প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস এবং গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার অধিকাংশ সময় সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি, থানা পুলিশের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
সভা সূত্রে জানা যায়, বিজিবি প্রতিনিধির কাছে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, সীমান্তের পরিস্থিতি ভালো এবং চোরাচালান অনেকটাই কমেছে। ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল হালিম এই তথ্য দেন।
এরপর ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা চোরাচালান বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন।
সভায় উল্লেখ করা হয়, প্রতিদিন বকশীগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান হচ্ছে। বিশেষ করে বৈষ্ণব পাড়া ও দিগলা কোনা দিয়ে প্রতি রাতে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এছাড়া ভারতীয় কসমেটিকস ও গরু নিয়মিতভাবে নামানো হচ্ছে।
ভারতীয় গরু পাচারের পর কর্ণঝোড়া বাজারের ইজারাদারের রসিদ ব্যবহার করে অবৈধ গরুকে বৈধ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভায় বলেন, সীমান্ত থেকে গরু উদ্ধার হলেও একটি চক্র দ্রুত কাগজ তৈরি করে তা বৈধ করার চেষ্টা করে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়।
একজন স্থানীয় সাংবাদিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এবং তাদের শেল্টারদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
সভায় সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য বলা হয়, যাতে সীমান্ত এলাকায় ভুট্টা চাষ নিরুৎসাহিত করা যায়।
সম্প্রতি বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণব পাড়ায় ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং সাতানীপাড়া বিজিবি কর্তৃক ১ হাজার ৮৫ বোতল উদ্ধারের বিষয়টি নিয়েও আলোচনা হয়।
মাদক, গরু এবং কসমেটিকস চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন