প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা শুরু হবে আগামী ১৫ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরীক্ষার নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে উভয় পরীক্ষা সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আগে ভর্তি হওয়া যেসব শিক্ষার্থী পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাদের ক্ষেত্রেও এই শিক্ষাবর্ষের নিয়ম প্রযোজ্য হবে। ইনকোর্স পরীক্ষায় ১০ এবং অ্যাসাইনমেন্টে ৫ নম্বর নির্ধারিত রয়েছে। উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
এছাড়া, ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতির জন্য ন্যূনতম ৩ নম্বর পেতে হবে। এসব শর্ত পূরণ না হলে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের জন্য যোগ্য বিবেচিত হবেন না। দুটি ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে জমা দিতে হবে।
নম্বর এন্ট্রির নির্দিষ্ট সময় পরে জানানো হবে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে। নির্ধারিত সময়ের পর নম্বর এন্ট্রির সুযোগ থাকবে না এবং অনলাইন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীর ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করা থাকবে, কেবল তাদের নামই ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত হবে।
আগের পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া এবং মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন করে ইনকোর্স পরীক্ষা দিতে হবে না। তাদের পূর্বের ইনকোর্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকেরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। একবার নম্বর ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা পুনরায় ইনপুট দেওয়ার সুযোগ থাকবে না।
এছাড়া, দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক প্যাকেটে সংরক্ষণ করে একসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন