বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
১১:৩০ পি.এম
ম্যাক্স ডাউম্যান, বয়স মাত্র ১৬, ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন। আর্সেনালের এই বিস্ময় বালক সম্প্রতি তিনটি গিনেস বিশ্বরেকর্ডের আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেছেন। ইংলিশ এবং ইউরোপীয় ফুটবলে তার অসাধারণ উত্থানের স্বীকৃতি হিসেবে এই সনদগুলো তাকে প্রদান করা হয়।
ডাউম্যানের প্রথম রেকর্ডটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাথে সম্পর্কিত। ২০২৫ সালের ৪ নভেম্বর, স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে মাঠে নেমে, ১৫ বছর ৩০৮ দিন বয়সে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন।
এরপর, এ বছরের ১৪ মার্চ, এভারটনের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল করে ডাউম্যান আরেকটি রেকর্ড নিজের করে নেন। ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে তিনি ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়ে ওঠেন।
তৃতীয় রেকর্ডটি গত মৌসুমের শেষে আসে। ২২ বছর পর আর্সেনাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সময়, ১৬ বছর ১৪৪ দিন বয়সে তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই শিরোপা জয়ের রেকর্ড গড়েন।
তিনটি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ফুটবল সংস্করণ ২০২৭-এর ‘ক্লাস অব ২৭’-এর প্রথম খেলোয়াড় হিসেবেও ডাউম্যানের নাম উঠে এসেছে। তার সঙ্গে এই তালিকায় লামিনে ইয়ামাল, জুড বেলিংহাম এবং আর্লিং হালান্ডের মতো তারকারা রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি সিডিডিএলের অবকাঠামোগত সুবিধা, জাহাজ মেরামত ও নির্মাণ কার্যক্রম এবং সার্বিক পরিচালন ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী সিডিডিএল-এর সক্ষমতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সিডিডিএলে এসে পৌঁছালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন তাকে স্বাগত জানান। এ তথ্য রাতে আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
আইএসপিআর জানায়, ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে সিডিডিএল দেশের সামুদ্রিক খাতের উন্নয়ন, নিরাপত্তা ও শিল্পায়নের লক্ষ্যে। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং কার্যক্রম পরিচালনা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর সিডিডিএলকে নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়, যাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করা যায়।
নৌবাহিনীর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সিডিডিএল এ পর্যন্ত ১০৩৬টি দেশি-বিদেশি জাহাজ সফলভাবে মেরামত করেছে। পাশাপাশি কন্টেইনার ভেসেল ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পন্তুন নির্মাণ করেছে। সিডিডিএল জাহাজের ড্রাই ডকিং ও ভাসমান অবস্থায় মেরামত সেবা প্রদান করছে।
সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশের প্রতিরক্ষা শিল্পে দেশীয় প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিডিডিএল আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের পাশাপাশি সম্ভাব্য সহযোগী প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রাথমিক কারিগরি ও প্রক্রিয়াগত কার্যক্রম এগিয়ে নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে বাংলাদেশে ফ্রিগেটসহ আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা ও আত্মনির্ভরতা অর্জনের পথ সুগম হবে।
জাহাজ মেরামত ও নির্মাণের পাশাপাশি দেশের বিভিন্ন মৌলিক শিল্পখাতেও সিডিডিএল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চিনি, কাগজ ও পাল্প, স্টিল, সার ও রাসায়নিক শিল্প এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য বিভিন্ন ধরনের স্টিল কাঠামো, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ট্যাংক, মেটাল রোলার, স্টিল ব্রিজ, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারসহ বিভিন্ন শিল্প ও সিভিল স্ট্রাকচার নির্মাণে প্রতিষ্ঠানটি দক্ষতার স্বাক্ষর রেখেছে।
আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম ও পরিচালন সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সিডিডিএল আইএসও সনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে। সিডিডিএলের বহুমুখী সক্ষমতা ও চলমান উন্নয়ন কার্যক্রম দেশের জাহাজ নির্মাণ ও মেরামত শিল্পের বিকাশ, প্রতিরক্ষা শিল্পে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, জাতীয় শিল্পায়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ তিন বছর পর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ম্যাচটি শুরু হবে।
এটি বাংলাদেশের জন্য নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট হবে। তবে আবুধাবির তীব্র রোদ বাংলাদেশের লাল-সবুজ প্রতিনিধিদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে।
যখন খেলা চলবে, তখন আবুধাবির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই তীব্র গরমকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না। বরং তিনি আফগানদের বিরুদ্ধে ভালোভাবে পরিকল্পনা করে মাঠে নামতে চান।
আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন তো একটু গরম, এটা থাকবেই। তবে আমি পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয় খেলোয়াড়রাও এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছে না।’
বাংলাদেশ সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে। তবে শান্তের কাছে সেই সিরিজ এখন অতীত, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের খুব ভালো একটা সিরিজ গেছে। কিন্তুওইটা এখন আমাদের জন্য অতীত হয়ে গেছে। নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ এবং আমাদেরকে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে।’
এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েছিলেন শান্ত। কিন্তু জ্বরের কারণে খেলতে না পারায় তিনি দেশে ফিরে আসেন। অসুস্থতা থেকে সেরে ওঠা নিয়ে শান্ত বলেন, ‘রিকোভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। গত দুইদিন অনুশীলন করেছি, ভালো অনুভব করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার গিয়াস উদ্দিনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছে। তাকে সচিব পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্তাবলী অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে—তাঁকে যোগদানের তারিখ থেকে এ পদে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার দায়িত্বের আওতায় থাকবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে আটকে রেখেছে।
মাহদী নিজেই গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯.৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’
মাহদীর দাবি, তিনি সকল মামলায় জামিনে থাকলেও তাকে যাত্রা করতে দেওয়া হয়নি। পুলিশ তাকে দেশের বাইরে যাওয়ার জন্য আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দিয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।
এদিকে, বিমানবন্দর থানার ডিউটি অফিসার এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ