১০:২৮ এম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। ক্যারাম খেলার আয়োজন অডিটোরিয়ামে করা হয় এবং কলেজের খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৭ এর আহ্বায়ক প্রফেসর শামীম আহসান। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহারসহ কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ব্রাজিল দল থেকে বাদ পড়া আলিসনই প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা খেলোয়াড়
স্বাগত বক্তব্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রফেসর শামীম আহসান বলেন, "কমিটির প্রত্যেক সদস্যের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই আজকের আয়োজন সম্ভব হয়েছে।" তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
বক্তব্যের শেষে তিনি ক্রীড়াবিষয়ক একটি গানের লাইন পরিবেশন করেন, "বাংলাদেশের দুরন্ত সন্তান, আমরা দুর্বার - দুর্জয়, ক্রীড়া জগৎকে টিকিয়ে রাখব, এটাই আমাদের পরিচয়।"
শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শামসুন্নাহার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ শিক্ষার্থীরা। তারা খেলবে, আর শিক্ষকরা তা উপভোগ করবেন।" তিনি উল্লেখ করেন, ছোটোবেলায় সারা বছরই খেলাধুলার চর্চা ছিল। তবে বর্তমানে তরুণ প্রজন্মের একটি বড় অংশ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে এবং মাদকের মতো নেতিবাচক প্রবণতায় জড়িয়ে পড়ছে। তিনি বলেন, "এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম উপায় খেলাধুলা। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।"
তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি পরিহার করে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জয়-পরাজয় মেনে নিয়ে সবাইকে আনন্দের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং একে অপরকে উৎসাহিত করার পরামর্শ দেন।
আরও পড়ুন: বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে গ্রুপসেরা
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর তছমিনা বেগম চৌধুরী বলেন, "ক্রীড়া মানেই আনন্দ।" তিনি নিজেও পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করেছেন এবং কর্মজীবনেও বিভিন্ন স্থানে খেলাধুলায় অংশ নিয়েছেন। তাঁর মতে, "পুরস্কার পাওয়াই বড় কথা নয়, বরং খেলাধুলার আনন্দ উপভোগ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, "সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা প্রয়োজন।" শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সুস্থ শরীর ও সুন্দর মন থাকলে জীবনে সাফল্য অর্জন সহজ হয়।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন বলেন, "জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।" শিক্ষার্থীদের জন্য একটি বড় খেলার মাঠের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "বাসা কিংবা ক্যাম্পাস—কোথাও শিক্ষার্থীদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নেই।" তিনি আরও বলেন, "খেলাধুলা মানুষের মনকে শান্ত ও প্রফুল্ল রাখে।"
তিনি বলেন, "খেলাধুলার সুযোগ ও চর্চা কমে যাওয়ায় অনেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, ফলে মানুষের মধ্যে অলসতা বাড়ছে।" কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অতিরিক্ত নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ছোটোখাটো বিষয়েও এআইয়ের ওপর নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও মেধার চর্চাকে প্রভাবিত করতে পারে বলে মন্তব্য করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: ৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ প্রফেসর ফরিদা ইয়াছমিন উপস্থিত শিক্ষার্থীদের ক্রীড়া শপথবাক্য পাঠ করান, "ঐতিহ্যবাহী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আজকের বার্ষিক প্রতিযোগিতায় আমরা এই মর্মে শপথ করিতেছি যে প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব প্রকাশ করিয়া, বিচারকমণ্ডলীর রায়ের প্রতি শ্রদ্ধা জানাইয়া, খেলাধুলার সব আইন-কানুন মানিয়া চলিব এবং কলেজের সুনাম ও ঐতিহ্য রক্ষার্থে সচেষ্ট থাকিব।"
এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন