প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হেগের আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজের দিকে নজর দিচ্ছে পুরো বিশ্ব। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের পরিচালিত গণহত্যা মামলার রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর। এই রায়টি মিয়ানমারসহ পুরো অঞ্চলে এবং এমনকি দূরের ইসরায়েলেও আইনি ও রাজনৈতিক প্রভাব ফেলবে।
যদি আদালত মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে, তবে দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং সরাসরি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। কারণ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের সময় তিনি সশস্ত্র বাহিনী তাতামাদোর প্রধান ছিলেন। চার বছর পর একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে তিনি মিয়ানমারকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেন। এমন একটি রায় থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, ভারত ও চীনের জন্য একটি বড় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। কারণ, ২০২১ সালের অভ্যুত্থানের পর উচ্চ পর্যায়ের আসিয়ান সভায় মিয়ানমারের অংশগ্রহণে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দেশগুলো মিয়ানমারকে আঞ্চলিক কূটনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছে।
আইসিজে হচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা, যা রাষ্ট্রগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তির জন্য নিয়োজিত। এটি আন্তর্জাতিক আইন সম্পর্কে মতামত প্রদান করে এবং রাষ্ট্রকে দায়বদ্ধ করতে পারে, তবে রায় কার্যকর করার ক্ষমতা আইসিজের নেই।
তবে, আইসিজের কর্তৃত্ব এবং ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনকে, যেখানে কোনো দলকে ‘পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, মিয়ানমার ও তার সেনাবাহিনী স্বীকৃতি দেয়। গত জানুয়ারিতে আদালতের শুনানির সময় দেশটি নিজেদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে। মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী সর্বনিম্ন ১০ হাজার মৃত্যুর পরিসংখ্যানকে সঠিক হিসেবে ধরে নিলেও একে গণহত্যা বলা যায় না। কারণ, এটি মিয়ানমারে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার তুলনায় কোনো ‘উল্লেখযোগ্য অংশ’ নয়।
বিচারকরা শুনানিতে ভয়াবহ সব প্রমাণ দেখেছেন। বিশেষত কীভাবে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ফেসবুককে প্রোপাগান্ডা টুল হিসেবে ব্যবহার করেছে, সে বিষয়ে। রোহিঙ্গাদের ‘নিশ্চিহ্ন’ করার উদ্দেশ্যে ‘মুসলিম কুকুর’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং ‘ইসলামকে বৌদ্ধ ধর্মের পবিত্রতার হুমকি’ হিসেবে চিত্রিত করা হয়েছিল।
এই রায়ে গণহত্যার সংজ্ঞা-সংক্রান্ত আইনি বিতর্কগুলো ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা-সংক্রান্ত মামলার ক্ষেত্রেও আইনি পূর্বশর্ত তৈরি করতে পারে। দক্ষিণ আফ্রিকার উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে প্রমাণাদি উপস্থাপন করা হয় এবং লিখিত শুনানি সম্পন্ন হওয়ার পর সম্ভবত ২০২৯ সালে রায় হতে পারে।
রোহিঙ্গা জনগণের ন্যায়বিচার এবং ২০১৬-১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন, গণহত্যা, নির্যাতন, ধর্ষণ এবং মিয়ানমার সেনাবাহিনীর গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল এক ট্র্যাজেডি। জীবন বাঁচাতে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার দৃশ্য বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি সে সময় নজিরবিহীন জনরোষ তৈরি করেছিল এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষে গাম্বিয়া এই ঐতিহাসিক গণহত্যা মামলা দায়ের করে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ কাউন্সেল মারিয়া এলেনা ভিনোলি মন্তব্য করেন, ‘আইসিজের মিয়ানমার সম্পর্কিত এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করবে।’
তিনি আরও বলেন, ‘এই রায়টি এটাও দেখাবে যে, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনও চলছে এবং অধিকার-সচেতন দেশগুলোর উচিত তাদের সহায়তা করা এবং নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে দৃঢ়ভাবে এগিয়ে আসা।’
২০১৭ সালে বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢলের আগে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাস করত, যাদের প্রায় সবাই ছিল মুসলমান। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে বাস করছে। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে তাদের প্রত্যাবাসন প্রচেষ্টা থমকে গেছে, যে গৃহযুদ্ধে ইতোমধ্যে এক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং যার বড় অংশ সংঘটিত হয়েছে রাখাইন রাজ্যেই।
লিউক হান্ট: দ্য ডিপ্লোম্যাটের দক্ষিণ এশীয় সংবাদদাতা; ইউসিএ নিউজ থেকে সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন