বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৬:২৯ পি.এম
চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর অংশ হিসেবে, বৃহস্পতিবার (৯ জুলাই) তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন—৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আজ তিনজনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরখাস্তের তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক ডিআইজি নূরে আলম মিনা, সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ডিআইজি এ কে এম এহসানউল্লাহ, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার এবং ডিআইজি টুটুল চক্রবর্তী।
তালিকায় আরও আছেন—সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, রিফাত রহমান শামীম, সুদীপ কুমার চক্রবর্তী, সঞ্জিত কুমার রায়, সাবেক উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, মো. ইকবাল হোসাইন, মো. নাজমুল ইসলাম, মানস কুমার পোদ্দার, কাজী মনিরুজ্জামান, মো. শাহ নূর আলম পাটওয়ারী ও এটিইউর সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এ ছাড়া পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে তালিকায় রয়েছেন—মো. আলী আশরাফ ভূঞা, জেসমিন কেকা, মো. আবু মারুফ হোসেন, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. রহমত উল্লাহ চৌধুরী, মো. তারেক বিন রশিদ, মো. আসাদুজ্জামান, আরিফুর রহমান মন্ডল, মোহাম্মদ জায়েদুল আলম, মো. শাহজাহান, গোলাম মোস্তফা রাসেল, হাসান আরাফাত, রাজীব দাস, হাসানুজ্জামান মোল্যা, মো. হাফিজ আল ফারুক, রুবাইয়াত জামান, এস এম জাহাঙ্গীর হাছান, রাজন কুমার দাস, মো. মাসুদুর রহমান মনির, মোৎ. রাশেদুল ইসলাম, তোহিদুল ইসলাম, মো. রওশানুল হক সৈকত ও এস এম শামীম।
সহকারী পুলিশ সুপার ও সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে বরখাস্তের তালিকায় আছেন—মো. হাবিবুল্লাহ দালাল, মো. আরিফুজ্জামান, মো. আল ইমরান হোসেন, মোহাম্মদ ইমরুল, শাহ আলম মো. আখতারুজ্জামান ইসলাম, ইফতেখারুল ইসলাম, পলাশ রঞ্জন দে, মফিজুর রহমান পলাশ, মো. গোলাম রুহানী ও নাহিদ ফেরদৌস। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় যখন তিনি খাবার ডেলিভারি দিচ্ছিলেন, তখনই দুর্বৃত্তদের গুলিতে তার প্রাণ হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ হন মাহফুজুল হক। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুল হক ছিলেন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ফুড ডেলিভারি সার্ভিস ‘ডোরড্যাশ’র একজন কর্মী। তিনি বাড়িতে বাড়িতে অনলাইন গ্রাহকদের খাবার পৌঁছে দেওয়ার মাধ্যমে কাজ করছিলেন।
ঘটনার স্থান থেকে তার গাড়ি, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের ব্যবহৃত দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে, পুলিশ ধারণা করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন মুখোশধারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের রায় আজ আদালত ঘোষণা করেছেন। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকার অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই আলোচিত হত্যা মামলার রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
এই হত্যাকাণ্ডের চার মাস পর আজ রায় প্রদান করা হলো। দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের সাজা দেন।
গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরা মনিকে তার বাড়ি থেকে বাইরে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকার পাহাড়ে গিয়ে ইরাকে ধর্ষণের চেষ্টা করার পর ধারালো ছুরি দিয়ে তার গলা কাটার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ইরার মৃত্যু হয়।
সেদিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে বাবু শেখকে পুলিশ গ্রেফতার করে। ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র ১০ কার্যদিবসের মধ্যে এই মামলার রায় দেওয়া হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহাসড়কের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাছে দক্ষিণকান্দী গ্রামে এই মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। এরপর তারা বিষয়টি নগরকান্দা থানায় জানান এবং পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘মরদেহের পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনার আমতলী উপজেলায় অংশীদারদের অংশগ্রহণে এরিয়া প্রোগ্রামের বার্ষিক পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতা, যুব প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা সকলেই এলাকার সার্বিক উন্নয়ন, শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার উন্নয়ন ও কমিউনিটি অংশগ্রহণকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী উপজেলার সোনালী কমিউনিটি সেন্টারে আমতলী এরিয়া প্রোগ্রাম (এপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এরিয়া প্রোগ্রামের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। কর্মশালা সঞ্চালনা করেন এনএসএস-এর মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট আখতারুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিকুল আলম। তিনি উল্লেখ করেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির চাইল্ড প্রোটেকশন ও এপি স্পন্সরশিপ অফিসার চার্চিল দাস, এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, এনএসএস-এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবু জিহাদ, ওয়ার্ল্ড ভিশনের জুনিয়র প্রোগ্রাম অফিসার অতিদাস ও প্রতিভা মণ্ডল, এনএসএস-এর ফিল্ড অপারেশন অফিসার মো. জহিরুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যাকলিন টুম্পা মণ্ডল, খোকন দাস, রাধা রানী এবং তানিয়া আক্তার।
এছাড়াও, কর্মশালায় তারুণ্যের আলো যুব ফোরামের সভাপতি মুক্তারানী, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উপকারভোগী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় গত এক বছরে এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি, সাফল্য, চ্যালেঞ্জ ও অর্জন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। আলোচনায় শিশু সুরক্ষা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী-যুব উন্নয়ন এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সরকারি দপ্তর ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ এবং জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
এ ধরনের অংশগ্রহণমূলক কর্মশালার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা আগামী বছরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ