০৫:২৪ এম
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রলারটি সাগরপথে ভেসে আসার পর উদ্ধার অভিযান শুরু হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্রলারটি ভিড়লে স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কক্সবাজার সদর, উখিয়া ও লক্ষ্মীপুরের বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে রোহিঙ্গারাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: জ্যোতিকা জ্যোতির পরে এবার আটক বাংলাদেশের টেলিভিশন অভিনেতা তমাল মাহবুব
লক্ষ্মীপুরের বাসিন্দা মোখতার হোসেন জানান, তিনি এক দালালের সঙ্গে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকায় চুক্তি করেছিলেন। চারদিন আগে ট্রলারে করে তাঁদের যাত্রা শুরু হয়। ট্রলার ছাড়ার পর থেকেই দালালরা তাঁদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে, টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে উখিয়ার রত্নাপালং এলাকার সাইফুল ইসলামের ১৮ বছর বয়সী ছেলে তানজিদ ইকবাল ইমনও রয়েছেন। তাঁর বাবা জানান, গত বুধবার (১৮ নভেম্বর) থেকে ইমন নিখোঁজ ছিল। তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পাচারকারীদের একটি কল আসে তাঁর মোবাইল ফোনে, যেখানে ছেলেকে মুক্তি দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ট্রলারটি তীরে পৌঁছালে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে মানবপাচারের সঙ্গে জড়িত কেউ আছে কিনা, তা জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন