ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার


ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার

সুন্দরবনের রাস পূর্ণিমা উপলক্ষে নদীপথে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করা পুণ্যার্থীদের নিয়ে একটি বোট ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর কোস্টগার্ড ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে। সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে রাস পূর্ণিমার উদ্দেশ্যে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী বোটটি যাত্রা শুরু করে। পরবর্তী দিন রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নদীতে ভাসতে শুরু করে এবং যাত্রীরা বিপদে পড়েন।

এ অবস্থায় বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হতে কার্বন নিঃসরণ কমাচ্ছে

তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। তাদের পরবর্তী গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে। জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার চিপবাজারে ধস, প্রযুক্তিনির্ভরতা কম হওয়ায় সুবিধা পাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


এশিয়ার চিপবাজারে ধস, প্রযুক্তিনির্ভরতা কম হওয়ায় সুবিধা পাচ্ছে ভারত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শেয়ারবাজারে অস্থিরতার প্রেক্ষাপটে ভারত এশিয়ায় একটি সুবিধাজনক অবস্থানে উঠে এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা এআই ও সেমিকন্ডাক্টর খাতে কম নির্ভরশীল হওয়ায় দেশটির শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি করছেন।

যুক্তরাষ্ট্রের কঠোর চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের দাম কমে আসার প্রভাবও এই পরিস্থিতিতে যুক্ত হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, ভারতের প্রধান শেয়ারসূচক বিএসই সেনসেক্স গত ৩ নভেম্বর থেকে ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। এআই খাতে অতিরিক্ত বিনিয়োগ এবং ভবিষ্যৎ মুনাফা নিয়ে উদ্বেগের কারণে এসব বাজারে চাপ সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এআই ও চিপ খাতের ওপর নির্ভরশীল বাজারগুলো থেকে বিনিয়োগকারীরা অর্থ সরিয়ে নিচ্ছেন। ফলে ভারত ও ইন্দোনেশিয়ার মতো তুলনামূলক কম প্রযুক্তিনির্ভর দেশের শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

ইউনিয়ন ব্যাংকের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ কার্লোস ক্যাসানোভা মন্তব্য করেছেন যে, এআই খাতে বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ বাড়লে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের বাজার থেকে বিনিয়োগকারীরা সরে আসতে পারেন। এর ফলে দুই বছর পর ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফেরার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র চীনা প্রতিষ্ঠানগুলোর উন্নত প্রযুক্তির চিপ ও কম্পিউটিং সুবিধা পাওয়ার পথ সীমিত করতে নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। সোমবার দেশটির বাণিজ্য বিভাগ এ-সংক্রান্ত নতুন নিয়ম করেছে। গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকস জানিয়েছে, এর প্রভাব দক্ষিণ-পূর্ব এশিয়ার ডেটা সেন্টার খাতের বিনিয়োগেও পড়তে পারে।

ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আরেকটি কারণ হলো জ্বালানি তেলের দাম কমে আসা। ১৬ অক্টোবর প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১০ ডলারে উঠেছিল।

সোমবার তা কমে ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে। তেলের দাম কমলে আমদানিনির্ভর ভারতের অর্থনীতিতে স্বস্তি আসতে পারে। এতে দেশটির মুদ্রা রুপির ওপর চাপও কমার সম্ভাবনা রয়েছে।

মার্শের এশিয়া অঞ্চলের মাল্টি-অ্যাসেট বিভাগের প্রধান ক্যামেরন সিস্টারম্যান বলেছেন, গত তিন সপ্তাহে ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ফিরেছে। তবে এই প্রবণতা কত দিন স্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়। তার মতে, এআই খাতের প্রবৃদ্ধি হঠাৎ কমে গেলে ভারতের মতো কম প্রযুক্তিনির্ভর বাজার বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি সামাল দেওয়ার ভালো বিকল্প হতে পারে।

ভারতের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরের এখন পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে নিট ৯৬১ কোটি ডলারের শেয়ার কিনেছেন। এর মধ্য দিয়ে ২০২০ সালের নভেম্বরে গড়া মাসিক রেকর্ড ছাড়িয়ে গেছে।

শেয়ারবাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ভারতের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বাজারতথ্য প্রতিষ্ঠান প্রাইম ডেটাবেজের ব্যবস্থাপনা পরিচালক প্রণব হালদিয়া বলেছেন, এআই প্রযুক্তির বিস্তার ভারতের প্রচলিত সফটওয়্যার সেবা খাতের ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে আপাতত বাজারের পরিস্থিতি ইতিবাচক।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের কোম্পানিগুলোর মুনাফা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা কমা ও তেলের দাম হ্রাসও শেয়ারবাজারকে সহায়তা করছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অক্টোবরে ভারতের কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে প্রায় ৪৮০ কোটি ডলার সংগ্রহ করেছে। এর মধ্যে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মস ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মতো বড় প্রতিষ্ঠানের আইপিও রয়েছে।

প্রণব হালদিয়ার ধারণা, শেয়ারবাজারের ইতিবাচক ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক মাসে আরো কয়েকটি কোম্পানি আইপিও ছাড়তে পারে। কারণ, বাজারের পরিস্থিতি ভালো থাকলে কোম্পানির উদ্যোক্তারা সাধারণত শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহী হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে ডেমোক্র্যাটরা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো রোববার জানিয়েছে, উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিনিধি ভার্জিনিয়া ফক্সকে হারিয়ে ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ডের জয় দলের এই সাফল্যের কারণ।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনে ব্যাপক জয়ের মাধ্যমে কংগ্রেসের উভয় কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে এসেছে। রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনে একের পর এক অপ্রত্যাশিত পরাজয়ের সম্মুখীন হয়েছেন। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের প্রতি মার্কিন ভোটারদের তীব্র অসন্তোষের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সিবিএস নিউজ ও এনবিসি নিউজ রোববার চাক হাবার্ডের বিজয়ের পূর্বাভাস দেয়। তার জয়ের ফলে ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা বেড়ে ২৫৮-এ দাঁড়িয়েছে।

১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসন পেয়েছিল। এরপর এই প্রথম কোনো দল মার্কিন প্রতিনিধি পরিষদে এত বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।

ডেমোক্র্যাটদের এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রতিনিধি পরিষদে দলটির নেতা হাকিম জেফরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, ‘এই শতাব্দীতে কংগ্রেসে কোনো দলের অর্জন করা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটরা। দারুণ!’

এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে পুনর্গণনার আবেদন করেছিলেন ভার্জিনিয়া ফক্স। পুনর্গণনার প্রক্রিয়া শেষ হওয়ার পর রোববারের ফলাফলে হাবার্ডের জয় নিশ্চিত হয়।

হাবার্ড জানান, তিনি ফক্সের সঙ্গে কথা বলেছেন। পুনর্গণনার ফলাফল পাওয়ার পর ফক্স উদারভাবে পরাজয় মেনে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাবার্ড বলেন, ‘কংগ্রেসে কয়েক দশকের সেবা এবং অসংখ্য ত্যাগের জন্য কংগ্রেসওম্যান ফক্সকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই।’

ডেমোক্র্যাটদের এই বিজয়ের ফলে ট্রাম্প প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার পাশাপাশি তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার সুযোগ পাবে দলটি।

ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের শেষ দুই বছরে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ সরকারের ওপর তাদের রাজনৈতিক প্রভাব বাড়াবে।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে মার্কিন জনগণের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে গভীর অসন্তোষের বিষয়টি উঠে এসেছে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ এতে আরও তীব্র হয়েছে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


চৌগাছায় জামাইয়ের হাতে শ্বশুর খুন

ছোট মেয়ের বিয়ের আয়োজন চলছিল বাড়িতে। আত্মীয়স্বজনদের দাওয়াতও করা হয়েছিল। বড় মেয়ের সংসারে বিয়ের আনন্দ ভাগাভাগির প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আনন্দের মুহূর্তটি বিষাদে পরিণত হলো। জামাই আনোয়ারের লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর মোতালেব হোসেন (৬০)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

চৌগাছা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোতালেব হোসেন উপজেলার ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এই উপলক্ষে বড় মেয়ের স্বামী আনোয়ার হোসেনকেও (৩৫) দাওয়াত দেওয়া হয়েছিল। আনোয়ারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বিয়ের খরচের জন্য কিছু টাকা দিতে মঙ্গলবার সকালে মেয়ের শ্বশুরবাড়ি নারায়ণপুর গ্রামে যান মোতালেব।

সেখানে গিয়ে তিনি দেখতে পান, জামাই আনোয়ার তার মেয়েকে মারধর করছেন। মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ারের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে শ্বশুর মোতালেবের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় মোতালেবের পরিবারের বিয়ের আনন্দ এখন শোকে পরিণত হয়েছে। যে বাড়িতে বিয়ের আয়োজন ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।"

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হতে কার্বন নিঃসরণ কমাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হতে কার্বন নিঃসরণ কমাচ্ছে

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে, আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম বাসস’কে জানিয়েছেন, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম।

জিজিআই-এর সিইও মোহাম্মদ নূরে আলম বাসস’কে জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি ডিজাইন, প্রকৌশল এবং যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায়, এ ধরনের বন্দরে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন একটি কারিগরি প্রক্রিয়া এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন-ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগের পদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদন, নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগ।

বাংলাদেশের বেশির ভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এসব কাজ পরিচালনার জন্য বন্দরের ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন রয়েছে। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি যানবাহন।

এসবের বেশির ভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়। এই প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮.৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুতে চলবে বন্দরের কার্যক্রম।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানকালে ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে। এতে বায়ুদূষণ কমবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি মন্তব্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকেই আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর পথ হলো বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই প্রকল্প চালুর পর দিনে সোলার বিদ্যুৎ ব্যবহার করলে একদিকে যেমন দেশের জাতীয় গ্রিডের ওপর বন্দরের বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে বাড়বে।

তিনি জানান, চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরের বিদ্যুতের চাহিদা দৈনিক ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দিনের বেলায় বন্দরের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আরও জানিয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগটি সহায়ক হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দর এলাকায় শেডগুলোর ছাদে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরুর মধ্য দিয়ে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে চট্টগ্রাম বন্দরকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানান- বন্দর সচিব।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

তবে চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে বলেও মত দেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%