ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত


সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে রয়েছে স্বামী-স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়ে। অন্য একটি গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানায়, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর সিভিল ডিফেন্স এবং সৌদি রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

আল-আহসা এবং পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী আল-উকাইর-আল-উয়ুন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর জন্য কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা-সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৬০ শতাংশের বেশি কমেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭ দশমিক ৯ শতাংশ।

সড়ক অবকাঠামোর উন্নয়ন, ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং দ্রুত জরুরি সেবার ব্যবস্থা দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সহায়ক হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

তবে আল-আহসার এই দুর্ঘটনা দেশটির সড়কে এখনও বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। নিহতদের পরিচয় এবং গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দেয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়।

আইআরজিসি জানায়, দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে।

তারা দাবি করেছে, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কিছু বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন পুনরায় ব্যবহার শুরু করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কিছু বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু হয়।

আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: মেহের নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের নীতিমালা প্রণয়ন করছে ইউজিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ক্রস-বর্ডার হায়ার এডুকেশনের নীতিমালা প্রণয়ন করছে ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সংযুক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ইউসিএসআই ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাতকালে তিনি এসব বিষয় তুলে ধরেন।

প্রস্তাবিত নীতিমালার অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্পন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি দেশের যোগ্য ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোকেও বিদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মানসম্মত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে বাংলাদেশে শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়টি প্রস্তাবিত নীতিমালায় বিবেচনা করা হবে।” তবে, শিক্ষার গুণগত মান, একাডেমিক পরিবেশ, সুশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। অনুমোদনপ্রাপ্ত বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের মূল ক্যাম্পাসের মতোই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশের উচ্চশিক্ষায় নতুন ও ভবিষ্যৎমুখী জ্ঞান ও দক্ষতার চাহিদা বিবেচনায় আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়ে একাডেমিক প্রোগ্রাম চালুর উদ্যোগকে উৎসাহিত করা হবে।” বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, রোবোটিকস, নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য উদীয়মান ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে খুব শিগগির পিএইচডি প্রোগ্রাম পরিচালনার অনুমতি দেওয়া হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্বের মানসম্মত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা, যৌথ ডিগ্রি ও অন্যান্য একাডেমিক সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে আরও বেশি সুযোগ পাবেন এবং দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ত্বরান্বিত হবে।

বাংলাদেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মালয়েশিয়ায় শাখা ক্যাম্পাস স্থাপনে ইউসিএসআইয়ের সহযোগিতা কামনা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, “আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন আন্তর্জাতিক পরিসরে নিজেদের একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ করতে পারে, সে বিষয়ে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতার সুযোগ তৈরি করতে চায়।”

ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিরা বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। এ জন্য বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম পরিচালনার অনুমোদন এবং পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতি প্রত্যাশা করেন তারা। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, যৌথ ডিগ্রি এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনার আগ্রহের কথাও জানান প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক টিউশন ফি নির্ধারণ এবং টিউশন ফি ওয়েভারের প্রস্তাব দেয় ইউসিএসআই। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করে প্রতিনিধিদলটি।

এ ছাড়া বাংলাদেশি শিক্ষকদের জন্য ইউজিসির বিদেশি স্কলারশিপ কার্যক্রমে ইউসিএসআইকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এ কার্যক্রমের আওতায় বাংলাদেশি শিক্ষকদের টিউশন ফি ওয়েভারের বিষয়েও সহযোগিতার কথা জানানো হয়।

সভায় আগামী ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ইউসিএসআই ইউনিভার্সিটির সমাবর্তনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদকে আমন্ত্রণ জানানো হয়।

ইউসিএসআই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস দাতুক ড. সিতি হামিসা বিনতে তাপসিরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিসি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, ইনসাইট ইনস্টিটিউট অব লার্নিংয়ের চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফুল বারী মজুমদার এবং ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাসের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ কুশাইরি বিন মোহাম্মদ রাজউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির একটি শাখা ক্যাম্পাস রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে একটি বড় ধাক্কা এসেছে। এর ফলে দেশটির অর্থনীতি ১০ শতাংশেরও বেশি সংকুচিত হয়েছে। এই তথ্যটি ইরানের সরকারি এক পরিসংখ্যানে প্রকাশ করা হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে ইরানে যুদ্ধের সূচনা ঘটে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চের শেষ দিক থেকে জুনের শেষ পর্যন্ত এক বছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১০ দশমিক ১ শতাংশ কমেছে। ইরানের পারস্য বর্ষপঞ্জি অনুযায়ী, এই সময়কে বছরের প্রথম প্রান্তিক হিসেবে গণ্য করা হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও দেশের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু ঘটার পর বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়। এরপর থেকেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে।

ওই হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। পরে সংঘাতটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

এদিকে, যুদ্ধের প্রভাবের পাশাপাশি ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে অতি উচ্চ মূল্যস্ফীতি ও দেশটির মুদ্রার অবমূল্যায়নের সংকটে রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বিদায়ী ম্যাচে ডি মারিয়া থাকবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


মেসির বিদায়ী ম্যাচে ডি মারিয়া থাকবেন

আগামী ৬ অক্টোবর মঙ্গলবার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসি তার ঘরের সমর্থকদের সামনে বিদায় জানাবেন বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। এই ম্যাচটি মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই বিশেষ অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা আনহেল ডি মারিয়া। তিনি এই বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিরুদ্ধে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর ডি মারিয়া মিক্সড জোনে কথা বলেন। সেখানে তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর তিনি বুয়েনস আইরেসেই থাকার পরিকল্পনা করছেন।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলবো, তাই সম্ভবত সেখানেই থেকে যাবো। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকবো’।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের গুরুত্ব নিয়েও সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার মন্তব্য করেন। তার মতে, অধিনায়ককে ছাড়া জাতীয় দলের সামনে বড় পরিবর্তন আসছে।

তিনি বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটা দল! এটা কঠিন হবে, তাই না? বিশেষ করে আর্জেন্টিনাকে, পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করবো।’

আর্জেন্টিনার তিন ম্যাচের এই সিরিজে বেনিনের বিপক্ষে ম্যাচেই কেবল মেসি খেলবেন। রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি এবং জিওভানি লো সেলসোসহ তার দীর্ঘদিনের বেশ কয়েকজন সতীর্থও এই উপলক্ষে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্যান্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%