০৩:৫২ পি.এম
শিশুদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও বাক্বিকাশ নিশ্চিত করার জন্য অভিভাবক, চিকিৎসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি উল্লেখ করেন যে, শিশুদের কথা বলতে বিলম্ব বা স্পিচ ডিলে সমস্যার পেছনে শারীরিক, স্নায়বিক, শ্রবণজনিত, গঠনগত ও বিকাশগত বিভিন্ন কারণ থাকতে পারে। এসব সমস্যার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সময়মতো সঠিক রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা শিশুর স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সাহিক চট্টগ্রাম অডিটোরিয়ামে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম শাখা এবং সাহিক চট্টগ্রাম সাব-সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পিচ ডিলে ইন চিলড্রেন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, শিশুদের জন্মকালীন জটিলতা ও মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিসহ বিভিন্ন কারণে বিকাশগত সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞদের পাশাপাশি সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রসবকালীন ব্যবস্থাপনায় আরো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অস্ত্রোপচার ও এক কোটি চশমা বিতরণের লক্ষ্য সরকারী
সাহিক-এর কার্যক্রমের প্রশংসা করে প্রশাসক বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিশু, স্ট্রোকসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা দিয়ে আসছে। এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ করা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু স্নায়ুরোগ ও বিকাশ বিশেষজ্ঞ ডা. আনজির আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ধালী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিপিএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী (আরজু)। সভাপতিত্ব করেন সাহিক চট্টগ্রাম সাব-সেন্টারের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবদুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিএ চট্টগ্রাম শাখার সদস্য ডা. বেলাল উদ্দিন।
সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের শিশু বিশেষজ্ঞ, চিকিৎসক, নাক-কান-গলা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক-রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর প্রত্যাহার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন