শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৪ পি.এম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় একটি মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের ফলে ৩০ জনের বেশি আহত হয়েছেন।
দেশটির উদ্ধার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা বিলাল ফায়জি জানিয়েছেন, শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী কোহাটের একটি মসজিদে এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই নামাজ আদায় করতে আসা মুসল্লি।
হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তাদের বরাতে সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস জানায়, আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ বলেন, বিস্ফোরণের পর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। বিপুলসংখ্যক আহতের চিকিৎসার জন্য সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের দোকান ও বাড়িঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদে ঢুকিয়ে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।
এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে মসজিদের ছাদ ধসে পড়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে অ্যাম্বুলেন্সে তুলছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ২৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছুটির বিধি লঙ্ঘন করে টাঙ্গাইলের মধুপুরে গিয়ে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছেন—এমন অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে ১৪ জন প্রধান শিক্ষক ও ৯ জন সহকারী শিক্ষক।
গত ১৬ আগস্ট মধুপুর উপজেলা শিক্ষা কার্যালয়ে একসঙ্গে ওই শিক্ষকদের উপস্থিত থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে তাঁদের সবাই যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শিক্ষা অফিস ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বধলার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল হক বদলি হয়ে টাঙ্গাইলের মধুপুরে যাওয়ার পর তাঁকে অভিনন্দন জানাতে ওই শিক্ষকেরা সেখানে যান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৩ শিক্ষকের মধ্যে ১০ জন নৈমিত্তিক ছুটি (সিএল) নিয়েছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ১৩ জনের ছুটির বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে প্রশ্ন
ঘটনাটি খতিয়ে দেখতে গিয়ে কয়েকটি বিদ্যালয়ের হাজিরা খাতায় অসংগতির তথ্য পাওয়া গেছে। ১৪ জন প্রধান শিক্ষকের মধ্যে অন্তত ৭ জনের হাজিরা খাতায় সংশ্লিষ্ট দিনের নিয়মিত উপস্থিতির স্বাক্ষর রয়েছে।
খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকন উদ্দিনের হাজিরা খাতায় একটি স্বাক্ষরের ঘর হোয়াইট ফ্লুইড দিয়ে মুছে সেখানে লাল কালিতে ‘সিএল’ লেখা দেখা গেছে।
এ বিষয়ে তাঁর কাছে টাঙ্গাইল যাওয়ার কারণ ও ছুটির নিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনুমতি নেওয়া হয়েছে কি না, তা কর্তৃপক্ষ জানে। আপনাকে কেন বলব?”
এ ছাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব হোসেন, কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারী বেগম, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সরকার, মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম খান, হ্যাপি বেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব খান, গোপীনাথকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্তর্ষি চন্দ্র এবং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন সরকারের হাজিরা খাতায়ও উপস্থিতির স্বাক্ষর থাকার তথ্য পাওয়া গেছে।
তাঁদের ভাষ্য, তাঁরা সিএল না নিলেও যথাযথ কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন।
‘অন্য জেলায় যেতে হলে আবেদনে উল্লেখ করতে হবে’
তবে শিক্ষকদের এ বক্তব্যের সঙ্গে একমত নন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান। তিনি বলেন, কতজন শিক্ষক নৈমিত্তিক ছুটি নিয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে নৈমিত্তিক ছুটি নিয়ে অন্য জেলায় যাওয়ার কোনো বিধান নেই।
ফজলুর রহমানের ভাষ্য, বিশেষ কোনো প্রয়োজনে অন্য জেলায় যেতে হলে ছুটির আবেদনের সময়ই বিষয়টি উল্লেখ করতে হয়।
আগে জানতেন না মফিদুল হক
শিক্ষকেরা যে কর্মকর্তাকে অভিনন্দন জানাতে মধুপুরে গিয়েছিলেন, সেই সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিদুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষকেরা হঠাৎ তাঁর কার্যালয়ে এসেছিলেন। তাঁদের আসার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তাঁরা কার্যালয়ে পৌঁছানোর পর তিনি বিষয়টি জানতে পারেন।
তদন্তের কথা বলছে প্রশাসন
বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ করেন। পরে তিনি বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মস্থল ত্যাগ, ছুটি নেওয়া এবং হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর ক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কি না—এ প্রশ্নের নিরপেক্ষ উত্তর পেতে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রশাসনিক তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জামায়াত রংপুর দখল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও শহিদ হওয়ার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের পূর্বে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ জামায়াতীকরণ করা হয়েছে এমনভাবে, যাতে বিএনপি ভোট দিলেও জামায়াতের প্রার্থীকে পাস দেখানো হবে। তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় যে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। জামায়াতের আমির সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন, বুকে পাথর চাপা দিয়ে।
রাশেদ খান আরও জানান, বিএনপি’র সাংগঠনিক অবস্থান রংপুরে অত্যন্ত ভালো। তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপির সাংগঠনিক অবস্থা ও প্রার্থী এবং দলের জনপ্রিয়তা রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থী পরাজিত হবে, এটা কি অবিশ্বাস্য নয়! এমন মন্তব্য করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : সফরকারী শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড, এক ম্যাচ হাতে রেখেই। গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংলিশরা ৬ উইকেটে শ্রীলংকাকে পরাজিত করে। প্রথম টি-টোয়েন্টিতে ১১৯ রানে জয়লাভ করেছিল হ্যারি ব্রুকের দল।
কার্ডিফে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলংকা ৩৩ বলে ৫৬ রানের সূচনা করে। ষষ্ঠ ওভারে ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন শ্রীলংকার উদ্বোধনী জুটি ভেঙে জোড়া উইকেট তুলে নেন। ওপেনার লাহিরু উদারাকে ২১ রানে এবং কামিল মিশারাকে শূন্য রানে আউট করেন ডসন।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনে শ্রীলংকা ৯৫ রানে পঞ্চম ব্যাটারকে হারায়। এসময় আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ২১ বলে ৩৭, কামিন্দু মেন্ডিস ১২ এবং দাসুন শানাকা ৪ রানে আউট হন।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক চারিথ আসালঙ্কা ও হাসারাঙ্গা ডি সিলভার ৩৪ বলে ৪৪ রানের জুটিতে ২০ ওভারে শ্রীলংকা ৯ উইকেটে ১৪৫ রানের পুঁজি গড়ে। আসালঙ্কা ৩১ ও হাসারাঙ্গা ২৭ রান করেন।
ইংল্যান্ডের ডসন ৩টি উইকেট নেন, এছাড়া জোফরা আর্চার ও জেমি ওভারটন ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে ইংল্যান্ড ২৮ বলে ৫১ রানের সূচনা পায়। তবে দলীয় ৭৯ রানের মধ্যে তারা দুই ওপেনারসহ ৩ উইকেট হারায়। জশ বাটলার ১৬ বলে ৩০, আনাইরিন ডোনাল্ড ১৩ বলে ২১ এবং তিন নম্বরে নামা অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে ২৩ রানে আউট হন।
চতুর্থ উইকেটে ২৪ বলে ৫৭ রানের জুটিতে ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যান টম ব্যান্টন ও জর্ডান কক্স। ব্যক্তিগত ১২ রানে কক্স আউট হলে উইল জ্যাকসকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন ব্যান্টন। ২ চার ও ৪ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন ব্যান্টন। জ্যাকস ৩ রান করেন। শ্রীলংকার চার বোলার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ডসন।
আগামীকাল ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মালিবাগ এলাকায় দুর্বৃত্তদের দ্বারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এই বিস্ফোরণের ফলে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে একটি থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
এছাড়া, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চলন্ত মোটরসাইকেল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির গেটের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ