০৯:৫০ এম
হাইতির সাবেক প্রেসিডেন্ট জোভেনেল মইসের স্ত্রী মার্টিন মইস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। দেশটিতে ১০ বছর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দেশটির নির্বাচন কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।
২০২১ সালে জোভেনেল মইসের হত্যার পর হাইতির রাজনৈতিক দৃশ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েকটি সরকার ক্ষমতায় এলেও নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে পারেনি। শক্তিশালী ও ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্রের কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপত্তার উদ্বেগের কারণে বারবার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী বছরের জুলাই মাসে নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রার্থী হিসেবে নিবন্ধনের বিষয়ে মার্টিন মইস এখনও কোনো মন্তব্য করেননি। তবে গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেছেন, ‘হাইতি আবার নিজের পায়ে দাঁড়াবে। কারণ, রাজনীতি করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।’
আরও পড়ুন: ইরানের প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান
নির্বাচনে অংশ নিতে মোট ৩৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন, যার মধ্যে তিনজন নারী। মার্টিন মইস তাদের একজন। প্রার্থীদের তালিকায় আরো রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মিশেল মার্তেলি, জোসেলেরম প্রিভার্ট, সাবেক প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক দুপুই।
মার্তেলি ও প্রিভার্টসহ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে সশস্ত্র অপরাধী চক্রকে সহায়তা করার অভিযোগ রয়েছে। এই কারণে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে তারা উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, জোভেনেল মইসের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের মিয়ামির আদালতে চলমান মামলায় মার্টিন মইস গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচিত। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজন বিচারাধীন রয়েছে।
জোভেনেল মইস ২০১৭ সালে হাইতির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২১ সালের জুলাইয়ে তাকে হত্যা করা হয়। কলম্বিয়ার একটি দল ভাড়াটে যোদ্ধা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা পরিচয়ে তার শোবার ঘরে প্রবেশ করে গুলি চালায়, যার ফলে তিনি নিহত হন। এ সময় তার স্ত্রী মার্টিন মইসও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরে তাকে বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে নেওয়া হয়।
জোভেনেল মইসের মৃত্যুর পর হাইতিতে একের পর এক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। এই সময় সশস্ত্র অপরাধী চক্রের কার্যক্রম আরও বৃদ্ধি পায়। দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের সহায়তায় এসব চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় অংশসহ আশপাশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: সৌদিতে নাবালক অবস্থায় গ্রেপ্তার শিয়া যুবকের মৃত্যুদণ্ড কার্যকর
২০২২ সাল থেকে এখন পর্যন্ত হাইতিতে প্রায় ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই সময় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে হাইতির পুলিশকে সহায়তা করতে বিভিন্ন দেশের বাহিনী মোতায়েন করা হয়েছে। সর্বশেষ এল সালভাদর থেকেও সেনাসদস্য পাঠানো হয়েছে।
তবে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন রাজনীতিক। সাবেক প্রেসিডেন্ট জ্যঁ-বার্ত্রাঁ আরিস্তিদের নেতৃত্বাধীন প্রভাবশালী রাজনৈতিক দল ফানমি লাভালাস শুক্রবার জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এতটাই অনিশ্চিত যে তারা নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। ২০০৪ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আরিস্তিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন