০৪:৪৯ পি.এম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশের কাছে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ তিন যুবককে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
আটককৃতদের মধ্যে রয়েছেন- কাশিপুর গ্রামের বিল্লাল (২২), হারুন (২৭) ও রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, এই তিনজন পেশায় ভ্যানচালক।
ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। এরপর বিল্লাল তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে তার দুই বন্ধু হারুণ ও রুবেলকে ডেকে এনে তারা দলবদ্ধভাবে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তারা তরুণীকে ফেলে রেখে চলে যান।
ঘটনার পর রাতেই তরুণী থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে রোববার ভোরে অভিযুক্তদের আটক করে পুলিশ। সকালে তরুণীর অভিযোগের ভিত্তিতে রেকর্ডভুক্ত করা হয়।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন