০৫:৩১ পি.এম
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে কিশোরগঞ্জের জনপ্রিয় বাউলশিল্পী পেহেলী ভৈরবীও রয়েছেন। এছাড়াও, এই ঘটনার ফলে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার সময় ওসমানীনগরের দয়ামীর বাজারসংলগ্ন কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ইউনিক পরিবহন কোম্পানির বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু ঘটে, ফলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরের সোবহানীঘাট এলাকার সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুরের খোজাইফা (৪), কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাউলশিল্পী পেহেলী ভৈরবী। উল্লেখিত সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পারিবারিক সূত্রে জানা যায়, পেহেলী ভৈরবী সিলেটে একটি বাউল গানের অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনায় দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, মোট ১৬ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একটি শিশুর মৃত্যু হয়। বর্তমানে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে আহতদের দেখতে যান সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন