মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৭ পি.এম
ইসলামাবাদ হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জন্য একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে, যা তাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। আদালত নির্দেশ দিয়েছে যে, এই দম্পতিকে আর কোনোভাবে নির্জন কারাবাসে রাখা যাবে না এবং কারা কর্তৃপক্ষকে জেল আইন অনুযায়ী তাদের সাক্ষাৎ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে তাদের ওপর চলা বিভিন্ন কড়াকড়ির বিরুদ্ধে পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায়টি ঘোষণা করে।
বিচারপতি খাদিম হুসেইন সোমরো রায় ঘোষণার সময় উল্লেখ করেন যে, আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্টকে আদালতের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিপালন প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। রায়ে বলা হয়েছে, ইমরান খানের ওপর থেকে অবিলম্বে নির্জন কারাবাসের আদেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে, জেল বিধি অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবির মধ্যে নিয়মিত সাক্ষাতের ব্যবস্থা করতে হবে এবং ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এছাড়া, তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৌলিক ও আইনি অধিকারগুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিচারক নির্দেশ দিয়েছেন যে, ইমরান খানকে প্রতিদিন নিয়মিত খবরের কাগজ ও বই সরবরাহ করতে হবে এবং জেল কোডের বিধান অনুযায়ী তাকে সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
এর আগে, ইমরান খানের বোন আলিমা খান এবং বুশরা বিবির কন্যা মুবাশহারা খোওয়ার মানেকা পৃথকভাবে আদালতে আবেদন করেছিলেন। তাদের অভিযোগ ছিল যে, আদিয়ালা জেলে ইমরান খানকে একঘরে বা নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন দুর্নীতি মামলায় কারাবন্দী থাকা ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই) বরাবরই দাবি করে আসছে যে, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, বুশরা বিবি বিভিন্ন মেয়াদে দুর্নীতি মামলায় কারাবন্দী হয়ে বর্তমানে আদিয়ালা জেলেই রয়েছেন।
এদিকে, ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে জটিলতা এখনও কাটেনি। গত মাসে সুপ্রিম কোর্ট তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। তবে গত আগস্টের শেষ সপ্তাহে নিরাপত্তার কারণে তাকে সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে পুনরায় আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়। সুপ্রিম কোর্টের আগের আদেশের বরখেলাপের অভিযোগে এই বিষয়ে একটি অবমাননা মামলার শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর তিন সদস্যের একটি বিশেষ বেঞ্চের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দীর্ঘ ১৭ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর এটিই ছিল দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে নেতাকর্মীদের মাঝে দেখা যায় অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবের আমেজ। র্যালি ও আলোচনা সভায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল এবং জিয়া সাইবার ফোর্সসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বদলগাছী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ সকলের জন্য দোয়া করা হয়। আলোচনা সভায় বক্তারা, আদর্শ ও নীতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
আলোচনা সভায় এমপি ফজলে হুদা বলেন, ” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই উপজলার সভাপতি হিসেবে, সংসদ সদস্য এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমাদের দলে প্রতিষ্ঠাবার্ষিকী তার মানে কি, দল সুসংগঠিত করতে হবে। এখন উন্নয়নের কর্মসূচি চলছে, কি কি করেছি এবং কি কি পরিকল্পনা, সব হবে ইনশাল্লাহ্।
আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রামে ছিল। যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিল, তারা এই ৫ বছরে মধ্যে অবশ্যই কোন না কোনভাবে মূল্যায়িত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অ্যাস্টন ভিলা তরুণ প্রতিভায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ইংলিশ ক্লাবটি পিএসজির ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে ভেড়ানোর জন্য ফরাসি ক্লাবটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এমবায়েকে দলে নিতে ভিলার খরচ হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো।
এই তরুণ উইঙ্গারকে দলে পেতে আগ্রহী ছিল আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি ও লিভারপুলের মতো ক্লাবগুলোও। তবে সকল প্রতিযোগিতাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত এমবায়েকে ভিলা পার্কে নিয়ে আসতে সক্ষম হয়েছে অ্যাস্টন ভিলা। এমবায়ে নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন।
পিএসজির একাডেমি থেকে উঠে আসা এমবায়ে গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। এই সময়ে তিনি ৪টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। যদিও প্রতিভার প্রমাণ দেখানোর পরও নিয়মিত একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি।
এদিকে, পিএসজির আক্রমণভাগে ফেরান তোরেস, মিকা গডৎস ও মাগনেস আকলিউশের মতো খেলোয়াড়দের যোগদান ঘটেছে। ফলে প্যারিসে থাকলে এমবায়ের জন্য নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়তে পারতো। অধিক খেলার সুযোগ ও নিয়মিত মাঠে থাকার আশায় তিনি নতুন ঠিকানা বেছে নিয়েছেন।
অ্যাস্টন ভিলায় যাওয়ার পথও ইতোমধ্যে পরিষ্কার হয়েছে। শনিবার পিএসজি ভিলার হয়ে মেডিকেল পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেনেগালিজ এই তরুণ দ্রুতই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন।
তবে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর পুরোনো দলের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে তাঁর। চ্যাম্পিয়নস লিগের ষষ্ঠ ম্যাচে আগামী ৮ ডিসেম্বর ভিলা পার্কে পিএসজিকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। এর আগে অবশ্য প্রিমিয়ার লিগে অভিষেক হতে পারে এমবায়ের। শনিবার হাল সিটির বিপক্ষে ম্যাচে ভিলার জার্সিতে তাঁর অভিষেকের সম্ভাবনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের এক জটিল পরিস্থিতিতে বা সংকটময় পরিস্থিতিতে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই মন্তব্য করেন, ওয়াশিংটন তাদের নিজস্ব ‘মারাত্মক ভুল’ এবং ‘ভুল হিসাব-নিকাশের’ কারণে এই সংকটে পতিত হয়েছে।
বাঘাই আরও জানান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করছে।
তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই যে যুদ্ধ শুরু করেছিল, তা থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে-সে পথ তারা জানে না।
তিনি জানান, ‘এটি স্পষ্ট হয়ে উঠেছে যে তারা এখন তাদের করা বিশাল ভুলের মধ্যে আটকে গেছে, এবং অতিরিক্ত দাবি তোলা তাদের নিয়মিত অভ্যাস। প্রতিবারই তারা ভুল হিসাব-নিকাশের কবলে পড়ে। আমাদের ওপর চাপিয়ে দেওয়া কোনো আদেশ আমরা মেনে নিতে পারি না। তারা যদি এই মনোভাব বজায় রাখে, তবে তারা ভিন্ন কোনো ফলাফল পাবে না।’
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ১ সেপ্টেম্বর ২০২৬ : আজ খুলনার খালিশপুর থানা এলাকার একটি দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার (৬৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত হামিদ খন্দকার খুলনার খালিশপুর থানার ওসমান খন্দকারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হামিদ খন্দকার রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক মোটরসাইকেল এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ