০৫:৪৪ পি.এম
বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি রাজ্যের পুলিশমন্ত্রীও।’
শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনকে এমনভাবেই ভরসা দেন। অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত না হলেও, হঠাৎ করে সেখানে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে লেখিকাকে স্বাগত জানিয়ে শুভেন্দু অধিকারী তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন। সেই সময়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। এই রাজ্যে সবার আসার সুযোগ রয়েছে এবং সবার কথা বলার স্বাধীনতা বিদ্যমান। তসলিমা নাসরিন, যিনি অত্যন্ত সম্মানীয় লেখিকা, এই বঙ্গভূমিতে গত শুক্রবার (৩১ জুলাই) এসেছেন। আজকের কর্মসূচির মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত আছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোংলা বন্দর ঘুরে দেখলেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে ধমক-চমক, দেখে নেবো, আটকে দেবো- এসব জিনিস অতীত হয়ে গেছে।
এরপর লেখিকার উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, এখানে আমি আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আছেন বলেই, তাকে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে স্বাগত জানালাম। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর।
শুভেন্দু অধিকারী তসলিমা নাসরিনের উদ্দেশে আরও বলেন, আপনি একবার নয়, পশ্চিমবঙ্গে বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তিনি জানান, পশ্চিমবঙ্গে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনা আটকে দেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন