মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪২ এম
তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় ‘বিশ্ব জলবায়ু সম্মেলন’ কপ-৩১ শুরু হয়েছে, যেখানে পুরোনো প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।
বিশ্বের ১৯৮টি দেশের শতাধিক রাষ্ট্রপ্রধান এবং দেড় লাখের কাছাকাছি উপস্থিতির মধ্যে বৈশ্বিক তাপমাত্রা কমানোর ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ুর প্রতিশ্রুতির সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এদিকে, জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ–৩১’-এ অংশগ্রহণের জন্য তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হতে পারেন।
তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন যে, সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপপ্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন এবং বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।
এছাড়া, ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা হ্রাস, ক্ষতিপূরণ তহবিল চালুকরণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা হয়েছে। সম্মেলনে রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও পরিবেশগত টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করবেন।
আন্তালিয়া এক্সপো সিটির ব্লু জোন ও গ্রিন জোন সাজানো হয়েছে, যেখানে অংশগ্রহণকারী দেশের পতাকা উড়ছে। বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি এবং পরিবেশকর্মীরা ধরিত্রী রক্ষার আহ্বান জানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।
কূটনৈতিক ব্লু জোনে রাষ্ট্রগুলো সংলাপে বসেছে, এবং গ্রিন জোনে পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিঘাত, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করছেন। দুটি জোনেই খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও সংলাপ চলবে।
কপ-৩১-এর সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে জলবায়ু অর্থায়ন, বিদ্যুতায়ন এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
মুরাত কুরুমের কণ্ঠে আশ্বাস লক্ষ্য করা গেছে। তিনি বলেছেন, এবারের সম্মেলনকে আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কার্যকর ও বাস্তব রূপ দিতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জলবায়ু সংকটের দ্রুত বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "জলবায়ু সংকট কোনো ভৌগোলিক সীমানা চেনে না।" বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা চলছে, এবং তিনি চান তা বাস্তবায়িত হোক।
তিনি সংলাপ, ঐকমত্য এবং রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সম্মেলনের সভাপতি হিসেবে ১০টি অগ্রাধিকারমূলক ঘোষণা দেন তিনি।
ঘোষণাগুলো অন্তর্ভুক্ত করেছে- জিরো ওয়েস্ট, ক্লিন এনার্জি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল শহর নির্মাণ, ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ, সবুজ শিল্পায়ন, যুবসমাজ ও শিক্ষা, মহাসাগর ও সামুদ্রিক পরিবেশ রক্ষা, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন নীতিমালার টেকনিক্যাল কাঠামোর বাস্তবায়ন।
জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ তহবিল ছাড় এবং সবুজ প্রকৃতির কাঠামো হস্তান্তরের বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। খাদ্য ও কৃষিখাতে মিথেন গ্যাস কমিয়ে বৈশ্বিক নীতি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন, সবুজ জ্বালানি রূপান্তর বিষয়ে কূটনৈতিক জোনে আলোচনা হয়েছে।
গ্রিন জোনে খাদ্য অপচয়রোধ ও উদ্বৃত্ত বাড়ানো, জিরো ওয়েস্ট বাস্তবায়ন, বিমানে জৈব জ্বালানির ব্যবহারসহ নানা বিষয়ের একাধিক আলোচনা ও সংলাপ হয়েছে।
মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সম্মেলনে জিরো ওয়েস্টের প্রতিশ্রুতি ও জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হলেও বাস্তবতা ভিন্ন।
তারা উল্লেখ করেছেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কথা বলে ক্ষমতাধর রাষ্ট্রগুলো সামরিক শক্তি বাড়ানোর বাহাদুরি দেখাচ্ছে।
আন্তালিয়া এক্সপো সিটিতে ব্লু জোনে রাষ্ট্রপুঞ্জের রুদ্ধদ্বার বৈঠকে দেন-দরবার করার সময় পরিবেশ ও জীবনবিধ্বংসী হামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়ানোর প্রধান নিয়ামক।
শুধু হামলাই নয়, বিভিন্ন দেশ সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে।
এ কারণে কপ-৩১ সম্মেলনের নীতিগত নানা ঘোষণা সামনে এনে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাষ্ট্র, নাগরিক সমাজের প্রতিনিধি এবং মানবাধিকারকর্মীরা।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়া ও সমগ্র এশিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা তুলে ধরা হবে। একই সঙ্গে ভবিষ্যতে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের কী ধরনের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন—বিশেষ করে ঋণের ফাঁদ ছাড়া সরাসরি অনুদানভিত্তিক জলবায়ু তহবিলের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হবে।
বৈশ্বিক কার্বন নির্গমনের সিংহভাগের জন্য দায়ী দেশগুলোকে জলবায়ু আলোচনায় অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে বলেও ঢাকা জোর দাবি জানাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ