০৮:৪৪ এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, "তিনি আসবো আসবো বলে আসবেন না তা কিন্তু হবে না। তাকে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে।"
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, "তিনি নাকি বাংলাদেশে আসবেন। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। এখনই আসেন। আপনার আসতে হবে না আমরা নিয়ে আসবো। পালাইছেন আইড্যা আইড্যা (হেঁটে হেঁটে), আসবেন হ্যান্ডকাপ পইরা। আইস্যা বিচারের মুখোমুখি হবেন। আপনাদের ছাড় দেয়া হবে না। আসবো আসবো বলে আসবেন না তা কিন্তু হবে না।"
আরও পড়ুন: ভিন্নমতের নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা: সরকারের দায়িত্বের প্রতিফলন
তিনি উল্লেখ করেন, "আপনারা ভাবতেছেন যে বাংলাদেশের জনগণ আপনাদের ছেড়ে দেবে। বাংলাদেশের জনগণ অত বোকা না। ১৭ বছর লুটপাট করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করেছেন। আপনাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে গ্রেফতার করেছেন, গুম করেছেন, হত্যা করেছেন। বাংলাদেশের জনগণ রুখে দাঁড়িয়েছিল। ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ পুনরায় স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা ভুলন্ঠিত করতে কাউকে দেয়া হবে না।"
প্রতিমন্ত্রী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বিভাজনের বিরুদ্ধে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। তার জন্যই আজকে আমরা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ যখন হুমকির সম্মুখীন হয়েছে, বাংলাদেশে যখন গণতন্ত্র ভুলন্ঠিত হতে চলেছে, তখনই জিয়া পরিবার বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য কর্মী হিসেবে আমরা আজকে গর্বিত।"
প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের জনগণ জুলাইয়ের হত্যার কথা ভুলে যায়নি। নারী শিশুকে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেইগুলো বাংলাদেশের জনগণ কোনো দিন ভুলবে না।"
আরও পড়ুন: ঢাকায় আজ বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা ও বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে
স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, "আপনাদের বাড়ির আশপাশে আপনাদের পরিচিত, অপরিচিত জানামতে যদি কেউ বিশৃঙ্খলা করতে চায়, দ্রুততম সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের সোপর্দ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। নান্দাইলসহ বাংলাদেশের কোথাও বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ আছে।"
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী যেই উন্নয়ন করে চলেছেন, যেই পরিকল্পনা করে যাচ্ছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নান্দাইলেও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে ১৮৬ টি রাস্তা পিটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তা ইটের সোলিং করা হবে। সাড়ে ১১ কোটি টাকায় বিভিন্ন রাস্তা পুনঃসংস্কার করার জন্য অনুদান এনেছি।"
গৃহহীনদের জন্য ঘর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে ৩৬টি ঘর স্বামী পরিত্যক্তা, বিধবা মা বোনদের ঘরগুলো দিয়েছি। ভবিষ্যতে ১০৪টি ঘর দেয়ার জন্য এই বছর পরিকল্পনা হাতে নিয়েছি। ভবিষ্যতে আরও দেব। নান্দাইলে একের পর এক উন্নয়ন হবে। আপনাদের কর্মী হিসেবেই থাকতে চাই বলে জানান প্রতিমন্ত্রী।
নান্দাইল উপজেলা বিএনপির আয়োজনে এই জনসভায় আরও বক্তব্য রাখেন: নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নজরুল ইসলাম ফকির, রফিকুজ্জামান ভূঁইয়া মনির, অ্যাডভোকেট আবদুস সালাম এবং আবুল খায়ের বাবুল প্রমুখ।
আরও পড়ুন: আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিল ইসরাইলের প্রেসিডেন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন