।’

গুয়াংডং প্রদেশের শান্তৌ শহরের বাসিন্দা এনকি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে সে প্রথম আলোচনায় আসে, যখন তার গ্রামে একটি লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ইংগে নৃত্যদল বাড়ির কাছের রাস্তায় পরিবেশন করছিল। এনকি স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে যোগ দেয় এবং উৎসাহ নিয়ে নাচতে শুরু করে।

এনকির নাচের অঙ্গভঙ্গি, দ্রুততা ও নিখুঁতভাবে নৃত্যের কৌশল ফুটিয়ে তোলার দক্ষতা দেখে অনেক অভিজ্ঞ শিল্পী মুগ্ধ হয়েছেন। ‘ইংগে’ মূলত দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের চাওশান অঞ্চলের ঐতিহ্যবাহী লোকনৃত্য। ধারণা করা হয়, মিং রাজবংশের (১৩৬৮–১৬৪৪) আমলে এই নৃত্যের উৎপত্তি ঘটে। এতে মার্শাল আর্ট ও চীনা অপেরার বিভিন্ন উপাদানের সমন্বয় রয়েছে। শক্তিশালী ও প্রাণবন্ত অঙ্গভঙ্গির এই নৃত্য মূলত বীরত্ব উদযাপনের সঙ্গে সম্পর্কিত।

২০০৬ সালে চীনের জাতীয় অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এই নৃত্যশৈলীকে। ছোটবেলা থেকেই ইংগে নাচের প্রতি গভীর আগ্রহ এনছির। এর পেছনে রয়েছে পারিবারিক পরিবেশও। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে নিয়ে নৃত্যশিল্পীদের মহড়া দেখতে যেতেন। সেখান থেকেই এই নাচের প্রতি তার আগ্রহ তৈরি হয়।

মেয়ের প্রতিভা বুঝতে পেরে তার বাবা ঝুয়াং রংকিয়াং একজন প্রশিক্ষক নিয়োগ করেন। এরপর নিয়মিত প্রশিক্ষণ শুরু করে এনছি। বাবার ভাষ্য অনুযায়ী, অন্য শিশুদের কোনো নাচের মুদ্রা শিখতে যেখানে তিন থেকে চার দিন সময় লাগে, ঝুয়াং এনছি তা মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। ইতিমধ্যে সে ইংগে নাচের ১০টিরও বেশি কৌশল শিখেছে।

তার দক্ষতার কারণে গুয়াংডংসহ চীনের বিভিন্ন জায়গা এবং বিদেশের বড় বড় অনুষ্ঠানে নাচ পরিবেশনের আমন্ত্রণ পাচ্ছে। ২০২৪ সালের ডিসেম্বরে সিঙ্গাপুরে নাচ পরিবেশনের পাশাপাশি দর্শকদের ইংগে নাচ শিখিয়েছে এনছি। চলতি বছরের শুরুর দিকে হংকংয়ের রাস্তায়ও নাচ পরিবেশন করেছে।

ঝুয়াং জানান, জুন মাসের শেষের দিকে তিনি জানতে পারেন, এপিইসি সম্মেলনে নাচ পরিবেশনের জন্য নির্বাচিত হয়েছে তার মেয়ে। এ বিষয়ে তিনি বলেন, ‘বিদেশি অতিথিদের সামনে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

সম্মেলনের প্রস্তুতির জন্য গত চার মাস ধরে শেনঝেনে বসবাস করছে এনছি। সেখানে নিয়মিত প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষণের সময় এনকি ও তার দলের অন্য সদস্যরা হাত-পায়ে বালির ব্যাগ বেঁধে অনুশীলন করত। ঝুয়াং জানান, এসব ব্যাগের অতিরিক্ত ওজন তাদের কাঠের লাঠি দিয়ে আঘাত করার সময় এবং পায়ের পদক্ষেপে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করত।

কঠোর প্রশিক্ষণ নিতে হলেও এনছি কখনো অভিযোগ করেনি। মেয়ের কষ্ট দেখে বাবার খারাপ লাগত। তবে প্রশিক্ষণে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, ওই কারণে নিজের উদ্বেগ মেয়ের সামনে প্রকাশ করতেন না তিনি। এনছি নিজেরও রয়েছে একটি বিশেষ স্বপ্ন। ঝুয়াং এনছি কোনো জায়গায় নাচ পরিবেশন করতে চায়, যেখানে তুষারপাত হয়। কারণ এখনো কখনো সরাসরি তুষার দেখার সুযোগ হয়নি তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীদের জন্য ৬০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


ব্যবসায়ীদের জন্য ৬০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন যে, ব্যবসায়ীদের জন্য ছয় হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই প্রণোদনা প্যাকেজের আওতায় সুদ ভর্তুকি প্রদান করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন।

গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার ফলে নীতি সুদহার কমানোর বিষয়েও চিন্তা-ভাবনা চলছে। তিনি আরও জানান, ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। কারণ ব্যবসার খরচ কমলে, তা শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের জন্য নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের জন্যও কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

মোস্তাকুর রহমান বলেন, যদি ব্যবসায়ীর সুদ ও অন্যান্য খরচ বৃদ্ধি পায়, তাহলে তা শেষ পর্যন্ত পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়। তাই লেনদেনের সময় ও খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য পণ্য ও সেবা সাশ্রয়ী করার উদ্দেশ্যই মূল লক্ষ্য।

গভর্নর জানান, ঋণের সুদহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যেখানে সুদ ভর্তুকি প্রদান করা হচ্ছে।

বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়া হবে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর কাজ চলছে, যা ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে লেনদেন সম্পন্ন করার সুযোগ দেবে। এতে কারসাজির সুযোগ কমবে এবং বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে এই ব্যবস্থাটি চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসি-সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আন্তর্জাতিক কুরিয়ার খরচ কমবে এবং নথি এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর দীর্ঘ সময়ও বাঁচবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে প্রয়োজনীয় নথি কয়েক মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গভর্নর বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। তিনি ব্যবসায়ী ও ব্যাংকারদের এই প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ আয়োজন করা হয়।

অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এর এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা সেক্টরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। তবে সেগুলোর বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,

প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে।

তিনি বলেন, এসব প্রযুক্তির কারণে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

বহুভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এছাড়া ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে উল্লেখ করে তিনি এ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সম্মিলনে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় সংগীত এবং কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যূত্থানে শহীদের সম্মণ করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে তাল মিলিয়ে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গাছ উপহার দেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি একটি এ্যাপস- ‘দূর্যোগ থেকে স্বস্তি’ শিরোনামে তথ্যচিত্র প্রকাশ করা হয়। যেখানে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় জরুরি পরিস্থিতিতে সতর্কতা ও সহায়তা সংক্রান্ত তথ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর এবং যাতায়াত ব্যবস্থাপনা, বিষয়ক তথ্য ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা  মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়।

পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করাও ছিল এ আয়োজনের উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%