ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস এবং গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার অধিকাংশ সময় সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি, থানা পুলিশের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

আরও পড়ুন: কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং

সভা সূত্রে জানা যায়, বিজিবি প্রতিনিধির কাছে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, সীমান্তের পরিস্থিতি ভালো এবং চোরাচালান অনেকটাই কমেছে। ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল হালিম এই তথ্য দেন।

এরপর ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা চোরাচালান বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।

সভায় উল্লেখ করা হয়, প্রতিদিন বকশীগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান হচ্ছে। বিশেষ করে বৈষ্ণব পাড়া ও দিগলা কোনা দিয়ে প্রতি রাতে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এছাড়া ভারতীয় কসমেটিকস ও গরু নিয়মিতভাবে নামানো হচ্ছে।

ভারতীয় গরু পাচারের পর কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে অবৈধ গরুকে বৈধ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি

স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় বলেন, সীমান্ত থেকে গরু উদ্ধার হলেও একটি চক্র দ্রুত কাগজ তৈরি করে তা বৈধ করার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।

একজন স্থানীয় সাংবাদিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং তাদের শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়, যাতে সীমান্ত এলাকায় ভুট্টা চাষ নিরুৎসাহিত করা যায়।

সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়ায় ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং সাতানীপাড়া বিজিবি কর্তৃক ১ হাজার ৮৫ বোতল উদ্ধারের বিষয়টি নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: শিশুশ্রম বন্ধে সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন মাহ্দী আমিন

মাদক, গরু এবং কসমেটিকস চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে। একইসাথে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির জন্য সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে, শিক্ষা বিস্তার ও উন্নয়নে ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এ শর্ত শিথিল করতে পারবে।

গভর্নিং বডির সভাপতি মনোনয়নের প্রক্রিয়ায়, প্রতিষ্ঠানপ্রধানকে তিনজন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠানোর প্রস্তাব দিতে হবে। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠাতে হবে। প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।

সভাপতি হিসেবে প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্তর্ভুক্ত হতে পারবেন।

অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের বিধান রাখা হয়েছে। তাদের মধ্য থেকে অথবা পরিপত্রে উল্লেখিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে। তবে নির্বাচিত ব্যক্তিকে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করতে হবে। তাদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকবেন। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক এ মনোনয়ন দেবেন।

ঢাকা শিক্ষা বোর্ডসহ দেশের নয়টি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে ২০২৪ সালের প্রবিধানমালার ৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী অনুসরণের কথাও উল্লেখ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামের এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামের এক যুবক, যিনি চীনের নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের ফলস্বরূপ, রোববার (২২ নভেম্বর) ঢাকায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ওই চীনা যুবক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছেন।

কুশবু বেগম ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়া এবং হেনা আক্তারের কন্যা। তার স্বামী জাংলং, চীনের আনহুই প্রদেশের চিন আন হুই সুসং কাউন্টির পুলিয়াং টাউনের ফ্রহিং ঝেন ক্সিং কমিউনিটির বাসিন্দা ঝং ইউং গেল এবং হি ইউ ইয়িংয়ের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে পরিচয়ের পর কুশবু বেগম ও জাংলংয়ের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২২ নভেম্বর ঢাকায় এসে এফিডেভিটের মাধ্যমে কুশবু বেগমকে বিয়ে করেন জাংলং।

দুই ভিন্ন দেশের নাগরিকের এই বিয়ের খবর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বিয়ের অনুষ্ঠানটি গত রোববার ঢাকায় সম্পন্ন হলেও সোমবার রাতে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়। মঙ্গলবার, স্ত্রী কুশবু বেগমকে সঙ্গে নিয়ে চীনা যুবক জাংলং তার শ্বশুরবাড়িতে যান।

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, "বৌলাম গ্রামের মৃত হালিশ মিয়ার মেয়ের সঙ্গে এক চীনা নাগরিকের বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ দেশে ফেরাতে পরিবারের আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার,কালকিনি, মাদারীপুর

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


সৌদি আরবে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ দেশে ফেরাতে পরিবারের আকুতি

পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের কালকিনির জুলহাস মাল (৪০)। স্বপ্ন ছিল অভাব ঘুচিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়াবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। এখন স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় চার লাখ টাকা। তবে দরিদ্র ও অসহায় পরিবারটির পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। ছোট্ট দুই মেয়ের বাবাকে শেষবারের মতো দেখার আকুতি আর স্বামীর মরদেহ দ্রুত ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।

নিহত জুলহাস মাল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইচাগুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম খালেক মাল। পরিবার সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় সৌদি আরবে অবস্থান করছিলেন জুলহাস। গত ২১ নভেম্বর স্ট্রোকজনিত কারণে রিয়াদের রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জুলহাসের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাঁচ ভাইয়ের মধ্যে মেঝো ছিলেন তিনি। অন্য চার ভাই কৃষিকাজ করে কোনোমতে নিজেদের সংসার চালান। বৃদ্ধ বাবা অসুস্থ এবং মা শারীরিক প্রতিবন্ধী—লাঠিতে ভর দিয়ে তাঁকে চলাফেরা করতে হয়।

সংসারে জুলহাস রেখে গেছেন স্ত্রী এবং পাঁচ বছর ও সাড়ে তিন বছর বয়সী দুটি অবুঝ মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। যে দুটি শিশু বাবার হাত ধরে হাঁটার কথা, তারা এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা আর কখনো ফিরে আসবেন না।

স্বজনদের ভাষ্য, একদিকে স্বামী ও সন্তান হারানোর শোক, অন্যদিকে সংসারের ঋণের বোঝা—সব মিলিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারটি। সৌদি আরব থেকে জুলহাসের মরদেহ দেশে আনতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা, যা জোগাড় করার সামর্থ্য নেই অসহায় পরিবারটির।

এ বিষয়ে শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন বলেন, নিহত প্রবাসী জুলহাস মালের মরদেহ সরকারের পক্ষ থেকে দ্রুত তার পরিবারের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করা হোক।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ বলেন, প্রবাসী জুলহাস মালের লাশ দেশে আনতে যত প্রকার সহযোগিতা করার দরকার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা করা হবে।

জুলহাসের ছোট্ট দুই মেয়ের কাছে বাবার স্নেহ আর ভালোবাসা আর কখনো ফিরে আসবে না। তবে অন্তত বাবার নিথর দেহটি যেন শেষবারের মতো দেখতে পারে তারা—এটাই এখন পরিবারের একমাত্র চাওয়া। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


নকলায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, আব্দুল করিম সরকার হেলথ সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ)-এর নির্বাহী পরিচালক লূৎফর রহমান, নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাম হোসেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসবিসি)-এর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও আশা’র শাখা ব্যবস্থাপক আমজাদ হোসেন, প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক নাজমুস সাকিব, পিএসটিসি (এসএমসি) প্রতিনিধি সাইফুল ইসলাম, আসপাডা’র শাখা ব্যবস্থাপক তৌফিকুল হক মীর, বুরো বাংলাদেশের শাখা ব্যবস্থাপক কমল দাস, উদ্দীপনের শাখা ব্যবস্থাপক মো. সম্রাট মিয়া, আরডিএস’র চন্দ্রকোনা শাখার ব্যবস্থাপক মো. আবু জাকারিয়া, হিউম্যান এইড এন্ড চ্যারিটি’র ও হিউম্যান এ্যাপিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র জেলা সমন্বয়ক আব্দুল আওয়াল ও মাটির প্রকল্প সমন্বয়কারী ঊর্মি রানী দাস এবং ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থা, সেকেন্ডারী ইয়ং টিচার্স এ্যাসোসিয়েশন, সেকেন্ডারী ইয়ং টিচার্স এ্যাসোসিয়েশন ও ইসলামী মানব উন্নয়ন সংস্থা (ইমাউস)-এর প্রতিনিধিগনসহ সরকার কর্তৃক নিবন্ধিত উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি, সংস্থা ও বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগ এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%