০৬:৪৪ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নির্মাণ নিষিদ্ধের সিদ্ধান্ত, পরিবেশবান্ধব পর্যটনে গুরুত্
ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সামগ্রিক উন্নয়নে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহায়তায় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। এতে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটন শিল্পের বিকাশের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
সেন্টমার্টিন ও সোনাদিয়ায় নতুন স্থাপনা নিষিদ্ধ
পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে নতুন করে কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি না করে কেবল ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ইসিএ এলাকার সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ
মন্ত্রী আরও জানান, পূর্বে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছিল বলে পর্যালোচনায় এসেছে। এ বিষয়ে পরিবেশ আইনের সংশ্লিষ্ট বিধান এবং হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে বিস্তারিত সারসংক্ষেপ তৈরি করা হবে। পরবর্তী সময়ে এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
এ ছাড়া সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণসংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সমন্বিত পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
মহেশখালীর মেগা প্রকল্পের সঙ্গে সমন্বয়
মহেশখালীতে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে বিদ্যুৎকেন্দ্র, পাওয়ার হাব, টার্মিনালসহ বিভিন্ন বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের সঙ্গে পর্যটন উন্নয়ন পরিকল্পনার যেন কোনো ধরনের দ্বৈততা বা সমন্বয়হীনতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে কক্সবাজারের অবস্থান আরও শক্তিশালী হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পদ্মা সেতু সংলগ্ন জাজিরার নাওডোবা এলাকায় সংঘর্ষে দুজন নিহত হওয়ার বিষয়ে তিনি জানান, স্থানীয়দের মধ্যকার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক রয়েছে। কথিত লকডাউনকে কেন্দ্র করে নতুন করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
সূত্র: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৬ : আজ জেলা যুবদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যা দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আজ রোববার দুপুরে শহরের রথখলা এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মর্তুজা আল কামাল (মুস্তাক), জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
এর আগে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে মূল বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডিসি (উপ-কমিশনার) পদে ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি কালের কণ্ঠকে জানান, "নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের সদস্যরা কাজ করছে। প্রশাসনিক প্রয়োজনে এই রদবদল আনা হয়েছে।"
নতুন আদেশ অনুযায়ী, সিএমপির ডিসি পশ্চিম আলমগীর হোসেনকে ডিসি বন্দর জোনে পদায়ন করা হয়েছে। ডিসি বন্দর আমিরুল ইসলামকে ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সিএমপিতে নতুন পদায়নকৃত ডিসি আরেফিন জুয়েলকে ডিসি নর্থ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিসি ট্রাফিক পশ্চিম নিস্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনের ডিসির দায়িত্বও প্রদান করা হয়েছে।
ডিসি এস্টেট এন্ড ডেভেলপমেন্ট আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের ডিসি পদে পদায়ন করা হয়েছে। ডিসি নর্থ হাসান মোস্তফা স্বপনকে ডিসি ওয়েলফোর এন্ড ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক বাবা তার ছেলেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ত্যাজ্য ঘোষণা করেছেন। বরগুনার আমতলীর রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করে নোটারি পাবলিকের মাধ্যমে ঘোষণা পত্র প্রদান করেছেন ইদ্রিস মৃধা। উল্লেখ্য, রাহাত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ রবিবার বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এই ঘোষণা কার্যকর করা হয়।
নোটারি পাবলিকের অঙ্গীকারনামায় ইদ্রিস মৃধা উল্লেখ করেন, "আমার ছেলে রাহাত মৃধা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত।" তিনি আরও বলেন, "তাকে একাধিকবার রাজনীতি না করার জন্য নিষেধ করলেও সে আমার কথা অমান্য করে তার মনমতো চলে আসছে। আমি তাকে রাজনীতি ছেড়ে ভালোভাবে চলার কথা বললেও সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমি আমার বাকি জীবনের ভবিষ্যতের চিন্তা করে পুত্রকে ত্যাজ্য ঘোষণা করলাম।"
এছাড়া, তিনি ছেলে রাহাত মৃধার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ইদ্রিস মৃধা বলেন, "আমার ছেলে অবাধ্য হওয়ায় তাকে আইনগতভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আজ থেকে তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।"
অন্যদিকে, রাহাত মৃধা জানিয়েছেন, "শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমার পরিবার আমাকে ত্যাজ্য ঘোষণা করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে বাকিটা জীবন চলতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে আমার কোনো সমস্যা নেই।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ