ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসরায়েলি হামলায় পা হারানো লেবানিজ সাংবাদিক ক্রিস্টিনা পেলেন সিপিজে অ্যাওয়ার্ড


ইসরায়েলি হামলায় পা হারানো লেবানিজ সাংবাদিক ক্রিস্টিনা পেলেন সিপিজে অ্যাওয়ার্ড

২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ডান পা হারানো লেবানিজ এএফপি ফটোসাংবাদিক ক্রিস্টিনা আসি ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)-এর ২০২৬ সালের ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। একই হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সিপিজের বার্ষিক অনুষ্ঠানে আসির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর তিনি সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া নিয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আসি বলেন, "যে হামলায় আমার বন্ধু ও সহকর্মী ইসাম আবদুল্লাহ প্রাণ হারিয়েছিলেন এবং আমি গুরুতর আহত হয়েছিলাম, সেই ধ্বংসস্তূপ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার সময় আমার আর্তচিৎকারের মধ্য দিয়েই বিশ্ব আমাকে চিনেছিল।"

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, উদ্বেগ বেড়েছে

তিনি এই পুরস্কারকে অসম্পূর্ণ থেকে যাওয়া প্রতিবেদন, শোকাহত পরিবার এবং যেসব সাংবাদিক আর কখনোই তাঁদের বার্তাকক্ষে ফিরে আসবেন না—তাঁদের প্রতি স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত লেবানন ও গাজায় ২০০-এর বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

মাত্র ১৭ বছর বয়সে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন আসি। সিপিজের প্রকাশিত একটি ভিডিওতে তিনি স্মৃতি চারণ করে বলেন, তিনি কখনো কল্পনাও করেননি যে একদিন তিনি নিজেই খবরের শিরোনাম হবেন।

২০২৩ সালের ১৩ অক্টোবর আসি ও আরও ছয়জন সাংবাদিক দক্ষিণ লেবাননের আলমা আল-শাব এলাকার কাছে চলমান সংঘাতের খবর সংগ্রহ করছিলেন। তাঁরা যখন নিজ নিজ সংবাদমাধ্যমে ছবি ও প্রতিবেদন পাঠাচ্ছিলেন, ঠিক তখনই প্রথম হামলাটি আঘাত হানে। সাংবাদিকেরা কী ঘটেছে তা বুঝে ওঠার আগেই দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়।

এই হামলায় ইসাম আবদুল্লাহ নিহত হন এবং আসি এতটাই গুরুতর আহত হন যে তাঁর ডান পা কেটে ফেলতে হয়। এছাড়া এএফপির সহকর্মী ডিলান কলিন্সসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

আরও পড়ুন: রিয়াদের আকাশে তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সউদী জোটের

হামলাটি 'ভুলবশত' হয়েছিল বলে ইসরায়েল যে ব্যাখ্যা দিয়েছিল, আসি তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের শরীরে স্পষ্টভাবে 'প্রেস' লেখা চিহ্ন ছিল এবং তাঁদের অবস্থানের ঠিক ওপরেই একটি ড্রোন উড়ছিল। তিনি আরও স্মরণ করেন, হামলার সময় তাঁর হাতে যে ক্যামেরাটি ছিল, সেটি ইসাম আবদুল্লাহই তাঁকে দিয়েছিলেন।

এএফপির একটি স্বাধীন তদন্তে উঠে এসেছে, উত্তর ইসরায়েলের জোরদেইখ এলাকা থেকে ১২০ মিলিমিটারের দুটি ইসরায়েলি ট্যাংকের গোলা ছোড়া হয়েছিল। রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সও ঘটনাটি তদন্ত করেছে।

সিপিজে জানিয়েছে, একাধিক স্বাধীন তদন্তে এটি প্রমাণিত হয়েছে যে সাংবাদিকদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং আন্তর্জাতিক আইনের অধীনে এই হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। অথচ ঘটনার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

হামলার পর থেকেই আসি পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ইসাম আবদুল্লাহ ও অন্যান্য সাংবাদিকদের ন্যায় বিচারের দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। সিপিজে জানিয়েছে, তারা প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সরকারের কাছে এই বিষয়টি তুলে ধরেছে।

আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০ জনের বেশি ভর্তি

এছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা পঙ্গুত্ব বা জীবন বদলে দেওয়া আঘাতের শিকার হয়েছেন, সেই সব সাংবাদিকদের পুনর্বাসন কর্মসূচিতেও আসি সহায়তা করছেন। আসি জানান, শারীরিক ভারসাম্য পুরোপুরি ফিরে পাওয়ার চেষ্টা চলায় তিনি এখনো সরাসরি মাঠে ফিরে সাংবাদিকতা শুরু করতে পারেননি। তবে ভবিষ্যতে এমন সব গল্প তুলে ধরার আশা রাখেন, যা অন্যথা উপেক্ষিত বা ধামাচাপা পড়ে যেত।

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে প্রাণ হারানো সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে ২০২৪ সালের জুলাই মাসে প্যারিস অলিম্পিকের মশাল বহন করেছিলেন ক্রিস্টিনা আসি। ২০২৬ সালের সিপিজে 'ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড' প্রাপ্ত অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ প্যানি এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আওয়ামী লীগের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না’: আনিসুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


‘আওয়ামী লীগের সঙ্গে এ দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না’: আনিসুর রহমান

গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ যে আচরণ করেছে, তাতে এ দেশের মানুষের সঙ্গে দলটির আর কোনো সম্পর্ক থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, ‘আওয়ামী লীগ একটু শক্তি সঞ্চয় করে গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা করেছে, তা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। তাদের আচরণেই প্রমাণ হয়েছে, তারা কেমন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। থানা ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটিয়েছে তারা। এ দেশের মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তারা মানুষের হৃদয় থেকে উঠে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে মসজিদের ইমাম, মাদ্রাসার নাবালক শিক্ষার্থী, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। ১৭ বছর পর দেশের মানুষ তাদের জবাব দিয়েছে। সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু আবারও শক্তি সঞ্চয় করে আওয়ামী লীগ আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ একটি ক্ষতিকর শক্তি। এ দেশে তাদের জায়গা দেওয়া ঠিক হবে না।’

সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএর মাদারীপুর জেলা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ার। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সহসভাপতি কে. এম. শহীদুল্লাহ, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং জেলা সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুন।

অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য গঠিত বিপিএইচসিডিএর ২১ সদস্যবিশিষ্ট মাদারীপুর জেলা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউ উপাচার্যের নবীনদের জ্ঞানচর্চা ও ভালো মানুষ হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


ডিআইইউ উপাচার্যের নবীনদের জ্ঞানচর্চা ও ভালো মানুষ হওয়ার আহ্বান

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিবিএ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই), আইন ও ফার্মেসি বিভাগের ১৬০ নবীন শিক্ষার্থী নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চা, সহশিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জনের জায়গা নয়; এটি জ্ঞান আহরণ, মুক্ত আলোচনা, মতবিনিময় ও নতুন চিন্তার বিকাশের উন্মুক্ত ক্ষেত্র।" তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যে বিষয়ে ভর্তি হয়েছে, সেই বিষয়ের বাইরেও অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ বিশ্ববিদ্যালয়ে রয়েছে।

তিনি বলেন, "শিক্ষার্থীদের আগামী চার বছর শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন ও পুরোনো জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে নিজেদের বিকশিত করতে হবে।" শিক্ষকেরা নতুন জ্ঞান আহরণ করবেন এবং শিক্ষার্থীদের সামনে তা ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করবেন। এর মধ্য দিয়ে নতুন জ্ঞান সৃষ্টি হবে, যা দেশ, সমাজ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয়ের স্বাধীন শিক্ষাব্যবস্থা সম্পর্কে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। তবে এই স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার বিষয়টিও গুরুত্বপূর্ণ।" তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, "বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম অত্যন্ত কঠোর। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।"

তিনি আরও বলেন, "ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নকলমুক্ত, ধূমপানমুক্ত, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ে সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা সভা, সামাজিক কার্যক্রম ও অন্যান্য আয়োজন অনুষ্ঠিত হয়।" শিক্ষার্থীদের এসব কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি গ্রন্থাগার, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ গ্রহণ করতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।" শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে হবে।

বক্তব্যের শেষাংশে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সনদধারী করে তুলতে চায় না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, যারা ভবিষ্যতে দেশ, জাতি ও পরিবারের সেবা করবে।" ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় ধারণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসকেডি/ আরটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি চাকরিতে ভার্টিক্যাল ও হরিজন্টাল পদোন্নতি: নিয়ম জানুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


সরকারি চাকরিতে ভার্টিক্যাল ও হরিজন্টাল পদোন্নতি: নিয়ম জানুন

সরকারি চাকরিতে পদোন্নতি কি শুধুমাত্র বেতন বৃদ্ধির বিষয়? নাকি পদোন্নতির পাশাপাশি একজন কর্মচারীর বেতন গ্রেডও বৃদ্ধি পেতে পারে? সরকারি চাকরিজীবীদের মধ্যে এ নিয়ে দীর্ঘ সময় ধরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়টি নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি ও বেতন গ্রেড পরিবর্তনের বিষয়টি বোঝার জন্য ভার্টিক্যাল (Vertical) এবং হরিজন্টাল (Horizontal) অগ্রগতির ধারণা জানা প্রয়োজন। উভয় ব্যবস্থায় কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে পদের মর্যাদা, দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।

ভার্টিক্যাল পদোন্নতি কী?

ভার্টিক্যাল বা উল্লম্ব পদোন্নতি বলতে বোঝায় একজন কর্মচারীর বর্তমান পদ থেকে উচ্চতর পদে উন্নীত হওয়া। অর্থাৎ, কর্মচারী শুধুমাত্র বেতন বৃদ্ধি পান না, বরং তার পদবি, দায়িত্ব এবং সাংগঠনিক অবস্থানেও পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ, একজন অফিস সহকারী পদে কর্মরত কর্মচারী যদি নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতি পেয়ে উচ্চমান সহকারী হন, তাহলে সেটি ভার্টিক্যাল পদোন্নতি হিসেবে গণ্য হবে। একইভাবে, একজন প্রশাসনিক কর্মকর্তা যদি পদোন্নতি পেয়ে আরো উচ্চতর প্রশাসনিক পদে উন্নীত হন, সেটিও ভার্টিক্যাল পদোন্নতির উদাহরণ।

এ ধরনের পদোন্নতির ক্ষেত্রে সাধারণত কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। যেমন—

১. সংশ্লিষ্ট পদের বিপরীতে অনুমোদিত শূন্য পদ থাকতে হবে।

২. কর্মচারীকে নিয়োগবিধিতে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

৩. প্রয়োজনীয় চাকরিকাল সম্পন্ন করতে হবে।

৪. প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা বা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

৫. কর্তৃপক্ষের অনুমোদন এবং পদোন্নতি কমিটির সুপারিশ প্রয়োজন হতে পারে।

অর্থাৎ, দীর্ঘ সময় চাকরি করলেই ভার্টিক্যাল পদোন্নতি নিশ্চিত হয় না। সংশ্লিষ্ট নিয়োগবিধি, যোগ্যতা, শূন্য পদ এবং প্রশাসনিক প্রক্রিয়া এখানে গুরুত্বপূর্ণ।

হরিজন্টাল পদোন্নতি বা উচ্চতর গ্রেড কী?

হরিজন্টাল বা সমান্তরাল অগ্রগতি বলতে সাধারণভাবে একই পদে বহাল থেকে বেতন গ্রেড বা আর্থিক সুবিধা বৃদ্ধি পাওয়াকে বোঝানো হয়। এখানে কর্মচারীর পদবি ও মূল দায়িত্ব অপরিবর্তিত থাকতে পারে, কিন্তু বেতন কাঠামোয় উন্নতি ঘটে।

বাংলাদেশের সরকারি চাকরিতে প্রচলিত এই ধারণার সঙ্গে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর উচ্চতর গ্রেড সুবিধার সম্পর্ক রয়েছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর অনুচ্ছেদ ৭ অনুযায়ী—

প্রথম উচ্চতর গ্রেড: কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে ১০ বছর পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার বিধান রয়েছে। দ্বিতীয় উচ্চতর গ্রেড: প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পরবর্তী ৬ বছরে পদোন্নতি না হলে ৭ম বছরে, অর্থাৎ চাকরির ১৭তম বছরে, পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়ার বিধান রয়েছে।

তবে এই সুবিধা প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট চাকরিবিধি ও আদেশের শর্ত অনুসরণ করতে হয়। তাই প্রত্যেক কর্মচারীর ক্ষেত্রে একইভাবে সুবিধা প্রযোজ্য হবে—এমন ধারণা সঠিক নয়।

কারা হরিজন্টাল বা উচ্চতর গ্রেড সুবিধা পেতে পারেন?

যেসব কর্মচারীর চাকরিতে পদোন্নতির সুযোগ সীমিত বা পদোন্নতির সুযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন পদোন্নতি হয়নি, তাদের জন্য উচ্চতর গ্রেড সুবিধা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব পদকে ব্লক পোস্ট হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ যেসব পদের পরবর্তী পদে পদোন্নতির নিয়মিত সুযোগ নেই, সেসব পদে কর্মরত কর্মচারীদের জন্য এই সুবিধা আর্থিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। তবে উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা শুধু ব্লক পোস্টে কর্মরত থাকার ওপর নির্ভর করে না। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর অনুচ্ছেদ ৭-এ নির্ধারিত শর্ত পূরণ করাই মূল বিষয়।

নতুন বেতন কাঠামো

ভার্টিক্যাল ও হরিজন্টাল পদোন্নতির প্রধান পার্থক্য

ভার্টিক্যাল পদোন্নতিতে কর্মচারী উচ্চতর পদে উন্নীত হন। ফলে পদবি, দায়িত্ব এবং প্রশাসনিক অবস্থানের পরিবর্তন ঘটে। অন্যদিকে, হরিজন্টাল অগ্রগতিতে কর্মচারী একই পদে থেকে উচ্চতর বেতন গ্রেড বা আর্থিক সুবিধা পেতে পারেন। ভার্টিক্যাল পদোন্নতির ক্ষেত্রে কর্মচারীর ভবিষ্যৎ কর্মজীবনে আরও উচ্চতর পদে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে, উচ্চতর গ্রেড মূলত দীর্ঘদিন একই পদে কর্মরত কর্মচারীর আর্থিক অগ্রগতির ব্যবস্থা। তবে দুটি ব্যবস্থাকে সব ক্ষেত্রে সরাসরি একে অপরের বিকল্প হিসেবে বিবেচনা করা যায় না। কারণ পদোন্নতি এবং উচ্চতর গ্রেডের যোগ্যতা ও কার্যকারিতা পৃথক বিধান দ্বারা নিয়ন্ত্রিত।

কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

সামগ্রিকভাবে বিবেচনা করলে, ভার্টিক্যাল পদোন্নতি একজন কর্মচারীর কর্মজীবনের উন্নতির ক্ষেত্রে বেশি বিস্তৃত সুযোগ তৈরি করে। কারণ এতে পদবি, দায়িত্ব, প্রশাসনিক ক্ষমতা এবং ভবিষ্যৎ পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে। অন্যদিকে, হরিজন্টাল সুবিধা এমন কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন একই পদে কাজ করছেন কিন্তু পদোন্নতির সুযোগ পাচ্ছেন না। উচ্চতর গ্রেড তাদের বেতন বৈষম্য কমাতে এবং আর্থিক অবস্থার উন্নতি করতে সহায়তা করে। নতুন বেতন কাঠামো। সুতরাং, ভার্টিক্যাল পদোন্নতি কর্মজীবনের সামগ্রিক উন্নতির সঙ্গে সম্পর্কিত, আর হরিজন্টাল অগ্রগতি মূলত একই পদে থেকে আর্থিক সুবিধা বৃদ্ধির ব্যবস্থা।

কর্মচারীদের জন্য কেন বিষয়টি জানা জরুরি?

অনেক কর্মচারী দীর্ঘদিন একই পদে চাকরি করার পরও পদোন্নতি না পাওয়ায় হতাশ হন। আবার অনেকে মনে করেন, উচ্চতর গ্রেড পাওয়া মানেই পদোন্নতি পাওয়া। বাস্তবে, দুটি বিষয় এক নয়। তাই নিজের নিয়োগবিধি, চাকরির যোগদানের তারিখ, পদোন্নতির ইতিহাস এবং উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরি। বিশেষ করে ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের হিসাব করার সময় সংশ্লিষ্ট চাকরির ইতিহাস এবং প্রযোজ্য সরকারি আদেশ যাচাই করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে কাকলি খেলাঘরের আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে কাকলি খেলাঘরের আর্থিক সহায়তা

কিশোরগঞ্জের ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ জন মেধাবী এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে স্বনামধন্য শিশু-কিশোর সংগঠন কাকলি খেলাঘর আসর। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং আর্থিক সংকটের কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

২১ নভেম্বর, শনিবার বিকেল সাড়ে ৩টায় ভৈরব শহরের রেলওয়ে স্কুল সংলগ্ন কাকলি খেলাঘর আসরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অর্থ ও গোলাপ-রজনীগন্ধার ফুলের স্টিক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকলি খেলাঘর আসরের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সাইজ উদ্দিন খান, কাকলি খেলাঘর আসরের সহসভাপতি সজল কুমার দেবনাথ এবং সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষা সহায়তা কার্যক্রমের সভাপতি অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকলি খেলাঘর আসরের সিনিয়র সহসভাপতি সাংবাদিক নজরুল ইসলাম রিপন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক ও কাকলি খেলাঘরের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, কাকলি খেলাঘরের প্রাক্তন সদস্য ও বাজিতপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: চন্দ্র শেখর দত্ত, কাকলি খেলাঘরের যুগ্ম সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও জনি আলম।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে বিষয়ে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। কাকলি খেলাঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধান আলোচক অধ্যাপক প্রণয় সাহা বলেন, খেলাঘর শুধু শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশের সংগঠন নয়, বরং একটি মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গঠনের আন্দোলন। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি তাদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও খেলাঘর কাজ করে যাচ্ছে। অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এ কার্যক্রম সেই মানবিক দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হান্নান চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দিতে পারলে তারা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার পথ সুগম করতে খেলাঘরের এ উদ্যোগ প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই ৫০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও ফুল তুলে দেওয়া হয়। পরে অতিথি, শিক্ষার্থী ও খেলাঘরের সদস্যরা একসঙ্গে ফটোসেশনে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%