বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৫৭ পি.এম
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান চলাকালীন হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার তিন ঘণ্টা পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যাওয়ার আগে অনুষ্ঠানটি শুরু হয়। বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ তার লোকজন নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়।
যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যান। সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের মধ্যে জামাল প্রধানসহ ৬ জনের নাম জানা গেছে। তারা হলেন— সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তারা সবাই বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আবু জাহেরকে অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এই ঘটনাটি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
অন্যদিকে রাতে ফেসবুকে প্রকাশিত বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জনসভায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংসদ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের সামনে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে সংগঠনবিরোধী কার্যক্রম করেছেন এমদাদ হোসেন আখন্দ। এ কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়, তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন বলেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে এমদাদ হোসেন আখন্দকে মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই তিতাস উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুম আখন্দ বলেন, মঞ্চে এমপি সাহেব আসার পর আমরা যখন জনসভায় অংশ নিতে প্রবেশ করি, তখনই জামাল প্রধানের লোকজন আমাদের বাধা দেয় এবং মারধর শুরু করলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আবু জাহের অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে ও বাজারে দোকানপাটে হামলা ও ভাঙচুর চালায়। এ হামলা ও আমার ভাইকে বহিষ্কারের মাধ্যমেই প্রমাণ হয় পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।
পাল্টা অভিযোগ করে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জামাল প্রধান বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি ও এমদাদ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছি। কিছুদিন আগে এমদাদ চেয়ারম্যান এমপি সাহেবকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন, কিন্তু সেখানে তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই সাইমুম এমপি এবং নেতাদের সামনে আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এতে আমিসহ আমাদের ৭ জন আহত হয়েছি।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, বৃহস্পতিবার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে একটি জনসভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে এবং তিতাস উপজেলা বিএনপির নেতাকর্মীদের সামনে এমদাদ চেয়ারম্যান যে ঘটনা ঘটিয়েছেন, তা খুবই দুঃখজনক। তাই দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে এমদাদ চেয়ারম্যানকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। জুলাই মাসে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং সংশ্লিষ্টদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এমনকি একজন সংসদ সদস্যের (সংরক্ষিত নারী আসন) বাড়িতেও আগুন লাগানো হয়েছে। আজ একজন আক্রান্ত হচ্ছেন, কাল আরেকজনের ওপর হামলা হবে। এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে তিনি নিজের ফেসবুক পোস্টে এসব বিষয় তুলে ধরেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড এবং নাশকতার ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকার একদিন নিজেই এই নিরাপত্তাহীনতার ফাঁদে পড়বে।
তিনি আরও লেখেন, সরকারের মনে রাখা উচিত, অতীতে তারা ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিচারহীনতার শিকার হয়ে তারা নিজেদের অবস্থান বুঝতে পেরেছিল। আজ ক্ষমতায় এসে যদি অতীতের অপরাধের বিচার নিশ্চিত না করে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটেন, তাহলে এর পরিণতি দেশের জন্য সুখকর হবে না।
পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা ও বিদেশি মদদের অভিযোগের যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। ক্ষমতার সমীকরণে অপরাধীদের পুনর্বাসন করা হলে দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও সংকটাপন্ন হয়ে পড়বে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার তীব্র নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, হামলাকারী এবং এর পেছনে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন প্রদান করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেনও উপস্থিত ছিলেন। গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া, অবজারভেশন বোর্ডের প্রধান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর উপস্থিত ছিলেন।
কর্মশালায় ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালিত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। ১৫ জন গবেষক তাদের গবেষণার বিষয়বস্তু, গবেষণা পদ্ধতি, প্রাপ্ত ফলাফল ও সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরেন। গবেষণার মান ও ফলাফল পর্যালোচনার জন্য অবজারভেশন বোর্ডের সদস্যদের সামনে গবেষণার বিভিন্ন দিক উপস্থাপনের সুযোগও তারা পান।
গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান মন্তব্য করেন, "আমরা গত অর্থবছরে গবেষণায় যে অর্থায়ন করেছিলাম সেটারই মূল্যায়ন ছিল।" তিনি জানান, গবেষণার মান যাচাই করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক জিএইচএম সাগর সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক তাইয়েবা তাবাসসুম বলেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।" তিনি উল্লেখ করেন, গবেষণা খাতে উপাচার্য আগের চেয়ে অনেক বেশি বরাদ্দ দিচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গবেষণা খাতে যে অর্থায়ন করা হয়, তার অংশ হিসেবে তিনি তরুণদের মাদকাসক্তির সাথে অপরাধের প্রবণতা নিয়ে গবেষণা করেছেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, গবেষণার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব সরকারের আমন্ত্রণে ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত ৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় ১৩৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এতে তারা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন।
১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্র্যাকে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি করা, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।
প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের ব্যবস্থা ছিল। ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগও রাখা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং হজ ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল। পরে পাওয়ার কারে থাকা দুটি প্যাকেট খুলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা কক্সবাজার আইকনিক রেলস্টেশনে ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার মো. জয়নাল আবেদীন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল। এ সময় পাওয়ার কারের দায়িত্বে থাকা অপারেটর ওয়াকিটকির মাধ্যমে সেখানে বোমাসদৃশ কিছু থাকার সন্দেহের কথা জানান। খবর পেয়ে তিনি ও গার্ড দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জিআরপি থানার ওসি ও এসআই রফিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে এসে পৌঁছান।
জয়নাল আবেদীন বলেন, সন্দেহজনক বস্তু পাওয়ার খবর পেয়ে তিনি সিগন্যাল বাতিল করেন। পরে জিআরপি পুলিশের এসআই রফিক প্যাকেট দুটি উদ্ধার করে নিয়ে যান। প্রাথমিকভাবে বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পরবর্তী সময়ে পরীক্ষা করে সেগুলোর ভেতরে ইয়াবা পাওয়া যায়।
স্টেশনমাস্টার আরও জানান, কক্সবাজারে কর্মরত এনএসআই কর্মকর্তা নুর হোসেনের উপস্থিতিতে প্যাকেটগুলো খোলা হয় এবং ভিডিও ধারণ করা হয়। মোট ৪০টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১৭০ থেকে ১৮০ পিস করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ইয়াবার সংখ্যা প্রায় ৬ হাজার ৭০০ পিস বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ট্রেন ছাড়তে প্রায় পাঁচ মিনিট বিলম্ব হয় বলে জানান জয়নাল আবেদীন।
অন্যদিকে, জিআরপি পরিদর্শক মুস্তাফিজুর রহমান বলেন, পাওয়ার কারের টয়লেটের নিচে ওজুখানার পাশে একটি চেয়ারের নিচে পলিথিনে মোড়ানো দুটি লম্বা প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভেতরে ৪০টি প্যাকেটে ইয়াবা ছিল। সব মিলিয়ে আনুমানিক ৬ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
প্যাকেটগুলো কীভাবে সেখানে পৌঁছেছে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, তার প্রাথমিক ধারণা, ট্রেনটি ওয়াশপিটে থাকা অবস্থায় প্যাকেটগুলো সেখানে রাখা হয়ে থাকতে পারে। কারণ ওয়াশপিট থেকে ট্রেন স্টেশনে আসার পরপরই যাত্রীরা ওঠা শুরু করেন। তখন এ ধরনের প্যাকেট লুকিয়ে রাখার সুযোগ সীমিত।
তবে এ ঘটনায় ট্রেনের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখতে ট্রেনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্যাকেটগুলো কারা, কখন এবং কীভাবে সেখানে রেখেছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন এই জিআরপি কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ