০২:৫৬ পি.এম
নেত্রকোনার মদনে আলোচিত শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক আব্দুস সালাম এই রায় প্রদান করেন।
নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. নুরুল কবীর রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড
মামলার বিস্তারিত বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর ওই শিশুটিকে নিজ মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখানো হয়। ভয়ের কারণে শিশুটি ঘটনাটি গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১২ বছর বয়সী শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে তৎকালীন র্যাব-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়।
আইনি প্রক্রিয়া চলাকালীন গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তান জন্ম দেয়। পরবর্তীতে আদালতের নির্দেশে সিআইডির একটি দল ভুক্তভোগীর নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়। ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সাথে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯% হুবহু মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ শতভাগ নিশ্চিত করে।
আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ
ডিএনএ রিপোর্টের অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তকারী কর্মকর্তা মদন থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন